৩৩৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সৈয়দ সদরুজ্জামান, বীর প্রতীকবীর যোদ্ধা সফল যোদ্ধাদিনের বেলায় মুক্তিযোদ্ধাদের একটি দল ভারত থেকে এসে অবস্থান নিল বাংলাদেশের ভূখণ্ডে। তাঁদের নেতৃত্বে সৈয়দ সদরুজ্জামান। অদূরে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান। সেই অবস্থানকে ঘিরে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধাদের আরও কয়েকটি দল। সময় গড়াতে থাকল। রাতে সৈয়দ সদরুজ্জামানের দলের অবস্থানের দিকে এগিয়ে এল এক দল পাকিস্তানি সেনা। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। চলল প্রায় ১০ মিনিট। এ ঘটনা উঠানিপাড়ায়। ১৯৭১ সালের ৯ আগস্ট।উঠানিপাড়া জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার উত্তর প্রান্তে। ধানুয়া ইউনিয়নের অন্তর্গত। সেদিন সৈয়দ সদরুজ্জামানের নেতৃত্বে এক দল মুক্তিযোদ্ধা সেখানে পাকিস্তান সেনাবাহিনীর জন্য অ্যামবুশ (ফাঁদ) করে। এই যুদ্ধের ঘটনা শোনা যাক তাঁর বয়ানে। ‘...বিএসএফের ক্যাপ্টেন ন্যাগি আমাকে বলল, কামালপুর ক্যাম্পে পাকিস্তানি কম আছে। আজ সেখানে আক্রমণ করা হবে। আমাকে বলা হলো, বকশীগঞ্জের দিকে যেতে। সেদিক হয়ে যেন কোনো পাকিস্তানি না আসতে পারে। আমরা ৩৭ জন মুক্তিযোদ্ধা উঠানিপাড়ায় অ্যামবুশ করি।‘আমাদের বলা হয়েছিল, সন্ধ্যার মধ্যে কামালপুর দখল করে সিগন্যাল দেওয়া হবে। সিগন্যাল পেলে আমরা যেন অবস্থান ছেড়ে চলে আসি। তিনটার দিকে কামালপুর সড়কের দুই পাশে অবস্থান নিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আমরা অপেক্ষায় আছি। সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলো। ‘রাতে পোস্ট অফিসের কাছে শব্দ শুনে আমার সেন্ট্রি সামছু বলে উঠল, কে যায়? আমার সহ-দলনেতা লতা ওদের হ্যান্ডস আপ করাল। জিজ্ঞাসাবাদ ও ভয় দেখানোর পর জানা গেল, ওরা রাজাকার। তাদের কাছ থেকে জানতে পারলাম, পাকিস্তানি সেনারা আমাদের দিকে আসছে। সেনা কতজন, তা ওরা বলতে পারল না। আমরা দ্রুত পরিকল্পনা করে পজিশন নিলাম। ‘অন্ধকারে কিছু দেখা যায় না। একসময় মনে হলো দল বেঁধে অনেকে হেঁটে আসছে। ১০০ জনের বেশি হবে। কলাম করে হেঁটে আসছে। এক কোম্পানি হয়তো। পাকিস্তানি সেনারা যেই কাছাকাছি এল, দুই পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা অবিরত গুলি করছি। ১০ মিনিটের বেশি সময় সম্মুখযুদ্ধ করে আমরা পিছে ফিরতে শুরু করি। তখন পর্যন্ত সিগন্যাল পাইনি। বুঝতে পারি আজ কামালপুর আক্রমণ করা সম্ভব হয়নি। কামালপুরে মোট ১৮ বার আক্রমণ করা হয়। আমি ১৪ বার আক্রমণে ছিলাম। সেদিন যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ২৭ জন হতাহত হয়। আমাদের পক্ষে কেউ আহত বা শহীদ হননি।’সৈয়দ সদরুজ্জামান ১৯৭১ সালে কলেজের শিক্ষার্থী ছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৯। মা-বাবার অনুমতি নিয়েই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতে প্রশিক্ষণ শেষে ১১ নম্বর সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরের একটি কোম্পানির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কামালপুরসহ আরও কয়েক স্থানের যুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নেন। তিনি ও তাঁর দলের মুক্তিযোদ্ধারা যথেষ্ট সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। তাঁর দলের বেশ কয়েকজন সাহসিকতা প্রদর্শনের জন্য খেতাব পান।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য সৈয়দ সদরুজ্জামানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৪১৭। সৈয়দ সদরুজ্জামান হেলাল নামে তিনি বেশি পরিচিত।সৈয়দ সদরুজ্জামান হেলালের পৈতৃক বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুজ (সাহেব বাড়ি) গ্রামে। তাঁর বাবার নাম সৈয়দ বদরুজ্জামান। মা সৈয়দা খোদেজা জামান। স্ত্রী সৈয়দা সাহানা জামান। তাঁর এক ছেলে, দুই মেয়ে।সূত্র: সৈয়দ সদরুজ্জামান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]