তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ওয়ারেসাত হোসেন বেলাল, বীর প্রতীক সাহসী এক মুক্তিযোদ্ধার কথারাতের অন্ধকারে ওয়ারেসাত হোসেন বেলালসহ একদল মুক্তিযোদ্ধা এগিয়ে যেতে থাকলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের দিকে। তাঁদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন একজন পথপ্রদর্শক। তাঁর ভুল নির্দেশনায় তাঁরা ঢুকে পড়লেন বিপজ্জনক স্থানে। তাঁদের উপস্থিতি টের পেয়ে পাকিস্তানি সেনারা আক্রমণ চালাল। প্রচণ্ড গুলিবর্ষণের মধ্যে তাঁরা যে যেভাবে পারলেন পজিশন নিলেন। একই সময়ে শুরু হলো ভারত থেকে গোলাবর্ষণ। সেগুলো তাঁদের অবস্থানেই পড়তে থাকল। নিমেষে মুক্তিযোদ্ধা কয়েকজন হতাহত হলেন। চরম সংকটময় এক মুহূর্ত। ওয়ারেসাত হোসেন বেলাল সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাঁর প্রচেষ্টায় বেঁচে গেল অনেক মুক্তিযোদ্ধার প্রাণ। এ ঘটনা হালুয়াঘাটে, ১৯৭১ সালের জুন মাসের। হালুয়াঘাট ময়মনসিংহ জেলার অন্তর্গত। জেলা সদরের উত্তরে। ভারত-বাংলাদেশ সীমান্তে। সেখানে আছে সীমান্ত ফাঁড়ি (বিওপি)। ১৯৭১ সালে এই বিওপিতে ছিল একদল পাকিস্তানি সেনা। তারা ছিল অত্যন্ত সুরক্ষিত। জুন মাসের একদিন মুক্তিবাহিনীর কয়েকটি দল সেখানে আক্রমণ করে। একটি দলে ছিলেন ওয়ারেসাত হোসেন বেলাল। তিনি ছিলেন ওই দলের সহ-দলনেতা। তাঁর বড় ভাই শাখাওয়াত হোসেন বাহার (বীর প্রতীক) ছিলেন দলনেতা। পরিকল্পনা অনুযায়ী রাতের অন্ধকারে ওয়ারেসাত হোসেন বেলালরা সীমান্ত অতিক্রম করে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে যেতে থাকেন। কথা ছিল তাঁরা আক্রমণ শুরু করার আগে সেখানে ভারত থেকে আর্টিলারি গোলাবর্ষণের। গোলাবর্ষণ শেষ হওয়া মাত্র তাঁরা আক্রমণ শুরু করবেন। কিন্তু পথপ্রদর্শকের ভুলে ওয়ারেসাত হোসেন বেলালরা পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের একদম কাছে চলে যান। পাকিস্তানিরা তাঁদের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করে। একই সময় শুরু হয় গোলাবর্ষণ। সেই গোলা এসে পড়ে তাঁদের ওপরই। পাকিস্তানি সেনাদের আক্রমণ ও ভারত থেকে আসা নিজেদের গোলায় মুক্তিযোদ্ধারা কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়েন। এ সময় ওয়ারেসাত হোসেন বেলালদের থাকার কথা ছিল পাকিস্তানিদের প্রতিরক্ষা অবস্থান থেকে দূরে। নিজেদের গোলায় এবং পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা তখনই শহীদ হন। ওয়ারেসাত হোসেন বেলালের পাশেই ছিলেন তাঁদের দলের একজন এলএমজিম্যান। তিনি তাঁর চোখের সামনেই শহীদ হন। জীবন-মৃত্যুর ওই সন্ধিক্ষণে ওয়ারেসাত হোসেন বেলাল জীবনের ঝুঁকি নিয়ে সাহসী ভূমিকা পালন করেন। তাঁর প্রচেষ্টায় বেঁচে যায় অন্য মুক্তিযোদ্ধাদের প্রাণ। ওয়ারেসাত হোসেন বেলাল ১৯৭১ সালে কলেজের শিক্ষার্থী (একাদশ শ্রেণী) ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের মাঝামাঝি মাকে চিঠি লিখে কাউকে না জানিয়ে ভারতে যান। তুরায় প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ১১ নম্বর সেক্টরের ঢালু ও মহেন্দ্রগঞ্জ সাব-সেক্টরে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য ওয়ারেসাত হোসেন বেলালকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৪১০। গেজেটে নাম ওয়ারেসাত হোসেন। পরিবারে তাঁরা চার ভাই। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ওয়ারেসাত হোসেন বেলালের পৈতৃক বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে। বর্তমানে বাস করেন ঢাকায়। তিনি নেত্রকোনা-৫ আসন থেকে নির্বাচিত সাংসদ। তাঁর বাবার নাম মহিউদ্দিন তালুকদার। মা আশরাফুন নেছা। স্ত্রী রওশন হোসেন। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। ওয়ারেসাত হোসেন বেলাল বললেন, ‘একাত্তরের ঘাতক-দালালদের বিচার শুরু হয়েছে। সফলতার সঙ্গেই এই বিচারকাজ শেষ হবে বলে আশা করি।’ সূত্র: প্রথম আলোর পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মো. গোলাম মোস্তফা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১। গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]