৩৬স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মোসলেহউদ্দিন আহমেদবীর প্রতীক১৯৭১ সালের অক্টোবর মাসের শেষ। নদীতে বৃষ্টির পানির ঢল। বর্ষার পানিতে হাওর-নদী ভরে গেছে। হাওরবেষ্টিত এলাকা সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা। মুক্তিযুদ্ধের সময় এই এলাকা ১১ নম্বর সেক্টরের রংড়া সাবসেক্টরের অধীনে ছিল। মুক্তিযোদ্ধারা জুলাই থেকে কয়েকবার এখানে আক্রমণ করেও এলাকাটি মুক্ত করতে পারেননি।মুক্তিবাহিনীর রংড়ার সাবসেক্টর কমান্ডার ধরমপাশা মুক্ত করার জন্য দায়িত্ব দিলেন মোসলেহউদ্দিন আহমেদকে। তখন সেখানে আরও চারটি মুক্তিযোদ্ধার দল হাইড আউটে অবস্থান করছিল। গেরিলাযুদ্ধ করে ভালো ফল পাওয়া যাচ্ছে না, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলেন সরাসরি যুদ্ধের।সব মিলিয়ে মুক্তিযোদ্ধাদের সংখ্যা প্রায় ২৫০ জন। অক্টোবর মাসের শেষ দিকের একদিন। বেলা দুইটা। মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে ধর্মপাশায় পাকিস্তানি অবস্থানে মোসলেহউদ্দিনের নেতৃত্বে আক্রমণ করলেন। তাঁদের প্রতিজ্ঞা, ধর্মপাশা মুক্ত করবেনই। সেদিন প্রচণ্ড যুদ্ধের পর একসময় শত্রু পক্ষের দিক থেকে গুলিবর্ষণ বন্ধ হয়ে গেল। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানি বাহিনী তাদের সহযোগী রাজাকারসহ ধর্মপাশা থেকে পালিয়ে যায়। এই যুদ্ধে মোসলেহউদ্দিন অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। ধর্মপাশা সেদিন মুক্ত হয়।ধর্মপাশা মুক্ত হওয়ার পর কিছু অতি উৎসাহী মুক্তিযোদ্ধা আটপাড়া উপজেলার সুখাইড় ইউনিয়নের দেওশ্রী বাঙ্কারে যেতে চেষ্টা করেন। তখন শত্রুর গুলিতে শহীদ হন দেওশ্রী গ্রামের যুবক, মুক্তিযোদ্ধা মোফাজ্জল। শত্রুর বাঙ্কার থেকে শহীদ মোফাজ্জলের মৃতদেহ উদ্ধার করা ছিল খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ। মোসলেহউদ্দিন সেদিন জীবনের ঝুঁকি নিয়ে শহীদ মোফাজ্জলের মৃতদেহ উদ্ধার করেন।মোসলেহউদ্দিন ধর্মপাশা ছাড়াও নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ, জয়শ্রীসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনা মহেশখোলা সাবসেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধে সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকা প্রদর্শনের জন্য মোসলেহউদ্দিন বীর প্রতীক খেতাব পেয়েছেন।মোসলেহউদ্দিন আহমেদ ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে হাবিলদার পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পালিয়ে যুদ্ধে যোগ দেন।মোসলেহউদ্দিন আহমেদ বীর প্রতীকের বাবার নাম ছামিরউদ্দিন মাস্টার। মায়ের নাম মেহেরুন নেছা। স্ত্রীর নাম মজিদা আহমেদ। তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মোসলহাট্টা গ্রামে। বর্তমানে তিনি নেত্রকোনা শহরের নিউটাউন (বিলপাড়) এলাকায় বসবাস করছেন।মোসলেহউদ্দিন আহমেদ আলাপকালে বলেন, ‘ব্যক্তিগত কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধ করিনি। ১৯৭১ সালে আমাদের বড় অস্ত্র ছিল অগাধ দেশপ্রেম। কিন্তু আজ এই দেশপ্রেমের বড়ই অভাব।’সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-১১ এবং প্রথম আলোর পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মো. গোলাম মোস্তফার পাঠানো তথ্য।গ্রন্থনা: তারা রহমান