তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।হযরত আলীবীর প্রতীকমুক্তিযুদ্ধের অন্যতম ঘটনা কানাইঘাটের যুদ্ধ। এই যুদ্ধে হযরত আলী অংশ নেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলেন। কানাইঘাট সিলেট জেলার একটি উপজেলা। জৈন্তাপুর-জকিগঞ্জ সংযোগ সড়কে সুরমা নদীর তীরে উপজেলা সদরের অবস্থান। সীমান্তের নিকটবর্তী হওয়ায় মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনী উভয়ের কাছেই কানাইঘাট ছিল সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ।১৯৭১ সালের ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর কানাইঘাটে যুদ্ধ হয়। এখানে ছিল পাকিস্তানি বাহিনীর ৩১ পাঞ্জাব রেজিমেন্টের আলফা কোম্পানি, পাকিস্তানি স্কাউটস দলের এক প্লাটুন মিলিশিয়া এবং তাদের সহযোগী বেশ কিছু রাজাকার।২২ নভেম্বর জেড ফোর্সের অধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও গণবাহিনীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়া মুক্তিবাহিনী কানাইঘাট-সংলগ্ন গৌরীপুরে পৌঁছে। তখন পাকিস্তানি বাহিনী তাদের ডিফেন্স ছেড়ে এগিয়ে এসে মুক্তিযোদ্ধাদের ঘেরাও করে। এরপর তুমুল যুদ্ধ শুরু হয়। কয়েক দিন ধরে এখানে যুদ্ধ চলে। পাকিস্তানি বাহিনী প্রচণ্ড প্রতিরোধ করেও শেষ পর্যন্ত পরাজিত হয়। কানাইঘাটের যুদ্ধে হযরত আলী যথেষ্ট সাহস, দক্ষতা ও রণকৌশল প্রদর্শন করেন। এই যুদ্ধে মুক্তিবাহিনীর পক্ষে ১১ জন শহীদ এবং হযরত আলীসহ ২০ জন আহত হন। অন্যদিকে পাকিস্তানিদের পক্ষে ৫০ জন নিহত, ২০ জন আহত এবং ২৫ জন আত্মসমর্পণ করে। কানাইঘাট মুক্ত হওয়ায় মিত্রবাহিনীর সিলেটের দিকে চূড়ান্ত অভিযান পরিচালনা করা সহজ হয়।হযরত আলী এর আগে লালমনিরহাট জেলার পাটগ্রাম, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার কামালপুরসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেছেন। তিনি মূলত মেশিনগান চালাতেন। হযরত আলী পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। ৩০ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর ২৫ বালুচ এবং ২২ এফএফ রেজিমেন্ট তাঁদের আক্রমণ করে। তখন তাঁরা প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। তাঁরা সেনানিবাস থেকে বেরিয়ে চৌগাছায় সমবেত হন। এরপর ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগ দেন।কানাইঘাটের যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য হযরত আলী বীর প্রতীক খেতাব পেয়েছেন।হযরত আলী বীর প্রতীকের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। বর্তমানে তিনি এখানেই বাস করেন। তাঁর বাবার নাম নজরুল ইসলাম। মায়ের নাম হাসেবান বিবি। স্ত্রীর নাম বেগম নূরজাহান। তাঁদের চার ছেলে।আলাপকালে হযরত আলী জানালেন, বর্তমান সরকারের নেওয়া যুদ্ধাপরাধীদের বিচার একটি ভালো উদ্যোগ। এই বিচারকাজ দ্রুত শেষ করা হোক। সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস এবং প্রথম আলোর গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য। গ্রন্থনা: তারা রহমান