তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৮স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।রুহুল আমিনবীর প্রতীকসিলেট শহরের উপকণ্ঠে এমসি কলেজ। কলেজের উত্তর দিকে বেশ কয়েকটি টিলা। ১৩ ডিসেম্বর ১৯৭১। শীতকালের সকাল। তখন ওই টিলাগুলোর ওপর এলেন একদল মুক্তিযোদ্ধা। তাঁরা প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ও গণবাহিনীর সদস্য। ইস্ট বেঙ্গলের একজন সৈনিক হাবিলদার রুহুল আমিন।৫০০ গজ দূরেই পাকিস্তানি সেনাদের অবস্থান। সেদিন মুক্তিযোদ্ধাদের পোশাক, স্টিলের হেলমেট, অস্ত্রশস্ত্র দেখতে হুবহু পাকিস্তানিদের মতো ছিল। ফলে, পাকিস্তানিরা চিন্তাই করতে পারেনি এঁরা মুক্তিবাহিনী।মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের চোখের সামনেই ট্রেঞ্চ খুঁড়ে পজিশন নিতে থাকেন। এ সময় হঠাৎ মুক্তিবাহিনীর ডেলটা কোম্পানির অবস্থানের সামনের রাস্তায় পাকিস্তানি বাহিনীর একটি আর্টিলারি গান ও দুটি জিপের কনভয় আসে। তখন মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ করেন। প্রায় ২৫ জন পাকিস্তানি সেনা তাৎক্ষণিক হতাহত হয়। এরপর পাকিস্তানিরাও পাল্টা আক্রমণ চালায় এবং মর্টারের সাহায্যে গোলা বর্ষণ করতে থাকে। শুরু হয় তুমুল যুদ্ধ।দুপুরে পাকিস্তানিরা মরিয়া হয়ে তাদের সর্বশক্তি নিয়ে মুক্তিবাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। এ সময় মুক্তিবাহিনীর মর্টারের গোলা শেষ হয়ে যায়। তখন রুহুল আমিনসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধা সাহসী ভূমিকা পালন করেন। তাঁরা জীবনের মায়া ত্যাগ করে হালকা মেশিনগান, রাইফেল দিয়েই দৃঢ়তার সঙ্গে পাকিস্তানিদের মোকাবিলা করেন। তাঁদের সাহস, মনোবল, বীরত্ব ও রণকৌশলের কাছে পাকিস্তানি বাহিনী শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। সেদিন এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর প্রায় ৮০ জন নিহত ও অসংখ্য আহত হয়। মুক্তিবাহিনীর ২০ জন শহীদ ও ২১-২২ জন আহত হন। রুহুল আমিনও এই যুদ্ধে আহত হন।রুহুল আমিন সিলেট এমসি কলেজ, আটগ্রাম, ৩০-৩১ জুলাই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুরে যুদ্ধ করেছেন। কামালপুরে প্রচণ্ড যুদ্ধ হয়।রুহুল আমিন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার ছিলেন। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। মার্চ মাসের শুরু থেকে তাঁদের কিছুসংখ্যক সৈনিক শীতকালীন প্রশিক্ষণে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁরা ২৯ মার্চ গভীর রাতে সেনানিবাসে ফিরে এসে ৩০ মার্চ বিদ্রোহ করেন। পরে তাঁরা চৌগাছায় একত্র হন। এরপর ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগ দেন।সিলেট এমসি কলেজের যুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য রুহুল আমিন বীর প্রতীক খেতাব পান।রুহুল আমিন বীর প্রতীকের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামে। বর্তমানে তিনি এখানেই বাস করছেন। তাঁর বাবার নাম আবদুল জব্বার। মায়ের নাম ফুলবিয়া। স্ত্রীর নাম আনোয়ারা বেগম। তাঁর তিন ছেলে তিন মেয়ে।রুহুল আমিন জানালেন, যুদ্ধক্ষেত্রের কথা মনে হলে এখনও গা শিউরে ওঠে। চোখের সামনে সহযোদ্ধা মারা গেছেন, কেউ আহত হয়েছেন। স্বাধীন দেশের নাগরিক ও মুক্তিযোদ্ধা হিসেবে গর্ব বোধ করি।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস ও প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য।গ্রন্থনা: তারা রহমান