তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শাহজামান মজুমদার, বীর প্রতীকসফল এক গেরিলা যোদ্ধাআঁকাবাঁকা রাস্তার দুই পাশে ছোট ছোট উঁচুনিচু পাহাড়। এক পাশে ঘন জঙ্গল। আরেক পাশে চা-বাগান। রাস্তার দুই পাশে কোনো কোনো স্থান ফাঁকা। সেখানে সবজি চাষ করা হয়। জায়গাটা অ্যামবুশ করার জন্য উপযুক্ত। শাহজামান মজুমদারসহ এক দল মুক্তিযোদ্ধা শেষ রাতে অবস্থান নিলেন সেখানে। তাঁদের নেতৃত্বে লেফটেন্যান্ট হেলাল মোরশেদ (বীর বিক্রম, পরে মেজর জেনারেল)।কয়েকজন মুক্তিযোদ্ধা রাস্তায় গর্ত খোঁড়া শুরু করলেন। শাহজামান মজুমদারসহ বাকিরা থাকলেন সতর্ক প্রহরায়। গর্ত খোঁড়া শেষ করে তাতে অ্যান্টি ট্যাংক মাইন বসিয়ে মুক্তিযোদ্ধারা নিপুণভাবে মাটি ভরাট করলেন। এরপর মাটি খোঁড়ার চিহ্ন যাতে বোঝা না যায় সে জন্য ভরাট গর্তগুলোর ওপর দিয়ে কয়েকবার গাড়ির চাকা গড়াগড়ি করানো হলো। দেখে মনে হবে গাড়ির চাকার দাগ।এরপর শাহজামান মজুমদারসহ মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে অবস্থান নিলেন বিভিন্ন স্থানে। মুক্তিযোদ্ধাদের কারও কাছে এলএমজি, ব্রেনগান, এসএমজি, এসএলআর বা রাইফেল। এ ছাড়া আছে শুকনা খাবার, পানি ও ফার্স্টএইড।শাহজামান মজুমদার যেখানে অবস্থান নিয়েছেন সেখান থেকে রাস্তার অনেক দূর পর্যন্ত দেখা যায়। সময় গড়াতে থাকল। তাঁরা ছাড়া আশপাশে কোথাও জনমানুষের চিহ্ন নেই। গোটা এলাকা সুমসাম। মাঝেমধ্যে শুধু পাখির কলকাকলি আর বাতাসে পাতা নড়ার শব্দ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষত শাহজামান মজুমদার। এটি তাঁর প্রথম প্রত্যক্ষ অপারেশন। তাঁর কাছে এসএমজি। উত্তেজনায় তাঁর হার্টবিট বেড়ে যাচ্ছে। শরীর ঘামছে। চোখ বড় বড় হচ্ছে। এর মধ্যে কেটে গেছে অনেক সময়।এমন সময় শাহজামান মজুমদার রাস্তায় দেখতে পেলেন পাকিস্তানি সেনাদের এক কনভয়। প্রথমে একটি জিপ। দ্বিতীয়টি তিন টনি বেডফোর্ড লরি। তৃতীয়টি একটি পাঁচ টনি ট্রাক। এরপর একটি বাস। সেগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে। সামনের জিপ মাইনের ওপর দিয়ে চলে গেল। দ্বিতীয় গাড়িও। মাইন বিস্ফোরণ হলো না। শাহজামান মজুমদারের হাতের আঙুল অস্ত্রের ট্রিগারে। মাইন বিস্ফোরণ হওয়ামাত্র গুলি করবেন। কিন্তু মাইন বিস্ফোরণ না হওয়ায় বেশ চিন্তায় পড়ে গেলেন। ভাবতে থাকলেন তবে কি কোনো ভুল হয়ে গেল। ঠিক তখনই পাঁচ টনি ট্রাকের চাকা মাইনের ওপর। সঙ্গে সঙ্গে বিকট শব্দে মাইনের বিস্ফোরণ। ট্রাকটি কয়েক ফুট ওপরে উঠে গেল। চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন।শাহজামান মজুমদার ও তাঁর সহযোদ্ধারা একযোগে গুলি শুরু করলেন। একদিকে মাইন বিস্ফোরণ, অন্যদিকে গুলি। হতভম্ব পাকিস্তানি সেনারা। কিছুক্ষণ পর পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি শুরু করল। শাহজামান মজুমদার তাঁর এসএমজির দুই ম্যাগাজিন গুলি শেষ করলেন। এরপর সহযোদ্ধাদের সঙ্গে পশ্চাদ্পসরণ করলেন নিরাপদ স্থানে। এ ঘটনা তেলিয়াপাড়ার। ১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি। তেলিয়াপাড়া হবিগঞ্জ জেলার অন্তর্গত। জেলা সদর থেকে দক্ষিণে।শাহজামান মজুমদার ১৯৭১ সালে ঢাকায় উচ্চমাধ্যমিক ক্লাসের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের প্রথম দিকে বাড়িতে সবার অনুমতি নিয়ে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় যান। দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের কাছে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন। ৩ নম্বর সেক্টরে আখাউড়াসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য শাহজামান মজুমদারকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৩৩৪।শাহজামান মজুমদারের পৈতৃক নিবাস দিনাজপুর জেলার দিনাজপুর পৌরসভার কালিতলায়। বর্তমানে বাস করেন ঢাকার পুরাতন ডিওএইচএস, বনানীতে। তাঁর বাবার নাম রজব আলী মজুমদার। মা সায়েরা মজুমদার। স্ত্রী নূরনাহার মজুমদার। তাঁদের এক ছেলে, এক মেয়ে।সূত্র: শাহজামান মজুমদার বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন রাফিয়া চৌধুরী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]