৩৯৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ফজলুল হক, বীর প্রতীকসাহসী এক যোদ্ধার কথাভারত-বাংলাদেশ সীমান্তের কাছে কাশীপুর। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের অন্তর্গত। জেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিমে। কাশীপুরে আছে সীমান্তচৌকি। ১৯৭১ সালের মে মাসের শেষদিক। তখন ওই এলাকা মুক্ত। সীমান্তের ওপারে ভারতের মাটিতে মুক্তিযোদ্ধা শিবির। সেখানে আছেন ফজলুল হকসহ একদল মুক্তিযোদ্ধা। তাঁরা বেশির ভাগ ইপিআরের সদস্য। কয়েকটি দলে বিভক্ত। তাঁদের সবার নেতৃত্বে মেজর আবু ওসমান চৌধুরী (পরে লেফটেন্যান্ট কর্নেল)।মুক্তিযোদ্ধা শিবিরে এক দিন খবর এল, যশোর থেকে এক দল পাকিস্তানি সেনা (২৪ ফ্রন্টিয়ার ফোর্স) কাশীপুরে আসছে। তাদের উদ্দেশ্য সীমান্তচৌকি দখল এবং সেখানে ক্যাম্প স্থাপন করা। পাকিস্তানিদের উদ্দেশ্য বাস্তবায়িত হলে সীমান্ত এলাকায় মুক্তিযোদ্ধাদের চলাচল একেবারে সীমিত হয়ে পড়বে। তাই মুক্তিযোদ্ধাদের অধিনায়ক সিদ্ধান্ত নিলেন, পাকিস্তান সেনাবাহিনীর চেষ্টা নস্যাৎ করতে হবে। তিনি নির্দেশ দিলেন আক্রমণের। মুক্তিযোদ্ধা শিবিরে শুরু হলো প্রস্তুতি। সুবেদার মনিরুজ্জামানের (বীর বিক্রম, পরে অন্য যুদ্ধে শহীদ) নেতৃত্বাধীন দলের ওপর দায়িত্ব পড়ল অগ্রসরমাণ পাকিস্তানি সেনাদের বাধা দেওয়ার। এ দলের সদস্য ছিলেন ফজলুল হক। তাঁরা দ্রুত প্রস্তুত হয়ে রওনা হলেন কাশীপুরের উদ্দেশে।ফজলুল হক ও তাঁর সহযোদ্ধারা কাশীপুরে প্রতিরক্ষা অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হলো পাকিস্তানি সেনাদের অগ্রগামী দল। মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ করলেন। পাকিস্তানিরাও প্রচণ্ড পাল্টা আক্রমণ শুরু করল। পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের ধারণার চেয়েও অনেক। এতে মুক্তিযোদ্ধারা বেশ বেকায়দায় পড়ে গেলেন। তবে বিচলিত হলেন না। ফজলুল হক ও আরও কয়েকজন মনিরুজ্জামানের নেতৃত্বে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। প্রচণ্ড যুদ্ধের একপর্যায়ে মুক্তিযোদ্ধা শিবিরে খবর গেল পাকিস্তানি সেনা অনেক। দ্রুত সেখান থেকে যুদ্ধক্ষেত্রে হাজির হলো মুক্তিযোদ্ধাদের আরও দুটি দল। এ দুটি দলের নেতৃত্বে ক্যাপ্টেন নাজমুল হুদা (বীর বিক্রম, পরে কর্নেল) এবং তৌফিক-ই-এলাহী চৌধুরী (বীর বিক্রম)। তাঁরা তাঁদের দল নিয়ে সীমান্তচৌকির ডান দিক দিয়ে পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা আক্রমণ চালালেন।যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করল। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারাই জয়ী হলেন। বিপুল অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়। শেষে হতাহত অনেককে ফেলে পাকিস্তানি সেনারা পালিয়ে যায়। জীবিত কয়েকজন মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে। একজনকে ফজলুল হকই আটক করেন। ফজলুল হক চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টরের অধীন চুয়াডাঙ্গা উইংয়ে (বর্তমানে ব্যাটালিয়ন)। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। পরে যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের অধীন বয়রা সাবসেক্টরে। বেশ কয়েকটি যুদ্ধে তিনি অংশ নেন। একবার তিনি কয়েকজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে সীমান্তসংলগ্ন একটি পাকিস্তানি ক্যাম্পে আকস্মিক আক্রমণ চালান। তাঁদের আক্রমণে নিহত হয় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী। ওই শিবির থেকে তাঁরা দুজন বীরাঙ্গনা নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য ফজলুল হককে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২০২।ফজলুল হক ১৯৮৮ সালে চাকরি থেকে অবসর নেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে মারা যান। তাঁর পৈতৃক বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজলের খাদিমান গ্রামে। বাবার নাম আজাদ আলী। স্ত্রী বেলা খাতুন। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে।সূত্র: প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]