৪১স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আবদুল হালিমবীর প্রতীকরংপুর-সৈয়দপুর-দিনাজপুর সড়ক। দশ মাইল। ১৯৭১ সাল। এপ্রিলের মাঝামাঝি। এখানে অবস্থান নিয়েছেন একদল প্রতিরোধ যোদ্ধা। দলে ইপিআর, ছাত্র ও যুবক। এই দলের সঙ্গে আছেন ইপিআরের আবদুল হালিম। তিনি অ্যান্টি ট্যাংক (সিক্স পাউন্ডার) গান অপারেটর। সৈয়দপুর সেনানিবাস থেকে এগিয়ে আসছে পাকিস্তানি সেনাবাহিনীর একটি বহর। এই বহরে আছে ট্যাংক, আর্টিলারি গান ও ২৬ ফ্রন্টিয়ার ফোর্স (এফএফ)। পাকিস্তানিদের সামরিক শক্তি প্রতিরোধ যোদ্ধাদের কয়েক গুণ। তারপরও প্রতিরোধ যোদ্ধারা তাদের আক্রমণ করলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। কিন্তু সে দিনের এই যুদ্ধ ছিল অসম যুদ্ধ। পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংক ও আর্টিলারির ব্যাপক গোলার সামনে প্রতিরোধ যোদ্ধারা বেশিক্ষণ টিকতে পারেননি। এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যেতে বাধ্য হন। ১৬ এপ্রিল দিনাজপুরের পতন হয়। দিনাজপুরের পতন হলে আবদুল হালিম আর মূল দলে যোগ দিতে পারেননি। তিনি কয়েকজনের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর তারা ভারতে যান। ভারত থেকে পরে তিনি নিজ এলাকায় চলে আসেন। আবদুল হালিম পরবর্তীতে দুই নং সেক্টরের রাজনগর সাবসেক্টর এলাকায় যুদ্ধ করেন। গণবাহিনীর একটি দলের সঙ্গে তিনি ছিলেন। এই দলের দলনেতা ছিলেন আবদুর রব চৌধুরী। তিনি ছিলেন সহদলনেতা। তাঁরা নোয়াখালী জোর রায়গঞ্জ ও দত্তপাড়াসহ আরো কয়েক স্থানে পাকিস্তানি বাহিনী বা তাদের সহযোগী রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। দত্তপাড়ার যুদ্ধে স্থানীয় রাজাকার কমান্ডার ননী চেয়ারম্যান তাঁদের হাতে নিহত হয়। আবদুল হালিম ১৯৭১ সালে দিনাজপুর ইপিআর হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। ২৮ মার্চ বেলা ৩টায় পাকিস্তান সেনাবাহিনীর একটি দল দিনাজপুর সেক্টর হেডকোয়ার্টারে আক্রমণ করে। এরপর ইপিআররাও পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করে। আবদুল মজিদ ছিলেন এন্টিট্যাংক গানচালক। তিনি সে সময় পাকিস্তানি অবস্থানে গোলাবর্ষন করেন। পরে তারা হেডকোয়ার্টার থেকে বেরিয়ে এসে বিভিন্ন স্থানে অবস্থান নেন। ইপিআরদের প্রথম প্রতিরোধ পাকিস্তানিরা দিনাজপুর থেকে ৩১ মার্চ পালিয়ে যায়। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা প্রদর্শনের জন্য আবদুল হালিম বীর প্রতীক খেতাব পেয়েছেন। আবদুল হালিম বীর প্রতীকের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উপজেলার পরকোট ইউনিয়নের দক্ষিণ রায়দেবপুর গ্রামে। তাঁর বাবার নাম আহমদ আলী পালোয়ান। মায়ের নাম জরিনা খাতুন। স্ত্রীর নাম হাজেরা বেগম। তাঁর পাঁচ ছেলে, এক মেয়ে। আবদুল হালিম জানালেন, শেষ বয়সে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলে মরেও শান্ত পাব। সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর দুই। আবদুল হালিম বীর প্রতীকের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি মো. জসিম মাহমুদ। গ্রন্থনা: তারা রহমান