তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।বদিউল আলমবীর উত্তমপ্রথমে বিকট একটি শব্দ। দু-তিন মিনিট পর আরেকটি। তারপর একসঙ্গে দু-তিনটি। এরপর খই ফোটার মতো বিস্ফোরণ শুরু হলো। নৌবন্দর থেকে নদীর মোহনা পর্যন্ত এলাকার জলভাগে যেন মহাপ্রলয় শুরু হয়ে গেল। বিস্ফোরণের গগণবিদারী শব্দে বন্দরসংলগ্ন শহর কয়েকবার কেঁপে উঠল। বন্দর ও জাহাজের ডেকে পাকিস্তানি সেনাদের অস্থির ছোটাছুটির হুলস্থুল কাণ্ড। একটু পর একে একে ডুবতে থাকল মাইন লাগানো জাহাজ-বার্জগুলো। ডুবন্ত জাহাজের ডেক থেকে ভীতসন্ত্রস্ত পাকিস্তানি সেনা ও নাবিকেরা এলোমেলো গুলি চালাতে চালাতে লাফিয়ে পড়ে নদীতে। মুহূর্তে কী ঘটে গেল, এখন কী করা উচিত, ভেবে দেখার সময় নেই কারও। দেখতে দেখতে বেশ কয়েকটি জাহাজ-বার্জ তোলপাড় তুলে ডুবে গেল।এ ঘটনা ১৯৭১ সালের। ১৬ আগস্ট খুব ভোরে। চাঁদপুর নৌবন্দরে।১৫ আগস্ট গভীর রাত। চারদিক নিঝুম, নিস্তব্ধ। কোথাও জনমানুষের সাড়া নেই। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। চাঁদপুর শহরের কাছে একটি বাড়ি। বাড়ির মালিক করিম খান। তাঁর বাড়িতে ১৩ আগস্ট রাত থেকে গোপন আশ্রয়ে আছে মুক্তিবাহিনীর একটি দল। ২০ জন। তাঁরা সবাই নৌ-কমান্ডো। তাঁদের দলনেতা বদিউল আলম। নিঃশব্দে এই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তাঁরা। প্রত্যেকের বুকে বাধা লিমপেট মাইন। কোমরে ড্যাগার। তাঁরা এগিয়ে চলেছেন মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনা দিকে।তাঁদের টার্গেট ছয়টি জাহাজ, পন্টুন ও বার্জ। সেগুলো মাইন দিয়ে ধ্বংস করে দেওয়া। দলনেতা বদিউল আলম ১৮ জনকে ছয় দলে ভাগ করে প্রতিটি টার্গেটের জন্য তিনজনকে নির্দিষ্ট করে দিয়েছেন। বাকি দুজন নদীর তীরে থাকবেন।বদিউল আলমের নেতৃত্বে কমান্ডোরা নেমে পড়লেন বন্দরসংলগ্ন নদীতে। বর্ষায় মেঘনার মোহনায় ভয়ংকর এক রূপ। অথৈ পানি, প্রবল ঢেউ আর স্রোত। পানির ছলছল শব্দ। এর মধ্যে তাঁরা অভীষ্ট লক্ষ্যের দিকে সাঁতরিয়ে চলছেন। শত্রুর জাহাজ থেকে অনুসন্ধানী আলো ঘুরছে চারদিকে। বিপজ্জনক এক অবস্থা। সব দলই সফলতার সঙ্গে নির্দিষ্ট টার্গেটে মাইন লাগিয়ে ফিরে চলল নিরাপদ স্থানে। ৪৫ মিনিটের মধ্যেই বিস্ফোরিত হবে মাইনগুলো। এ সময় হঠাৎ দেখা দিল নতুন বিপদ। যে দিক দিয়ে তাঁরা ফিরে যাবেন, সেখানে নোঙর ফেলেছে রকেট স্টিমার সার্ভিসের জাহাজ ‘গাজী’। পাকিস্তানি সেনা ও গোলাবারুদ নিয়ে খুলনা থেকে এসেছে। সেনারা সব জাহাজে, কেউ নামেনি। ডেকে দেখা যাচ্ছে, কয়েকজন পাকিস্তানি সেনা অস্ত্র হাতে পাহারায়। জাহাজটি অন্ধকারে প্রেতচ্ছায়ার মতো নদীর পাড় ঘেঁষে ভেসে আছে পানির ওপর। এই জাহাজটি দেখে তাঁরা চমকে উঠলেন। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। যাওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছেন না তাঁরা। অল্পক্ষণের মধ্যেই মাইনের বিস্ফোরণ ঘটবে। রাতও প্রায় শেষ হয়ে আসছে। এ অবস্থায় প্রথম দলটি দ্রুত একটি বার্জের আড়ালে লুকিয়ে পড়ল। এই বার্জে মাইন লাগানো হয়নি। অন্যরাও তাঁদের পেছনে সেখানে লুকিয়ে পড়লেন। এর পরের ঘটনা সে আরেক কাহিনি।এই অপারেশনে মুক্তিবাহিনীর নৌ-কমান্ডো বদিউল আলম সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বদিউল আলম পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় ১৯৭১ সালে ফ্রান্সের তুলন নৌঘাঁটিতে প্রশিক্ষণরত ছিলেন। সেখানে পাকিস্তান নৌবাহিনীর ৫৭ জন সাবমেরিনার প্রশিক্ষণে ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন ছিলেন বাঙালি। ৩০ মার্চ তাঁরা নয়জন সেখান থেকে পালিয়ে যান। পরে তাঁদের আটজন ভারতে আসেন। এরপর তাঁরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দেন। বদিউল আলম পরে মংলা ও চালনা বন্দর অপারেশনে অংশ নেন।চাঁদপুরের অপারেশনে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বদিউল আলম বীর উত্তম খেতাব পেয়েছেন।বদিউল আলমের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে। স্বাধীনতার পর নৌবাহিনীর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি নেন। পরে জনতা ব্যাংকে যোগ দেন। ২০০৪ সালে তিনি অবসর নিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার মিরপুরের ১১ নম্বর সেকশনে বসবাস করছেন। তাঁর বাবার নাম মোজাম্মেল হক সরকার। মায়ের নাম রাবেয়া খাতুন। স্ত্রীর নাম শাহনাজ কাওছার। তাঁর এক ছেলে ও তিন মেয়ে।বদিউল আলম আলাপকালে জানালেন, ‘স্বাধীনতার পর আমরা বিভক্ত হয়ে পড়ি। যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছি. তা এখনো অর্জন করতে পারিনি। তবে আমি আশাবাদী।’সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১০ ও বদিউল আলম বীর উত্তমের সাক্ষাৎকার।গ্রন্থনা: তারা রহমান