৪৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।আবদুল্লাহ-আল-মাহমুদবীর প্রতীকরাত সাড়ে তিনটা। একসঙ্গে গর্জে উঠল শত শত অস্ত্র। গুলি-গোলার শব্দে গোটা এলাকা প্রকম্পিত। চারদিকে বারুদের উৎকট গন্ধ। ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মুক্তিযোদ্ধারা এগিয়ে যাচ্ছেন শত্রুর বাংকার লক্ষ্য করে। তাঁদের সঙ্গে আছে মিত্রবাহিনীর রাজপুত রেজিমেন্ট। সব মিলিয়ে প্রায় ৮০০ জন। আবদুল্লাহ-আল-মাহমুদ একটি দলের নেতৃত্বে। তিনি কাট অব পার্টির দায়িত্বে। সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ সেদিন একে একে ভেঙে পড়তে থাকে। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি যুদ্ধ। পাকিস্তানিদের পালিয়ে যাওয়ার পথ ছিল রুদ্ধ। ভোর পাঁচটার দিকে তাদের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়ে যায়। সেদিন যুদ্ধে পাকিস্তানি বাহিনীর একজন ছাড়া সবাই নিহত হয়। অন্যদিকে মুক্তিবাহিনীর ১৯ জন ও মিত্র বাহিনীর ৫৬ জন শহীদ হন। এ ঘটনা ১৯৭১ সালের। ৩ অক্টোবর। রোজার মাসে। শেরপুর জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালীতে। তেলিখালী বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রাম। এখানে ছিল পাকিস্তানিদের দুর্ভেদ্য একটি ঘাঁটি। প্রতিরক্ষায় ছিল পাকিস্তানি সেনাবাহিনী ৩৩ পাঞ্জাব রেজিমেন্টের ১২৫ জনসহ রেঞ্জার্স ও রাজাকার। সব মিলিয়ে ২৩৭ জন। দূরে বাঘাইতলীতে ছিল তাদের গোলন্দাজ বাহিনীর একটি দল।আবদুল্লাহ-আল-মাহমুদ ১৯৭১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগ দেন। পরে তাঁদের সঙ্গে ভারতের ঢালুতে আশ্রয় নেন। এখানে তাঁরা নিজেদের চেষ্টায় একটা প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন। জুন মাসের পর তাঁদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। আগস্ট মাসে তাঁকে ১১ নম্বর সেক্টরের ঢালু সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই সাব-সেক্টরের অপারেশনাল এলাকা ছিল হালুয়াঘাট, ঢালু, ময়মনসিংহ সড়ক পর্যন্ত। এসব এলাকায় আগস্ট মাস থেকে অনেক যুদ্ধ হয়। কয়েকটিতে তিনি সরাসরি অংশ নেন।মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা প্রদর্শনের জন্য আবদুল্লাহ-আল-মাহমুদ বীর প্রতীক খেতাব পেয়েছেন।আবদুল্লাহ-আল-মাহমুদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া গ্রামে। বর্তমানে ঢাকার উত্তরায় ১২ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের একটি বাড়িতে বাস করেন। তিনি চিকিৎসক। বেসরকারি একটি মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। তাঁর বাবার নাম মফিজল হক। ময়ের নাম রোকেয়া হক। স্ত্রী ডা. কামরুন্নেসা। তাঁদের দুই মেয়ে এক ছেলে।আলাপকালে আবদুল্লাহ-আল-মাহমুদ বলেন, ‘বাঙালি জাতির উন্নতির জন্য আমরা যুদ্ধ করেছি। এখনো তা অর্জিত হয়নি। দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য সবাইকে কাজ করতে হবে।’সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১ ও আবদুল্লাহ-আল-মাহমুদের সাক্ষাৎকার।গ্রন্থনা: তারা রহমান