তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৩৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহিদুল হক ভূঁইয়া, বীর প্রতীকদক্ষ পর্যবেক্ষণকারীমুক্তিযোদ্ধারা আক্রমণ করলেন শত্রু পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে। তাঁদের সঙ্গে আছে মিত্র বাহিনীও। তুমুল যুদ্ধ চলতে থাকল। শহিদুল হক ভূঁইয়া মুক্তিবাহিনীর অবজারভার। তিনি দূরবর্তী স্থানে থাকা যৌথ বাহিনীর গোলন্দাজ (আর্টিলারি) দলকে বেতারযন্ত্রের মাধ্যমে গ্রিড রেফারেন্স (শত্রুর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য) জানাচ্ছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গোলন্দাজ দল পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে গোলা ফেলছে। ভোর থেকে যুদ্ধ শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত যুদ্ধ চলল। কিন্তু মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে সাঁড়াশি আক্রমণ করেও পাকিস্তান সেনাবাহিনীর তেমন ক্ষতি করতে পারল না। বরং তাদেরই ক্ষয়ক্ষতি হলো ব্যাপক।পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা আক্রমণে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সেনারা দিশেহারা। এমন অবস্থায় তাঁদের পশ্চাদ্পসরণের নির্দেশ দেওয়া হলো। তাঁর বেতারযন্ত্রেও এল সেই নির্দেশ। সে সময় শহিদুল হক ভূঁইয়া মুক্তিযোদ্ধাদের যুদ্ধক্ষেত্রের অধিনায়ক লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলামের (বীর বিক্রম) পাশে। পাকিস্তান সেনাবাহিনীর বাঙ্কার উঁচু স্থানে। সেখান থেকে বৃষ্টির মতো দূরপাল্লার গুলি ছুটে আসছে। শহিদুল হক ভূঁইয়া বেতারযন্ত্রে কথা বলছেন, এমন সময় তাঁর চোখের সামনে খন্দকার আজিজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে নিভে গেল তাঁর প্রাণবায়ু। শহীদ হলেন তিনি।ব্যাপক ক্ষয়ক্ষতির পরও মুক্তিযোদ্ধাদের সামান্য যে মনোবল ছিল, এরপর তা-ও ভেঙে পড়ল। যুদ্ধের নিয়ন্ত্রণ চলে গেল পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে। এ ঘটনা চন্দ্রপুর-লাতুমুড়ায়। ১৯৭১ সালের ২২ নভেম্বর।ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত চন্দ্রপুর-লাতুমুড়া। কসবা রেলস্টেশন থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে। এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত প্রতিরক্ষা। এই প্রতিরক্ষা অবস্থান ছিল বেশ সুবিধাজনক স্থানে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে সেখানে আক্রমণ করে।এই যুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। মিত্রবাহিনীর একজন কোম্পানি কমান্ডার (শিখ মেজর), তিনজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ ৪৫ জন এবং মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলামসহ ২২ জন শহীদ হন। আহত হন অসংখ্য। পরে আহত ও শহীদদের মরদেহ উদ্ধার করতে গিয়ে শহীদ হন আরও কয়েকজন। শহিদুল হক ভূঁইয়া চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পাকিস্তানের (তখন পশ্চিম পাকিস্তান) শিয়ালকোটে। ফেব্রুয়ারি মাসে ছুটিতে বাড়িতে আসেন। মার্চ মাসের মাঝামাঝি ঢাকা সেনানিবাসের ট্রানজিট ক্যাম্পে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে সেখান থেকে পালিয়ে নিজ এলাকায় এসে যুদ্ধে যোগ দেন। প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার পর ভারতে যান। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহিদুল হক ভূঁইয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৩৯৫। গেজেটে নাম ভূঁইয়া। শহিদুল হক ভূঁইয়ার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তন্তর গ্রামে। তাঁর বাবার নাম সুন্দর আলী ভূঁইয়া। মা করপুলের নেছা। স্ত্রী বকুল বেগম। তাঁদের পাঁচ মেয়ে, এক ছেলে।সূত্র: প্রথম আলোর আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দুলাল ঘোষ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]