তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সাহেব মিয়া, বীর প্রতীক১৭ পাকিস্তানি সেনাকে আটক করেনমুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের একদল মুক্তিযোদ্ধা নভেম্বরের শেষে অবস্থান নিলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায়। এই দলের নেতৃত্বে সাহেব মিয়া। তাঁরা অগ্রবর্তী দল। আড়াইহাজার থানা সে সময় মুক্ত। কিন্তু ঢাকা-নরসিংদী সড়কে তখনো পাকিস্তানি সেনাদের চলাচল অব্যাহত আছে। সড়কের কয়েক স্থানে রয়েছে পাকিস্তানিদের প্রতিরক্ষা অবস্থান। পাঁচরুখি বাজারে ছিল এমন একটি প্রতিরক্ষা অবস্থান। সাহেব মিয়ার দলের ওপর নির্দেশ এল পাকিস্তানিদের পাঁচরুখি বাজার থেকে হটিয়ে দেওয়ার।নির্দেশ পেয়ে সাহেব মিয়া পাকিস্তানিদের ওই ক্যাম্প আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করলেন। তাঁদের সঙ্গে যোগ দিল মুক্তিবাহিনীর স্থানীয় আরও কয়েকটি দল। পরিকল্পনা অনুযায়ী তাঁরা একদিন (সঠিক তারিখ তাঁর মনে নেই) মধ্যরাতে অবস্থান নিলেন পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানের চারদিকে। তাঁদের অবস্থান থেকে পাকিস্তানিদের অবস্থানের দূরত্ব দেড়-দুই শ গজ। নির্ধারিত সময়ে একসঙ্গে গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের সব অস্ত্র। পাকিস্তানিরাও শুরু করল পাল্টা গুলিবর্ষণ। সাহেব মিয়ারা চারদিকে অবস্থান নেওয়ায় পাকিস্তানিদের পালানোর পথ ছিল রুদ্ধ। কয়েক ঘণ্টা যুদ্ধ করার পর বেশির ভাগ পাকিস্তানি তাঁদের কাছে আত্মসমর্পণে বাধ্য হলো। কয়েকজন পাকিস্তানি পালিয়ে যাচ্ছিল। তাদের তাঁরা গ্রামবাসীর সহযোগিতায় আটক করেন। সেদিন তাঁরা ১৭ জন পাকিস্তানিকে জীবিত আটক করতে সক্ষম হন; একজন নিহত হয়। সাহেব মিয়া ভারতের অমপিনগরে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন। এখানে ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। নভেম্বরের প্রথম দিকে মুক্তিবাহিনীর একটি দলের দলনেতা করে তাঁকে দেশের অভ্যন্তরে পাঠানো হয়। তিনি প্রথম যুদ্ধ করেন কুমিল্লা এলাকায়। পরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে।সাহেব মিয়া ১৯৭১ সালে যশোর সেনানিবাসে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁরা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আক্রান্ত হন। তখন তাঁদের বেশির ভাগ সেনানিবাস থেকে পালিয়ে যশোরের চৌগাছায় সমবেত হন। কিন্তু তিনি সেখানে যেতে পারেননি। বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে নানা পথ ঘুরে তিনি আগরতলায় যান। সেখানে তাঁকে প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।মুক্তিযুদ্ধে, বিশেষ করে আড়াইহাজারের পাঁচরুখি বাজারের যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সাহেব মিয়াকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে।সাহেব মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামে। তিনি বর্তমানে বসবাস করেন একই উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে। তাঁর বাবার নাম আলতাফ আলী। মা জর্জেমা নেছা। স্ত্রী আলেয়া বেগম। তাঁর এক ছেলে ও পাঁচ মেয়ে।সাহেব মিয়া বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। অসহায় মুক্তিযোদ্ধাদের দেখলে খুব খারাপ লাগে। যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলে খুশি হতাম।’সূত্র: সাহেব মিয়া বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি সোহরাব হোসেন।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন।গ্রন্থনা: তারা রহমান[email protected]