১১০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।বদিউজ্জামান টুনু, বীর প্রতীকতাঁদের অস্ত্রবোঝাই নৌকা ভেসে যাচ্ছিল১৯৭১ সালের আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাসের প্রথম দিক। মুক্তিবাহিনীর ৭ নম্বর সেক্টরের লালগোলা সাব-সেক্টরে সিদ্ধান্ত হলো, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন করতে রাজশাহীর গোদাগাড়ীর অভয়া সেতু ধ্বংস করে দেওয়া হবে। ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলায় বদিউজ্জামানসহ একদল মুক্তিযোদ্ধা অপেক্ষা করছেন এই অপারেশনে আসার জন্য।একদিন সীমান্ত এলাকা থেকে ক্লিয়ারেন্স এল। বদিউজ্জামান ও তাঁর সহযোদ্ধারা তৈরি হয়েই ছিলেন। দ্রুত তাঁরা রওনা হলেন। নির্ধারিত সময়ে সমবেত হলেন সীমান্তবর্তী ক্যাম্পে। সে জায়গাটি বাংলাদেশের অভ্যন্তরেই। মুক্তিযোদ্ধারা সেখানকার স্থানীয় একজনকে পাঠালেন রেকি করতে। তিনি ফিরে এসে কোথায় কী আছে জানিয়ে চলে গেলেন। পরে আবার তাঁর আসার কথা পথ চিনিয়ে দেওয়ার জন্য। মুক্তিযোদ্ধারা তৈরি হলেন। নির্ধারিত সময় পেরিয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হলো। কিন্তু স্থানীয় ওই লোক আর ফিরে এলেন না। তখন বাধ্য হয়ে মুক্তিযোদ্ধারা নিজেরাই রওনা হলেন লক্ষ্যস্থলের দিকে। ঝুঁকিপূর্ণ পথ। দাঁড়ের নৌকা করে যেতে অনেক রাত হয়ে গেল। তাঁরা লক্ষ্যস্থলের কাছাকাছি গেছেন এমন সময় রাতের নিঃস্তব্ধতা খান খান করে গুলির শব্দ। হঠাৎ আক্রমণে মুক্তিযোদ্ধারা হতচকিত। সবাই নৌকা থেকে ঝাঁপ দিয়ে পড়লেন পানিতে। তাঁদের মাথার ওপর দিয়ে যেতে থাকল শত শত গুলি। এদিকে তাঁদের অস্ত্র সব ছিল নৌকায়। সে নৌকা ভেসে যাচ্ছিল পাকিস্তানিদের দিকে। বদিউজ্জামান ঝুঁকি নিয়ে সে নৌকা অনেক কষ্টে টেনে আনেন। নৌকা থেকে অস্ত্র, গোলাবারুদ নিয়ে কিছু সময় পর মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি শুরু করলেন। তাঁরা প্রথম দিকে অন্ধকারের ভেতরে পজিশন নেওয়ার মতো উপযুক্ত জায়গা পাচ্ছিলেন না। সেখানে চারদিকেই ছিল পানি। শেষে একটি উঁচু জায়গা পাওয়া যায়। সেখানে তাঁরা অবস্থান নিয়ে পাকিস্তানিদের মোকাবিলা করতে থাকেন। দু-তিন ঘণ্টা যুদ্ধ চলে। এক পর্যায়ে পাকিস্তানিদের দিক থেকে গুলি থেমে গেল। আর ঠিক তখনই মুক্তিযোদ্ধারা দেখতে পেলেন রাস্তায় দূরে কয়েকটি গাড়ির হেডলাইটের আলো। পাকিস্তানি সেনারা নতুন শক্তি নিয়ে এগিয়ে আসছে। এ অবস্থায় সেখানে অবস্থান করা তাঁদের জন্য নিরাপদ ছিল না। মুক্তিযোদ্ধারা দ্রুত ওই এলাকা থেকে সরে পড়েন।বদিউজ্জামান টুনুরা সেদিন ওই সেতু ধ্বংস করতে পারেননি। আর ওই স্থানীয় লোক তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সেটা তাঁরা পরে বুঝতে পারেন। লোকটি পাকিস্তানিদের কাছে তাঁদের আগমনের খবর পৌঁছে দেয়। খবর পেয়ে আগেই পাকিস্তানিরা সেখানে অবস্থান নেয়। সেদিন যুদ্ধে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়। মুক্তিবাহিনীর একজন শহীদ হন।বদিউজ্জামান টুনু ১৯৭১ সালে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। তখন তাঁর বয়স ছিল ৪২। ওই বয়সেই তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারতে গিয়ে সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ নেন। গেরিলাযুদ্ধের পাশাপাশি সম্মুখযুদ্ধও করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বদিউজ্জামান টুনু বীর প্রতীক খেতাব পেয়েছেন।বদিউজ্জামান টুনুর পৈতৃক বাড়ি রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর ঝাউতলার মোড়ে। এখানেই তিনি বর্তমানে বাস করেন। তাঁর বাবার নাম আবদুল গফুর। মা তাইসন নেছা। স্ত্রী ফিরোজা জামান। তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাঁর বড় ভাইয়ের দুই ছেলে, ছোট ভাই, ভগ্নিপতি ও ভাগনি জামাই নজমুল হককে হত্যা করে। নজমুল হক পাকিস্তান জাতীয় পরিষদের এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেমব্লি) ছিলেন।বদিউজ্জামান টুনু বললেন, আমরা স্বাধীনতা এনেছি কিন্তু মুক্তি এনে দিতে পারিনি। নতুন প্রজন্মের জন্য তা রেখে যাচ্ছি। কোনো সরকারই মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায়নি। তারা শুধু তাদের ব্যবহার করেছে।সূত্র: বদিউজ্জামান টুনু বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি আবুল কালাম মুহম্মদ আজাদ ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৭।গ্রন্থনা: তারা রহমান[email protected]