তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।আশরাফ আলী খানবীর প্রতীক২২ নভেম্বর। ১৯৭১। সিলেটের কানাইঘাট এলাকা। অদূরে সুরমা নদী। তার দক্ষিণ তীরে গৌরীপুর। সেখানে অবস্থান নিল মুক্তিবাহিনীর একটি অগ্রবর্তী দল। এই দলে আছেন মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান। তিনি হেভি মেশিনগান চালক।কানাইঘাটে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ৩১ পাঞ্জাব রেজিমেন্টের আলফা কোম্পানি। তারা হঠাৎ তাদের ডিফেন্স পজিশন ছেড়ে গৌরীপুরে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করল। অতর্কিত এই আক্রমণে মুক্তিবাহিনীর অবস্থান বেশ নাজুক হয়ে পড়ল। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে মুক্তিযোদ্ধারা সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করে যাচ্ছেন। চারদিকে গোলাগুলির তীব্র শব্দ। বারুদের গন্ধ। আর্তনাদ আর চিৎকার। আশরাফ আলী বীরত্বের সঙ্গে যুদ্ধ করছেন। মাঝেমধ্যে দেখছেন সহযোদ্ধাদের শহীদ ও আহত হওয়ার দৃশ্য। ক্রমে মুক্তিবাহিনীর হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছে। একপর্যায়ে তাঁদের আলফা কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন মাহবুব শহীদ হলেন। ক্যাপ্টেন মাহবুব শহীদ হলে কমান্ডারের দায়িত্ব পালন করতে থাকেন লেফটেন্যান্ট লিয়াকত। তিনিও শত্রুর গুলিতে আহত হন। আশরাফ আলী নিজেও শত্রুর গুলিতে গুরুতরভাবে আহত হলেন। তাঁর বুকে দুটি গুলি লাগে।সেদিন গৌরীপুরে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযোদ্ধারা নিজেদের ক্ষয়ক্ষতি উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গে পাকিস্তানিদের আক্রমণ শেষ পর্যন্ত প্রতিহত করেন। মুক্তিযোদ্ধারা গতানুগতিক সম্মুখযুদ্ধেও যে দক্ষ, তা সেদিন তাঁরা স্বীয় শৌর্যবীর্য ও ত্যাগের মাধ্যমে প্রমাণ করেন। তাঁদের সাহস, মনোবল, বীরত্ব ও রণনৈপুণ্যের কাছে পাকিস্তানিরা হার মানতে বাধ্য হয়। পাকিস্তানিরা গৌরীপুর থেকে পালিয়ে আবার তাদের কানাইঘাট ডিফেন্সে অবস্থান নেয়।আশরাফ আলী খান প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলেন। ১৯৭১ সালের ৩০ মার্চ যশোর সেনানিবাসে আক্রান্ত হন। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে চৌগাছায় মিলিত হয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন।আশরাফ আলী খান সিলেটের গৌরীপুর ছাড়াও কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কোদালকাটি, কামালপুর যুদ্ধে (৩১ জুলাই) অংশ নিয়েছেন। গৌরীপুরে যুদ্ধ চলা অবস্থায় সহযোদ্ধারা আশরাফ আলী খানকে উদ্ধার করে ভারতে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।গৌরীপুর যুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য আশরাফ আলী খান বীর প্রতীক খেতাব পেয়েছেন।আশরাফ আলী খানের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চট্টিগ্রামে। তিনি এখন বসবাস করেন শহরের আকুয়া চৌরঙ্গীর মোড়ে। তাঁর বাবার নাম আবদুল মমিন খান মোজাহেদী। মায়ের নাম মরিয়ম খাতুন। স্ত্রীর নাম জীবুন্নাহার। তাঁদের তিন ছেলে।আলাপকালে আশরাফ আলী খান বললেন, ‘দেশের জন্য যুদ্ধ করেছি, এটা আমার অনেক বড় পাওয়া।’ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা, সম্মানী বা অন্য কোনো সুবিধা এ যাবত তিনি পাননি।সূত্র: আশরাফ আলী খান বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৫ ও ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান