১৪০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুল নূর, বীর প্রতীকছেলের পথ চেয়ে বসে ছিলেন মা-বাবাআবদুল নূর সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) শিয়ালকোটে। মুক্তিযুদ্ধ শুরু হলে কয়েক মাস পর পালিয়ে ভারতে যান। ২ নম্বর সেক্টরে এসে যোগ দেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ করেন গঙ্গাসাগর সাবসেক্টর এলাকায়। চন্দ্রপুরে এক যুদ্ধে শহীদ হন। এ খবর তাঁর পরিবারের কেউই জানতেন না। সহযোদ্ধা বা মুক্তিবাহিনীর পক্ষ থেকেও এ খবর তাঁর মা-বাবা বা পরিবারের আর কাউকে জানানো হয়নি। মা-বাবা মনে করেছেন, তাঁদের ছেলে পাকিস্তানে। স্বাধীনতার পর তাঁরা প্রতীক্ষায় থাকেন। যখন পাকিস্তান থেকে আটকে পড়া বাঙালিদের ফেরত পাঠানো শুরু হলো, তখন মনে করেছেন, যেকোনো দিন তাঁদের ছেলে ফিরে আসবেন। তখনো এলেন না। তারপর সবকিছু নিয়তির ওপর ছেড়ে দিলেও যত দিন বেঁচে ছিলেন, তাঁরা ছেলের প্রতীক্ষায় পথ চেয়ে দিন কাটিয়েছেন। কিন্তু ছেলে ফিরে আসেননি। ২৫ বছর পর ১৯৯৬ সালে একটি চিঠি আসে আবদুল নূরের পৈতৃক বাড়িতে। তখন তাঁর মা-বাবা বেঁচে নেই। সেই চিঠি পেয়ে আবদুল নূরের মেয়ে ও পরিবারের লোকজন জানতে পারলেন, তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এই চিঠি আসে সিলেটের জালালাবাদ সেনানিবাস থেকে। চিঠিতে (স্মারক নম্বর ২০৮/১) ভাতাসংক্রান্ত বিষয় উল্লেখ করে জানানো হয়, আবদুল নূর যুদ্ধে শহীদ হয়েছেন।শহীদ মুক্তিযোদ্ধা আবদুল নূর বিবাহিত ও বিপত্নীক। ১৯৬৯ সালে তাঁর স্ত্রী হোসনে আরা নামে এক শিশুকন্যা রেখে মারা যান। তখন মেয়ের বয়স তিন। এর পর থেকে সেই শিশুকন্যাকে তাঁর বাবা লালন-পালন করতে থাকেন। ১৯৭১ সালের প্রথম দিকে বাবার কাছে চিঠি লিখে মেয়ের খবর জানতে চান। সেটাই ছিল সর্বশেষ যোগাযোগ। এরপর আর কোনো চিঠিপত্র বা যোগাযোগ ছিল না। অক্টোবর মাসের মাঝামাঝি তাঁর খোঁজে একদল পাকিস্তানি সেনা বাবার বাড়িতে আসে। তখন তাঁর বাবা অবাক হন। তিনি বলেন, আবদুল নূর পশ্চিম পাকিস্তানে। সেনারা বাড়ি তল্লাশি করে চলে যায়। আবদুল নূরের মা-বাবা ভাবেনওনি তিনি মুক্তিযুদ্ধে। সে জন্যই তাঁরা প্রতীক্ষায় থেকেছেন।চন্দ্রপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত। কসবা রেলস্টেশন থেকে পাঁচ কিলোমিটার উত্তরে। ১৯৭১ সালে সেখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। ২২ নভেম্বর সেখানে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। ১৮ নভেম্বর মিত্রবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল মুক্তিবাহিনীর গঙ্গাসাগর সাবসেক্টরের অধিনায়ক আইনউদ্দিনকে (বীর প্রতীক ও পরে মেজর জেনারেল) সেখানে আক্রমণের জন্য বলেন। পরিকল্পনা মোতাবেক মুক্তিবাহিনী ভেতর থেকে এবং ভারতীয় সেনারা সীমান্তের দিক থেকে চন্দ্রপুরের পাকিস্তানি অবস্থানে আক্রমণ করে। মুক্তিবাহিনীর দলে আবদুল নূরও ছিলেন। এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর চেয়ে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যোদ্ধারাই শহীদ হন বেশি। ভারতীয় সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার শিখ মেজর ও তিনজন জুনিয়র কমিশন অফিসারসহ প্রায় ৪৫ জন ও মুক্তিবাহিনীর ২২ জন শহীদ হন। আহত হন প্রায় ৩৪ জন। যৌথ বাহিনী চন্দ্রপুর সাময়িক সময়ের জন্য দখল করলেও পাকিস্তানি সেনারা পুনর্দখল করে। পরদিন মুক্তিবাহিনীর একটি দল শহীদ সহযোদ্ধাদের লাশ উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁরা মাত্র আটজনের লাশ উদ্ধার করতে সক্ষম হন। এই সময় মুক্তিবাহিনীর কয়েকজন আবার পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন। উদ্ধারকৃত লাশের মধ্যে শহীদ আবদুল নূরের লাশ ছিল না।মুক্তিযুদ্ধে বিশেষত চন্দ্রপুর যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আবদুল নূরকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।শহীদ আবদুল নূরের বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। তাঁর বাবার নাম আশ্রম আলী, মা কনাই বিবি। তাঁর একমাত্র মেয়ে হোসনে আরা মা-বাবার আদর পাননি। নিদারুণ দুঃখকষ্টে বড় হয়েছেন। বড় হওয়ার পর পরিবারের লোকজন তাঁকে বিয়ে দেন। কিন্তু তাঁর স্বামীও মারা গেছেন। তাঁর কোনো সন্তান নেই। বর্তমানে তিনি বেশ অভাব-অনটনে অসহায়ভাবে দিন যাপন করছেন। সূত্র: প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]