১৭৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. শহীদুল ইসলাম, বীর প্রতীকবিলোনিয়ায় বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনিপাকিস্তান সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থান নাজুক হয়ে পড়ল। পাকিস্তানিরা ক্রমেই আরও শক্তি বৃদ্ধি করছে। মুক্তিযোদ্ধাদের অধিনায়ক বুঝতে পারলেন পাকিস্তানিদের আর ঠেকানো যাবে না। তাই সিদ্ধান্ত নিলেন পশ্চাদপসরণের। মুক্তিবাহিনীর সব দলকে খবর পাঠালেন। এক স্থানে মুক্তিযোদ্ধাদের একটি দলের নেতৃত্বে ছিলেন মো. শহীদুল ইসলাম। তিনি অধিনায়কের মেসেজ পাননি। রয়ে গেছেন নিজেদের প্রতিরক্ষা অবস্থানে। বিপুল পাকিস্তানি সেনা বিভিন্ন দিক থেকে আক্রমণ করল তাঁদের অবস্থানে। শুরু হলো প্রচণ্ড যুদ্ধ। মুক্তিযোদ্ধারা মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। অসম লড়াই চলল অনেকক্ষণ। যুদ্ধে সাহস ও রণকৌশল প্রদর্শন করেও তাঁরা বেশিক্ষণ অবস্থান ধরে রাখতে পারলেন না। বাধ্য হলেন পশ্চাদপসরণ করতে।এ ঘটনা ১৯৭১ সালের জুন মাসে। ফেনী জেলার বিলোনিয়া এলাকায়। ২১ জুন পর্যন্ত বিলোনিয়া মুক্ত ছিল। পরশুরাম থানার অন্তর্গত বিলোনিয়া। প্রায় ২৮-২৯ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার প্রশস্ত এ অঞ্চল। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে চট্টগ্রাম জেলা শুরু হওয়ার আগে একটি ছোট ভূখণ্ড ভারতের ভেতরে ঢুকে গেছে। তিন দিকে ভারতীয় সীমান্ত। এই অঞ্চলেরই নাম বিলোনিয়া। ৩ জুন পাকিস্তান সেনাবাহিনী প্রথম বিলোনিয়ায় আক্রমণ করে। যুদ্ধ চলে ২১ জুন পর্যন্ত। বিলোনিয়ার বিভিন্ন স্থানে ছিল মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থান। পশ্চিম দিকে আন্তর্জাতিক সীমানা বরাবর নোয়াপাড়া এলাকায় ছিলেন মো. শহীদুল ইসলাম। ৩ জুন পাকিস্তান সেনাবাহিনীর একটি দল বান্দু-দৌলতপুর রেললাইন ও ছাগলনাইয়া থেকে উত্তর দিকে চলে যাওয়া লাইন বরাবর অগ্রসর হয়ে প্রথম আক্রমণ করে। তখন মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পিছু হটে যায়। ১১ জুন পাকিস্তান সেনাবাহিনী আবার আক্রমণ করে। এবারও পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে পিছু হটে যেতে বাধ্য হয়। এর পর থেকে প্রতিদিন সেখানে যুদ্ধ চলতে থাকে। ২১ জুন বিকেলের দিকে পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টার, ট্যাংক নিয়ে আক্রমণ শুরু করে। সারা রাত সেখানে যুদ্ধ চলে। গোটা এলাকায় গোলাগুলিতে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র শহীদুল ইসলামের নেতৃত্বাধীন দল ছাড়া মুক্তিযোদ্ধাদের সব দল মধ্যরাত থেকে পশ্চাদপসরণ শুরু করে। পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের ছেড়ে যাওয়া এলাকা সহজেই দখল করে, শুধু নোয়াপাড়ার অংশ ছাড়া। মো. শহীদুল ইসলাম তাঁর দল নিয়ে কয়েক ঘণ্টা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেও শেষ পর্যন্ত পশ্চাদপসরণে বাধ্য হন। এভাবেই বিলোনিয়ার প্রথম যুদ্ধের অবসান হয়।মো. শহীদুল ইসলাম চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) মুলতান সেনানিবাসে। ৬ সিগন্যাল ব্যাটালিয়নে। তখন তাঁর পদবি ছিল ক্যাপ্টেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার পর ২ নম্বর সেক্টরের রাজনগর সাব-সেক্টর এলাকায় যুদ্ধ করেন। উল্লেখযোগ্য অপারেশন ছাগলনাইয়া এবং ফুলগাজী রেল ও সড়ক সেতু আক্রমণ।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শন করার জন্য মো. শহীদুল ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।মো. শহীদুল ইসলামের পৈতৃক বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব বশিকপুর গ্রামে। সেখানে তিনি থাকেন না। বসবাস করেন ঢাকার মহাখালী ডিওএইচএসে। তাঁর বাবার নাম আলী আহমদ, মা আফিয়া খাতুন। স্ত্রী সায়মা শহীদ। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে।মো. শহীদুল ইসলাম বলেন, ‘দেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। আমরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সে স্বপ্ন নতুন প্রজন্মকে বাস্তবায়ন করতে হবে।’সূত্র: মো. শহীদুল ইসলাম বীর প্রতীকের সাক্ষা ৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। ছবি: দিয়াব মাহমুদ।গ্রন্থনা: তারা রহমান[email protected]