১৯২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবুল কালাম, বীর প্রতীকচরম বিপদেও দমেননি তিনি কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন আবুল কালাম। চিকিৎসা করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। আবেগঘন কণ্ঠে তিনি বললেন, ‘মুক্তিযুদ্ধের সময় আহত হয়েছিলাম। সে সময় মরে গেলে ভালোই হতো। প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগে। টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারি না। এত টাকা সংগ্রহ করার সাধ্য আমার নাই।’ আবুল কালাম কর্মরত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাসে। ১৯৭১ সালের মার্চে সম্ভাব্য ভারতীয় আগ্রাসনের কথা বলে তাঁদের কোম্পানিকে সেনানিবাসের বাইরে মোতায়েন করা হয়। ২৪ মার্চ তিনি তাঁর কোম্পানির সঙ্গে দিনাজপুরের ঘোড়াঘাটে ছিলেন। ২৬ মার্চ তাঁরা বিদ্রোহ করে বগুড়া-রংপুর সড়কে অবস্থান নেন। ২৮ মার্চ রংপুর সেনানিবাস থেকে পাকিস্তান সেনাবাহিনীর ২৬ ফ্রন্টিয়ার ফোর্স (এফএফ) ও ২৩ ফিল্ড রেজিমেন্টের একাংশ বগুড়ায় অগ্রসর হচ্ছিল। তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর ওই দলকে আক্রমণ করেন। যুদ্ধের একপর্যায়ে তাঁদের অধিনায়ক লেফটেন্যান্ট রফিককে পাকিস্তান সেনাবাহিনী কৌশলে আটক করে। এতে তাঁরা নেতৃত্বশূন্য হয়ে পড়লেও যুদ্ধ চালিয়ে যান। তাঁদের প্রবল প্রতিরোধে পাকিস্তানি সেনারা রংপুরের দিকে পশ্চাৎপসরণ করে। এই যুদ্ধে পাকিস্তানিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে তাঁর ১১ জন যোদ্ধা শহীদ হন। এরপর তাঁরা রংপুরের উদ্দেশে রওনা হন। পথে এক স্থানে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর অ্যামবুশে পড়েন। এ সময় তাঁরা বেশ পরিশ্রান্ত ছিলেন। ক্লান্তিতে সবার চোখ বুজে আসছিল। তার পরও তাঁরা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতে থাকেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। সেখানে তুমুল যুদ্ধে তাঁর বেশির ভাগ সহযোদ্ধাই শহীদ হন। আবুল কালাম আহত হন। দুই যুদ্ধে তাঁর দলের ৩৫ জনের মধ্যে ৩৩ জনই পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ হন। তিনি ও সহযোদ্ধা আবুল কাশেম বেঁচে যান। এর পরও আবুল কালাম দমে যাননি। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি ভারতে গিয়ে মূল দলের সঙ্গে মিলিত হন। পুনর্গঠিত হওয়ার পর যুদ্ধ করেন ১১ নম্বর সেক্টরের মানকারচর সাব-সেক্টরে। কোদালকাঠি, চিলমারী, উলিপুরসহ আরও কয়েকটি যুদ্ধে অংশ নেন। চিলমারী কুড়িগ্রাম জেলার অন্তর্গত। এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী একটি ঘাঁটি। ১৮ অক্টোবর ভোরে মুক্তিবাহিনীর কয়েকটি দল একযোগে চিলমারীর পাকিস্তানি অবস্থানে আক্রমণ করে। একটি দলে ছিলেন আবুল কালাম। তাঁরা ভোর চারটায় ওয়াপদার প্রধান ঘাঁটিতে আক্রমণ করেন। মুহূর্তেই প্রলয়কাণ্ড শুরু হয়ে যায়। গোলাগুলিতে চিলমারীর আকাশ রক্তিম হয়ে ওঠে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ে। বেলা ১১টার মধ্যে ওয়াপদার অবস্থান ছাড়া বাকি সব অবস্থান মুক্তিবাহিনী দখল করে। কয়েক দিন যুদ্ধের পর মুক্তিবাহিনী শেষ পর্যন্ত গোটা চিলমারীই মুক্ত করতে সক্ষম হয়। এ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী, ইপিসিএএফ, রাজাকার ও পুলিশ মিলে প্রায় ১০০ জন মুক্তিবাহিনীর হাতে নিহত এবং গোলার আঘাতে পাকিস্তান সেনাবাহিনীর দুটি স্পিডবোট, তিনটি লঞ্চ সম্পূর্ণ ধ্বংস হয়। চিলমারীর যুদ্ধে আবুল কালাম যথেষ্ট রণকৌশল ও সাহস প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবুল কালামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ১১৬। আবুল কালামের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজোর আদ্রা গ্রামে। সেখানে তিনি বসবাস করেন না। বর্তমানে বসবাস করেন গাজীপুর জেলার বোর্ডবাজার-সংলগ্ন কলমেশ্বরে। তাঁর বাবার নাম মো. ইদ্রিস ভূঁইয়া, মা আংকুরনেছা। স্ত্রী রিজিয়া বেগম। তাঁর এক ছেলে, তিন মেয়ে। সূত্র: আবুল কালাম বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ, মহিউদ্দীন শেখ ও সিরাজউদ্দীন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬ ও ১১। গ্রন্থনা: তারা রহমান [email protected]