তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. গোলাম ইয়াকুব, বীর প্রতীকছোট দল নিয়ে বড় যুদ্ধের নেতাগেরিলা মুক্তিযোদ্ধাদের দলনেতা মো. গোলাম ইয়াকুব খবর পেলেন, একদল পাকিস্তানি সেনা নৌকাযোগে নহাটা আসছে। খবর পেয়েই দ্রুত তাঁরা তৈরি হলেন। তারপর অবস্থান নিলেন নহাটা বাজারের পার্শ্ববর্তী পাকা স্কুল ভবনের ছাদে ও তহশিল অফিসে। এলাকাটা ফাঁকা। ঘাট পর্যন্ত দেখা যায়। ওখানে মানুষজন যারা ছিল, তাঁরা নিরাপদ স্থানে সরে গেছে। একটু পর পাকিস্তানি সেনারা নৌকাযোগে এসে ঘাটে নামল। পাকিস্তানি সেনা ও রাজাকার মিলে অনেক। প্রায় ১০০। গোলাম ইয়াকুব ও তাঁর সহযোদ্ধারা চমকে গেলেন। অন্যদিকে তাঁরা মাত্র ১১ জন। গোলাম ইয়াকুব ভয় পেলেন না। আক্রমণের সিদ্ধান্তই বহাল রাখলেন। পাকিস্তানি সেনা ও রাজাকাররা তাঁদের আওতার মধ্যে আসার সঙ্গে সঙ্গে গর্জে উঠল সবার অস্ত্র। গোলাগুলির শব্দের মধ্যে আর্তচিৎকার শোনা যেতে থাকল। মাটিতে লুটিয়ে পড়ল অনেক পাকিস্তানি সেনা ও রাজাকার। ঘটনার আকস্মিকতায় তারা হতবিহ্বল। পাকিস্তানিরা সব কিছু বুঝে ওঠার আগেই নিহত হলো ৩০-৩৫ জন। পরে পাকিস্তানিরা পাল্টা আক্রমণ শুরু করলে মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে চলে যান। এ ঘটনা ১৯৭১ সালের। আগস্ট মাসের ২১ তারিখ। মাগুরা জেলার মহম্মদপুর থানার অন্তর্গত নহাটায়। নহাটার পশ্চিম দিক দিয়ে নবগঙ্গা নদী। দক্ষিণে নড়াইল জেলা। তখন একটি কাঁচা রাস্তার মাধ্যমে নহাটার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ছিল। এই এলাকায় পাকিস্তানিদের কোনো স্থায়ী ঘাঁটি ছিল না। কিন্তু তারা নিয়মিত টহল দিত। ২১ আগস্ট একদল পাকিস্তানি সেনা ও রাজাকার নৌকাযোগে নবগঙ্গা নদী দিয়ে নহাটায় আসে। তাদের আসার খবর মুক্তিযোদ্ধাদের দলনায়ক মো. গোলাম ইয়াকুব গুপ্তচরের মাধ্যমে আগেই পেয়ে যান। খবর পেয়ে তিনি পাকিস্তানিদের অ্যামবুশ করার সিদ্ধান্ত নেন। মুক্তিযোদ্ধারা তখন সেই এলাকাতেই ছিলেন। তাঁরা ছিলেন মাত্র ১১ জন। ময়মনসিংহের অসীম সাহা, যশোর জেলার দেলোয়ার ও গরিব হোসেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার পরিতোষ প্রমুখ। তাঁদের কাছে অস্ত্র ছিল সাতটি এসএলআর, একটি এসএমজি ও তিনটি রাইফেল। সকাল আটটার দিকে পাকিস্তানি সেনা ও রাজাকাররা সেখানে আসে। তারা সংখ্যায় ছিল প্রায় এক কোম্পানি। মো. গোলাম ইয়াকুব ক্ষুদ্র দল নিয়ে দুঃসাহসিকতার সঙ্গে অ্যামবুশ পরিচালনা করেন। তাঁদের অ্যামবুশে ৩০-৩৫ জন পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হয়। সেদিন পাকিস্তানি সেনারা সেখানেই অবস্থান করে। পরদিন ভোরে মুক্তিযোদ্ধারা আবার পাকিস্তানিদের আকস্মিক আক্রমণ করেন। এ আক্রমণেও বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়।মো. গোলাম ইয়াকুব আনসার বাহিনীতে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মাগুরায় প্রতিরোধযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ভারতে গিয়ে উন্নত প্রশিক্ষণ নেন। মুক্তিবাহিনীর একটি ক্ষুদ্র দলের নেতৃত্ব দিয়ে তাঁকে গেরিলা অপারেশন করার জন্য মাগুরা এলাকায় পাঠানো হয়। নহাটায় অ্যামবুশ করার কয়েক দিন পর মহম্মদপুর থানার জয়রামপুরে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধ করেন। এই যুদ্ধে তাঁর বীরত্ব ও রণকৌশলে পাকিস্তানিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. গোলাম ইয়াকুবকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৩৮২।মো. গোলাম ইয়াকুবের পৈতৃক বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামে। ২০০১ সালে তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম জমিরউদ্দীন মোল্লা। মা সাজু বিবি। স্ত্রী শামছুন্নাহার। তাঁর পাঁচ ছেলে ও এক মেয়ে।মো. গোলাম ইয়াকুবের বড় ছেলে ফারুকুজ্জামান বললেন, ‘একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা হিসেবে বাবাকে এলাকার মানুষ যথেষ্ট সম্মান করেছেন। কিন্তু নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে জানে না। মাগুরায় দৃশ্যমান অর্থাৎ কোনো কিছুর নামকরণ করা হলে নতুন প্রজন্ম বাবার বীরত্ব সম্পর্কে জানতে পারত।’সূত্র: জাহিদ রহমান, প্রধান নির্বাহী, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণাকেন্দ্র এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]