৪৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।খলিলুর রহমানবীর প্রতীকরাতের নিস্তব্ধতা খান খান করে হঠাৎ গোলাগুলির শব্দ। পাকিস্তানি সেনাবাহিনীর (৩১ পাঞ্জাব রেজিমেন্ট) মুক্তিবাহিনীর ডিফেন্সে অতর্কিতে আক্রমণ করেছে। খলিলুর রহমানরা দ্রুত পজিশন নিলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। এ ঘটনা ফেনী জেলার বিলোনিয়ায়। ১৯৭১ সাল। নভেম্বর মাসের প্রথম, বাংলা কার্তিক মাসের শেষ দিক। রাতে হালকা শীত। কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি। তার মধ্যে চলছে তুমুল যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছে ২ নভেম্বর। বিলোনিয়া ২ নম্বর সেক্টরের রাজনগর সাবসেক্টর এলাকা। এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য ১ নম্বর সেক্টরের একটি কোম্পানিকে তলব করা হয়েছে। এই কোম্পানিতে ছিলেন খলিলুর রহমান। নেতৃত্বে ক্যাপ্টেন মাহফুজুর রহমান।বিলোনিয়া মুক্ত হওয়ার পথে। ৬ নভেম্বর তাঁরা সলিয়াদিঘীতে ডিফেন্স নিলেন। তাঁদের সঙ্গে আরও কয়েকটি কোম্পানি। ৭ নভেম্বর ভোরবেলা। আনুমানিক সাড়ে চারটা বা পৌনে পাঁচটা। খলিলুর রহমানসহ সবাই যে যার ডিফেন্সে। কয়েক দিনের যুদ্ধে তাঁরা পরিশ্রান্ত। কেউ ঘুমিয়ে। কেউ আধা ঘুমে। অল্প কয়জন জেগে আছেন। মুক্তিবাহিনীর অগ্রবর্তী ডিফেন্সে ছিলেন এক দল ইপিআর। তাঁদের নেতৃত্বে হাবিলদার শহীদ। তাঁরা পাকিস্তানিদের প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু তীব্র আক্রমণের মুখে তাঁদের সে প্রতিরোধ ভেঙে পড়ে। শহীদসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানিরা আটক করে। পরে পাকিস্তানিরা তাঁদের হত্যা করে।হাবিলদার শহীদের প্লাটুন পরাজিত হলেও সেখানে যুদ্ধ অব্যাহত থাকে। খলিলুর রহমান ও তাঁর অন্য সহযোদ্ধারা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে পাকিস্তানিদের মোকাবিলা করতে থাকেন। আনুমানিক দুপুর তিনটায় দুটি পাকিস্তানি জঙ্গি বিমান তাঁদের অবস্থানের ওপর হামলা চালায়। কিন্তু এতেও খলিলুর রহমানরা পিছপা হননি। একপর্যায়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে হাতাহাতি যুদ্ধ শুরু হয়। এরপর পাকিস্তানিরা তাদের ৩০ জনের মৃতদেহ ফেলে পালিয়ে যায়।খলিলুর রহমান ১৯৭১ সালে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণরত ছিলেন। ২৫ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হন। তাঁদের বেশির ভাগ সেদিন পাকিস্তানিদের হাতে শহীদ হন। অল্পকিছুসংখ্যক পালিয়ে যেতে সক্ষম হন। পরে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। খলিলুর রহমান সলিয়াদিঘী ছাড়াও ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, গুতুমা, বল্লভপুর, শুভপুর, পরশুরাম, চম্পকনগরসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেছেন।মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য খলিলুর রহমান বীর প্রতীক খেতাব পেয়েছেন।খলিলুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলা শহরের উত্তর সাতপাইয়ে। এখানে এক টুকরো জমির ওপর তাঁর একটি খুপরি ঘর। তাঁর বাবার নাম আবদুস ছোবহান খান, মায়ের নাম সখিনা খানম। স্ত্রীর নাম রেহেনা খানম। তাঁদের কোনো সন্তান নেই।খলিলুর রহমান বলেন, স্বাধীনতার ৪০ বছর পরও সাধারণ মানুষের মুক্তি আসেনি। প্রভাবশালীদের হাতে তারা এখনো নিগৃহীত হচ্ছেন।সূত্র: খলিলুর রহমান বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মো. গোলাম মোস্তফা এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১ ও ২।গ্রন্থনা: তারা রহমান