তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।শহীদ খবিরুজ্জামান বীর বিক্রমঅক্টোবর মাসের প্রথম দিক। খবিরুজ্জামানসহ তিনজন নৌ কমান্ডো ভারত থেকে রওনা হলেন মাদারীপুরের উদ্দেশে। লক্ষ্য টেকেরহাট ফেরিঘাটে আক্রমণ। নিরাপত্তার কারণে তাঁদের রাতে চলাচল করতে হয়। আবার যাত্রাপথও তাঁদের অচেনা। অনেক কষ্টে যুদ্ধাস্ত্র, মাইনসহ তাঁরা সাত দিনে পৌঁছালেন মাদারীপুরের রাজৈরে গোপন মুক্তিযোদ্ধা ক্যাম্পে। সেখানে অবস্থা পর্যবেক্ষণের পর তাঁরা সিদ্ধান্ত নিলেন অক্টোবরের শেষ দিকে টেকেরহাট ফেরিঘাট আক্রমণের। তাঁদের নিরাপত্তা দেবে মুক্তিযোদ্ধাদের একটি দল।নির্ধারিত দিন রাত একটায় খবিরুজ্জামান ও অন্য দুই নৌ কমান্ডো মাইন বুকে বেঁধে এগিয়ে যেতে থাকলেন। কিন্তু রেকিতে ভুল থাকায় খবিরুজ্জামান তাঁর টার্গেট (টহলবোট) খুঁজে পাচ্ছিলেন না। এ জন্য তিনি পানি থেকে মাথা উঁচু করে তা খুঁজতে থাকলে পাকিস্তানি সেনারা তাঁকে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাদের ছোড়া এক ঝাঁক গুলিতে খবিরুজ্জামানের মাথা ও দেহ ঝাঁঝরা হয়ে যায়। নৌকমান্ডো খবিরুজ্জামান সেদিন এখানে শহীদ হন। অন্য দুজন কমান্ডো সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁদের লাগানো মাইনে ফেরিঘাট সম্পূর্ণ ডুবে যায়।ঘটনার তিন দিন পর খবিরুজ্জামানের সহযোদ্ধারা জানতে পারেন টেকেরহাট থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী এক স্থানে নদীতে ডুবুরির পোশাক পরিহিত খবিরুজ্জামানের লাশ ভেসে আছে। তখন তাঁরা সেখানে গিয়ে খবিরের লাশ শনাক্ত করেন। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে তাঁরা শহীদ খবিরের লাশ দাফন করতে না পেরে ডুবুরির পোশাক খুলে কুমার নদেই লাশটি ভাসিয়ে দেন।খবিরুজ্জামান নৌকমান্ডোর প্রশিক্ষণ নেওয়ার পর চট্টগ্রামে প্রথম অপারেশনে অংশ নেন। এরপর খুলনার চালনা বন্দরে। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা প্রদর্শনের জন্য শহীদ খবিরুজ্জামানকে মরণোত্তর বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছে। শহীদ খবিরুজ্জামানের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল জব্বার মৃধা, মায়ের নাম সুফিয়া খাতুন। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর চার ভাই ও তিন বোনের মধ্যে বর্তমানে জীবিত আছেন এক ভাই দুই বোন। জীবিত ভাইয়ের নাম সফিউজ্জামান। তিনি রূপালী ব্যাংকে চাকরি করেন।শহীদ খবিরুজ্জামানের স্মৃতি ধরে রাখার জন্য স্বাধীনতার পর পাংশার বাহাদুরপুর হাইস্কুলের নামকরণ করা হয়েছে শহীদ খবিরুজ্জামান উচ্চবিদ্যালয়। সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর দশ এবং সাইফুল আলমের (প্রভাষক, ঝিনাইদহ ক্যাডেট কলেজ) দেওয়া তথ্য।গ্রন্থনা: তারা রহমান