১৫৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।নূরুল ইসলাম খান পাঠান, বীর প্রতীকটাকার জন্য চিকিৎসা হচ্ছে না তাঁরবীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান পাঠান কয়েক বছর ধরে অসুস্থ। নানা রোগ শরীরে ভর করেছে। তাঁর সুচিকিৎসার প্রয়োজন। টাকার অভাবে করাতে পারছেন না। কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ায় তাঁর বোনের বাড়ি। সেখানে তিনি বর্তমানে রয়েছেন। বোন সাধ্যানুযায়ী তাঁর কিছু চিকিৎসা করিয়েছেন, পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা বোনেরও নেই। এই দুঃসময়ে কেউ তাঁর তেমন খোঁজখবর নেননি।নূরুল ইসলাম খান পাঠান ১৯৭১ সালে একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। ২৫ মার্চের পর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল কিশোরগঞ্জে অবস্থান নেয়। ৩ এপ্রিল দলটি তেলিয়াপাড়ায় যায়। তখন বাবা-মাকে না জানিয়ে তিনি ওই দলের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে তেলিয়াপাড়ায় যান। পরে মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতে প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীন তেলিয়াপাড়াসহ আরও কয়েক স্থানে সাহসিকতার সঙ্গে গেরিলা ও সম্মুখযুদ্ধ করেন। তিনি ছিলেন মুক্তিবাহিনীর একটি দলের প্লাটুন কমান্ডার।নভেম্বরের মাঝামাঝি নূরুল ইসলাম খান পাঠানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা অবস্থান নেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার চানপুর গ্রামে। সেখানে তাঁরা মাটির বাংকার তৈরি করে ক্যাম্প স্থাপন করেন। ডিসেম্বরের প্রথম দিকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরাট একটি দল তাঁদের ক্যাম্পে আক্রমণ করে। পাকিস্তানি সেনাবাহিনীর সাঁড়াশি আক্রমণে সেখানে অবস্থানরত মুক্তিযোদ্ধারা বিপর্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ যুদ্ধ করে বেশির ভাগ মুক্তিযোদ্ধা পশ্চাদপসরণ করেন। কিন্তু নূরুল ইসলাম খান পাঠান ও তাঁর কয়েকজন সহযোদ্ধা জীবনের মায়া ত্যাগ করে নিজ নিজ অবস্থানেই থেকে যান। তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। একপর্যায়ে পাকিস্তানি সেনারা তাঁদের তিন দিক থেকে ঘেরাও করে ফেলে। তখন তিনি ও কয়েকজন সহযোদ্ধা একের পর এক গ্রেনেড চার্জ করে পাকিস্তানি সেনাদের অগ্রযাত্রা প্রতিহত করেন। তাঁদের গ্রেনেডে কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়। এ সময় পশ্চাদপসরণ করে যাওয়া মুক্তিযোদ্ধারা আবার যুদ্ধস্থলে ফিরে এসে তাঁদের সঙ্গে যোগ দেন। এরপর তাঁরা রক্ষণাত্মক যুদ্ধ থেকে আক্রমণাত্মক যুদ্ধ শুরু করেন। নূরুল ইসলাম খান পাঠান কয়েকজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে বৃষ্টির মতো গুলি করতে করতে পাকিস্তানি অবস্থানের ভেতরে ঢুকে পড়েন। একপর্যায়ে তিনি একাই আরও এগিয়ে পাকিস্তানি এক অবস্থানে পরপর দুটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। গ্রেনেড বিস্ফোরণে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়। তাঁর এই অদম্য সাহস দেখে অন্য সহযোদ্ধাদের মনোবল অনেক বেড়ে যায়। তাঁরা চারদিক থেকে পাকিস্তানি সেনাদের ঘিরে ফেলেন। তুমুল যুদ্ধের পর বেশ কজন পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী কয়েকজন রাজাকারকে তাঁরা জীবিত আটক করেন। বাকিরা পালিয়ে যায়।মুক্তিযুদ্ধে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য নূরুল ইসলাম খান পাঠানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।নূরুল ইসলাম খান পাঠানের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ জেলা শহরের খড়মপট্টি এলাকায়। তাঁর বাবার নাম আবদুস সাত্তার খান পাঠান, মা রাবেয়া আক্তার খাতুন, স্ত্রী সনজিদা খান পাঠান। তাঁদের এক ছেলে ও এক মেয়ে।নূরুল ইসলাম খান পাঠান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এখনো হয়নি। জীবদ্দশায় তাদের বিচার দেখে যেতে চাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের এবং জাতীয় চার নেতা হত্যার বিচার দেখে মরলে পরকালেও শান্তি পাব। আমি কিছু পাওয়ার আশায় মুক্তিযুদ্ধ করিনি। কিন্তু এমন বাংলাদেশ হবে, তা-ও চাইনি।’সূত্র: নূরুল ইসলাম খান পাঠান বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল হক মোল্লা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩।গ্রন্থনা: তারা রহমান[email protected]