তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোক্তার আলী, বীর প্রতীকপাকিস্তানি সেনাদের অ্যামবুশ করেন তিনিভোরে গুপ্তচরের মাধ্যমে মুক্তিযোদ্ধারা খবর পেলেন পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল হিজলী হয়ে আন্দলিয়া যাবে। সিদ্ধান্ত হলো, পাকিস্তান সেনাবাহিনীর ওই দলকে অ্যামবুশ করার। দ্রুত প্রস্তুত হলেন মুক্তিবাহিনীর ২৭ জন। তাঁদের মধ্যে আছেন মোক্তার আলী। তাঁরা তিনটি দলে বিভক্ত। প্রত্যেক দলে নয়জন করে। একটি দলের নেতৃত্বে তিনি। অন্য দুই দলের নেতৃত্বে আসাদ আলী (বীর প্রতীক) ও জাকির। তাঁদের সবার নেতৃত্বে লেফটেন্যান্ট অলীক কুমার গুপ্ত (বীর প্রতীক)। হিজলী গ্রামের এক স্থানে জমির আইলে তাঁরা অবস্থান নিলেন। মোক্তার আলীর দল সবার মাঝখানে। ডানে ১০০ গজ দূরে আসাদ আলীর দল, বাঁয়ে জাকিরের দল। এরপর অপেক্ষার পালা। সূর্য মাথার ওপরে। এমন সময় পাকিস্তানি সেনাদের বড়সড় একটি দল চলে এল তাঁর ও আসাদ আলীর দলের সোজাসুজি। গুলির আওতায় আসা মাত্র তাঁরা একযোগে গুলি শুরু করলেন। লুটিয়ে পড়ল কয়েকজন পাকিস্তানি সেনা। বেঁচে যাওয়া হতভম্ব বাকি পাকিস্তানি সেনারা দ্রুত পজিশন নিয়ে শুরু করল পাল্টা আক্রমণ। এরপর যুদ্ধ চলতে থাকল। কিছুক্ষণ পর মোক্তার আলী দেখেন, আসাদ আলীর দলের একজন ছাড়া বাকি সবাই কোনো কিছু না বলে পিছে হটে গেছেন। পাকিস্তানিরা প্রাথমিক বিপর্যয় কাটিয়ে প্রচণ্ড পাল্টা আক্রমণ শুরু করেছে। ফলে তাঁরা বেশ বিপদেই পড়লেন। সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেও তাঁরা পাকিস্তানি সেনাদের ঠেকাতে পারছেন না। এখন পিছে হটে যাওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই। আসাদ আলীর দলের ওই মুক্তিযোদ্ধা ও অন্যান্য সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি দ্রুত পেছাতে থাকেন। গুলির আওতার বাইরে এসে উঠে মাথা নিচু করে তাঁরা দৌড়াতে থাকেন। পাকিস্তানি সেনারা তাঁদের ধাওয়া করে। মোক্তার আলী একটু পিছে পড়ে যান। পথে ছিল এক আমবাগান। দৌড়াতে গিয়ে সেই আমবাগানের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। পাকিস্তানি সেনারা তখন একদম কাছে। আমবাগানের শেষে জলাধার। তিনি উঠে আবার দৌড়াচ্ছেন। পাকিস্তানি সেনাদের বুলেট যাচ্ছে ডান ও বাঁ দিয়ে। জলাধারে বেশিক্ষণ দৌড়াতে পারলেন না, পড়ে গেলেন পানিতে। পাকিস্তানি সেনারা মনে করল, গুলি লেগেছে। তারা জলাধারে না নেমে ফিরে যেতে থাকল। একটু পর মোক্তার আলী উঠে মিলিত হন নিজ দলের সঙ্গে। সহযোদ্ধাদের সংগঠিত করে তিনি আবারও পিছু নেন পাকিস্তানি সেনাদের। অ্যামবুশ স্থানের কাছাকাছি গিয়ে দেখেন পাকিস্তানিরা হতাহতদের লাশ সরাতে ব্যস্ত। এ সময় শুরু হয় ভারত থেকে আর্টিলারি গোলাবর্ষণ। আর্টিলারি সাপোর্ট পেয়ে তাঁরা আবার পাকিস্তানিদের আক্রমণ করেন। একদিকে তাঁদের আক্রমণ, অন্যদিকে আর্টিলারি গোলাবর্ষণ। পাকিস্তানিরা দিশেহারা হয়ে পড়ে। কিছুক্ষণ যুদ্ধের পর তাঁরা নিহতদের লাশ ফেলেই সেখান থেকে পালিয়ে যায়।হিজলী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত। বাংলাদেশ-ভারত সীমান্তে। ৩ নভেম্বর মুক্তিযোদ্ধারা সেখানে পাকিস্তান সেনাবাহিনীর পেট্রোল দলকে অ্যামবুশ করে। অ্যামবুশে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়। মুক্তিযোদ্ধাদের একজন আহত হন।শেখ মোক্তার আলী চাকরি করতেন ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের অধীনে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে সংগঠিত হওয়ার পর যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের বয়রা সাবসেক্টরে। উল্লেখযোগ্য যুদ্ধ ছুটিপুর, গরীবপুর যুদ্ধ। গরীবপুরের সম্মুখযুদ্ধে এমন অবস্থা হয় যে তাঁদের সবার অস্ত্র ও গুলি আছে, কিন্তু অস্ত্রে গুলি ভরার সময় নেই। তখন বেয়নেট চার্জ শুরু হয়। অনেকের বেয়নেট ভেঙে যায়। এরপর রাইফেলের বাঁট দিয়ে পিটাপিটি করতে থাকেন। শেষে চলে হাতাহাতি।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোক্তার আলীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।মোক্তার আলীর বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামের পূর্বপাড়ায়। তাঁর প্রকৃত নাম শেখ মোক্তার আলী। তাঁর বাবার নাম আজহারউদ্দীন শেখ। মা বুরু বিবি। স্ত্রী হালিমুন্নেছা। তাঁর চার ছেলে, সাত মেয়ে। ১৯৮২ সালে চাকরি থেকে অবসর নিয়ে নিজ গ্রামেই তিনি বসবাস করছেন।সূত্র: মোক্তার আলীর সাক্ষাৎকার; নিয়েছেন গোপালগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুব্রত সাহা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮। গ্রন্থনা: তারা রহমান[email protected]