৪৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছেএই ধারাবাহিকের।সিরাজুল ইসলামবীর প্রতীকমধ্যরাত। নিঃশব্দে এগিয়ে চলেছেন একদল মুক্তিযোদ্ধা। তাঁদের নেতৃত্বে সিরাজুল ইসলাম। তাঁদের লক্ষ্য বেরিগাঁওয়ের পাকিস্তানি সেনাদের বাংকার। নির্দিষ্ট সময়ে (রাত ১২টা এক মিনিট) তাঁরা একযোগে বাংকারে সফল গ্রেনেড হামলা চালালেন। গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পাকিস্তানিদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। পাকিস্তানিদের মধ্যে আর্তনাদ ও চিৎকার। তারপর পাকিস্তানিরা বৃষ্টির মতো গুলি শুরু করল। তখন তাঁরা দ্রুত ওই এলাকা থেকে নিরাপদ স্থানে চলে গেলেন।সুনামগঞ্জ জেলার উত্তর সীমান্তঘেঁষে বালাট। বাংলাদেশ-ভারত সীমানা। ১৯৭১ সালে এখানে ছিল ৫ নম্বর সেক্টরের একটি সাব-সেক্টর। সাব-সেক্টরে মুক্তিবাহিনীর বেশির ভাগ যোদ্ধা গণবাহিনীর। অর্থাৎ ছাত্র-যুবক-জনতা। তাঁরা স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁদের সঙ্গে মাত্র ২৩৫ জন বাঙালি সেনাসদস্য আর বেশ কিছু মুজাহিদ, পুলিশ ও আনসার। গণবাহিনীর একটি দলের দলনেতা সিরাজুল ইসলাম।বালাট সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা মূলত হিট অ্যান্ড রান পদ্ধতিতে যুদ্ধ করতেন। কয়েক দিন পর পর হঠাৎ পাকিস্তানিদের ওপর আক্রমণ করে তাঁরা দ্রুত সরে পড়তেন। তাঁদের মূল লক্ষ্য পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া। সিরাজুল ইসলাম কয়েকবার তাঁর দল নিয়ে এভাবে সুনামগঞ্জের বেরিগাঁও ও ষোলঘরে অপারেশন করেন।বেরিগাঁওয়ে পাকিস্তানিদের একটি শক্ত ঘাঁটি ছিল। বালাট থেকে দীর্ঘ ২৭-২৮ কিলোমিটার হাওর পেরিয়ে সুনামগঞ্জ শহর ও পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় আসার একমাত্র পথ এই বেরিগাঁও। পাকিস্তানি প্রতিরক্ষার কারণে মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জে অপারেশন চালাতে পারছিলেন না। সে জন্য তাঁরা বারবার এখানে আক্রমণ করেন। তাঁরা পাকিস্তানিদের উচ্ছেদে ব্যর্থ হলেও প্রতিবারই পাকিস্তানিদের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়।সিরাজুল ইসলাম ১৯৭১ সালে ল কলেজের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের মাঝামাঝি ভারতে যান। পরে মেঘালয়ের ইকো ওয়ান সেন্টারে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাঁকে বালাট সাব-সেক্টরে পাঠানো হয়।বেরিগাঁওয়ে পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে সাহসিকতার সঙ্গে অপারেশনের জন্য সিরাজুল ইসলাম বীর প্রতীক খেতাব পেয়েছেন।সিরাজুল ইসলামের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামে। বর্তমানে তিনি সিলেট শহরের নূরানি সুবিদবাজারে বসবাস করেন। তাঁর বাবার নাম আলফু মিয়া, মায়ের নাম ছবরুন্নেছা বেগম। স্ত্রীর নাম ফাতেমা ফেরদৌস চৌধুরী। তাঁদের এক মেয়ে, তিন ছেলে।আলাপকালে সিরাজুল ইসলাম বললেন, মুক্তিযোদ্ধাদের সার্বিক মূল্যায়ন হয়নি। অনেক মুক্তিযোদ্ধা জীবন-জীবিকার প্রয়োজনে রিকশা-ভ্যান চালান। অন্যদিকে স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সরকারের সময় সুবিধা পেয়ে ভালো অবস্থায় দিন যাপন করছে।সূত্র: সিরাজুল ইসলাম বীর প্রতীকের সাক্ষাৎকার ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৫।গ্রন্থনা: তারা রহমান