তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।শহীদ রমজান আলীবীর বিক্রম একসঙ্গে অনেক অস্ত্রের গর্জন। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। তার মধ্যে আর্তনাদ আর চিৎকার। শত্রুদের বেশির ভাগ নিহত। দু-তিনজন বেঁচে গেছে। তারা পালানোর পথ খুঁজছে। কিন্তু মুক্তিযোদ্ধারা তা হতে দিলেন না। একজন শত্রুও প্রাণে বাঁচতে পারল না।১৯৭১। ৮ বা ৯ নভেম্বর। ভোরবেলা। ফেনী জেলার বিলোনিয়া। সেখান থেকে রেললাইনের পাশ দিয়ে সমান্তরাল একটা কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তা ফেনী পর্যন্ত। চিথলিয়া-পরশুরামের মাঝামাঝি এই রাস্তার বিভিন্ন স্থানে আগের রাতে ডিফেন্স নিয়েছেন রমজান আলীসহ অসংখ্য মুক্তিযোদ্ধা।ভোর হলো। সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠল চারদিক। মুক্তিযোদ্ধারা বাংকারে বসে আছেন সামনে তাকিয়ে। চারদিক নীরব। সাড়া-শব্দ নেই। ঘড়ির মিনিটের কাঁটা এক, দুই, তিন...ঘুরতে লাগল। বেশ কিছু সময় কেটে গেল। এমন সময় চিথলিয়ার দিক থেকে একটা অস্পষ্ট আওয়াজ। কিছু সময় পর দেখা গেল, ওদিক থেকে একটা রেলের ট্রলি এগিয়ে আসছে। আস্তে আস্তে ট্রলিটা আরও এগিয়ে এল। মুক্তিযোদ্ধারা দেখতে পেলেন ট্রলিতে বসে আছে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা। কিছুটা নিশ্চিন্ত মনে। ওরা বুঝতেও পারেনি মুক্তিযোদ্ধারা ওদের এত কাছে ফাঁদ পেতে রয়েছে। তারপর একসঙ্গে অস্ত্রের গর্জন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে ট্রলিটা ধ্বংস হয়ে গেল। গোলাগুলির শব্দ শুনে চিথলিয়া ও পরশুরাম থেকে শুত্রুরা এগিয়ে এসে মুক্তিযোদ্ধাদের ওপর পাল্টা আক্রমণ চালাল। এমন সময় রমজান আলীর সহযোদ্ধা এয়ার আহমদ শত্রুর গুলিতে শহীদ হলেন। তাঁকে হারিয়ে কিছুটা মুহ্যমান হয়ে পড়লেও তাঁরা শত্রুর হামলার প্রত্যুত্তর দিচ্ছিলেন। শত্রুরা তাঁদের ওপর একের পর এক আক্রমণ চালাচ্ছিল। সারা দিন ধরে এখানে যুদ্ধ চলে। শত্রুরা মুক্তিযোদ্ধাদের অবস্থানে বৃষ্টির মতো আর্টিলারি শেলিং করে। মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছিলেন। যুদ্ধের একপর্যায়ে রমজান আলীও আহত হলেন। সহযোদ্ধারা তাঁকে দ্রুত ফিল্ড হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা রমজান আলীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ওই দিন রাতেই তিনি মারা যান। শহীদ রমজান আলীর বাড়ি ছিল ওই এলাকাতেই। পরদিন কয়েকজন সহযোদ্ধা রমজান আলীর লাশ তাঁর বাড়িতে নিয়ে যান। নিজগ্রামেই তাঁকে সমাহিত করা হয়। রমজান আলী ১৯৭১ সালে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণরত ছিলেন। ২৫ মার্চ রাতে আক্রান্ত হওয়ার পর সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ২ নম্বর সেক্টরের রাজনগর সাবসেক্টর এলাকার মির্জানগর, কাউতলী, বিলোনিয়া, মুন্সিরহাট, সলিয়াদিঘিসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন।চিথলিয়ার যুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য শহীদ রমজান আলীকে মরণোত্তর বীর বিক্রম খেতাব প্রদান করা হয়।শহীদ রমজান আলীর বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগরে। তাঁর বাবার নাম লাল মিয়া। মায়ের নাম মেহেরের নেছা। তিনি অবিবাহিত ছিলেন। শহীদ রমজান আলীর দুই ভাই। এক ভাইয়ের নাম খলিলুর রহমান। তিনিও মুক্তিযোদ্ধা। গণবাহিনীর যোদ্ধা ছিলেন। এখন তিনি রিকশা চালিয়ে সংসার চালান। আরেক ভাইয়ের নাম বাচ্চু মিয়া। তাঁরা জানালেন, শহীদ রমজান আলীর কোনো ছবি তাঁদের কাছে নেই। সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর দুই ও প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য। গ্রন্থনা: তারা রহমান