৪৬৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মমতাজ মিয়া, বীর প্রতীকবীর মুক্তিযোদ্ধা১৯৭১ সালের ২৯ নভেম্বর। মুক্তিবাহিনীর চারটি দল রওনা হলো টেংরাটিলার উদ্দেশে। একটি দলে আছেন মমতাজ মিয়া। তাঁর দলের নেতৃত্বে ক্যাপ্টেন মহসীন উদ্দীন আহমেদ (বীর বিক্রম, পরে ব্রিগেডিয়ার)।৩০ নভেম্বর ভোরে মমতাজ মিয়া ও তাঁর সহযোদ্ধারা অবস্থান নিলেন টেংরাটিলার ডান পাশে। তাঁরা মূল আক্রমণকারী দল। আর একটি দল আছে তাঁদের সঙ্গে। ওই দলের অবস্থান বাঁ দিকে। অপর দুই দলের অবস্থান পেছনে; ফ্লাস্কগার্ড হিসেবে। চার দলের সার্বিক নেতৃত্ব দিচ্ছেন মেজর মীর শওকত আলী (বীর উত্তম, লেফটেন্যান্ট জেনারেল)।সকাল সাতটায় মুক্তিযোদ্ধারা একযোগে আক্রমণ চালান। পাকিস্তান সেনাবাহিনীও পাল্টা আক্রমণ শুরু করে। গোলাগুলি বিনিময় ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়। মুক্তিযোদ্ধাদের অধিনায়ক মীর শওকত আলী ধারণা করেছিলেন. চারদিক থেকে ঘেরাও করে কয়েক ঘণ্টা আক্রমণ অব্যাহত রাখলে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণে বাধ্য হবে।কিন্তু তাঁর ধারণা ছিল ভুল। টেংরাটিলায় পাকিস্তানিদের প্রতিরক্ষাব্যূহ ছিল যথেষ্ট দৃঢ়। তাদের পাল্টা আক্রমণে মুক্তিযোদ্ধারা কিছুতেই সামনে অগ্রসর হতে পারেননি। সারা দিন তীব্রভাবে তারা মুক্তিযোদ্ধাদের আক্রমণ প্রতিরোধ করে। অবশ্য এর মধ্যে কয়েকবার পাকিস্তানি সেনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মুক্তিযোদ্ধারা তা ব্যর্থ করে দেন।এরপর রাতে মমতাজ মিয়া দুঃসাহসিক এক কাজ করেন। পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের তিন দিকে ছিল জলাশয়। তিনি কয়েকটি গ্রেনেডসহ একাই প্রচণ্ড ঠান্ডা পানিতে নেমে কচুরিপানা মাথায় দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান ওই প্রতিরক্ষা অবস্থানের দিকে। পাকিস্তানি সেনারা বুঝতে পেরে বৃষ্টির মতো গুলি শুরু করে। এতে তিনি দমে যাননি। সহযোদ্ধাদের পাল্টা গুলিবর্ষণের ছত্রছায়ায় সাহসিকতার সঙ্গে তিনি এগিয়ে যান। একপর্যায়ে পৌঁছাতে সক্ষম হন পাকিস্তানি অবস্থানের কাছে।তারপর সুযোগ বুঝে জলাশয় থেকে ভূমিতে উঠে রাতের অন্ধকারে নিঃশব্দে যান পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের একদম কাছে। বার বার অবস্থান পরিবর্তন করে তিনি তাঁর কাছে থাকা সব গ্রেনেড ছোড়েন। প্রথমটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পাকিস্তানিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে গুলিবর্ষণ বন্ধ হয়ে যায়।মমতাজ মিয়া বাকি রাত সেখানেই ঘাপটি মেরে থাকেন। খুব ভোরে পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে উঁকি দিয়ে দেখেন সেখানে কোনো সাড়াশব্দ নেই। তখন তিনি আড়াল থেকে কয়েকটি গুলি ছোড়েন। কিন্তু পাকিস্তানি অবস্থান থেকে পাল্টা গুলি হয়নি। সকালে দেখেন পুরো ক্যাম্প খালি। কোথাও পাকিস্তানি সেনা নেই। ক্যাম্পে রান্না করা খাবার পড়ে রয়েছে। সেনারা পালিয়ে গেছে।মমতাজ মিয়া চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দিনাজপুর ইপিআর সেক্টরে। তখন তাঁর পদবি ছিল নায়েক। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে যান। পরে তিনি নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন। তাঁকে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। জামালপুর জেলার বাহাদুরাবাদ, বৃহত্তর সিলেট জেলার ছাতক, সালুটিকরসহ আরও কয়েক স্থানে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে বিশেষত টেংরাটিলার যুদ্ধে সাহস ও বীরত্বের জন্য মমতাজ মিয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ১৯০। তাঁর প্রকৃত নাম মমতাজ উদ্দিন।মমতাজ মিয়া স্বাধীনতার পর বিডিআর (বর্তমানে বিজিবি) থেকে সুবেদার হিসেবে অবসর নেন। ২০০৪ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি রংপুর জেলার রংপুর সিটি করপোরেশনের উত্তর মুন্সিপাড়ায় (নিউ ইঞ্জিনিয়ারপাড়া)। তাঁর বাবার নাম ওমর উদ্দিন। মা করিমন নেছা। স্ত্রী জাহানারা বেগম। তাঁদের তিন মেয়ে ও চার ছেলে।সূত্র: প্রথম আলোর রংপুর প্রতিনিধি আরিফুল হক, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: রাশেদুর রহমান [email protected]