তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৬৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুর রহমানবীর প্রতীকবিপদেও অবিচল এক যোদ্ধাকুশিয়ারা নদীর পাশে শেরপুর। অদূরে সাদিপুর। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংযোগস্থল। মুক্তিযুদ্ধের সূচনায় এপ্রিল মাসের প্রথম দিকে একদল মুক্তিযোদ্ধা অবস্থান নেন শেরপুর-সাদিপুরে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার-পুলিশ ও ছাত্র-যুবক সমন্বয়ে গড়া মুক্তিবাহিনী।মুক্তিযোদ্ধাদের এই দলে ছিলেন আবদুর রহমান। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য। তাঁদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আজিজুর রহমান (বীর উত্তম, পরে মেজর জেনারেল)।৭-৮ এপ্রিল আজিজুর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত হয়ে একাংশ সিলেট শহরে, একাংশ খাদিমনগর, একাংশ আম্বরখানা ও ওয়্যারলেস স্টেশনে অবস্থান নেয়। আরেকটি অংশ ছিল সুরমা নদীর দক্ষিণ তীরে। তাঁরা ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। এই দলেই ছিলেন আবদুর রহমান।৮ এপ্রিল রাতেই মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর মুখোমুখি হন। সিলেটের খাদিমনগরে প্রায় হাতাহাতি যুদ্ধ হয়। আম্বরখানায় সারা রাত যুদ্ধ চলে। আক্রমণকারী পাকিস্তানি সেনা ছিল সংখায় বিপুল। তুলনায় মুক্তিযোদ্ধা ছিলেন অনেক কম।রাত তিনটার দিকে যুদ্ধের মোড় ঘুরে যায়। পাকিস্তানি সেনাদের প্রচণ্ড আক্রমণে বেশির ভাগ অবস্থান থেকে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন। চার ঘণ্টা যুদ্ধ করে পাকিস্তানি সেনারা সিলেট শহরের বেশির ভাগ দখল করে নেয়।তবে সুরমা নদীর দক্ষিণ তীর মুক্তিযোদ্ধাদের দখলে ছিল। কিন সেতুর দক্ষিণ প্রান্তে ছিল আবদুর রহমানের দলের এলএমজি পোস্ট। কয়েকজন সহযোদ্ধাসহ তিনি নিজেই ছিলেন ওই এলএমজির দায়িত্বে।সেখানে পকিস্তানিরা শেষ রাত থেকে বিরামহীনভাবে গোলাবর্ষণ শুরু করে। এর ছত্রছায়ায় তারা ওই স্থান দখলের চেষ্টা চালায়। আবদুর রহমান এলএমজি দিয়ে পাকিস্তানিদের মোকাবিলা করেন। তাঁর ও সহযোদ্ধাদের সাহসিকতায় পাকিস্তানি সেনারা পরদিন (৯ এপ্রিল) সকাল পর্যন্ত নদী পারাপারে বিরত থাকতে বাধ্য হয়।কিন্তু পরিস্থিতি ক্রমে পাকিস্তানিদের পক্ষে চলে যায়। একপর্যায়ে কিন সেতুর এলএমজি পোস্টের অবস্থান বিপজ্জনক হয়ে পড়ে। আবদুর রহমান এতে বিচলিত হননি বা সাহসও হারাননি। তখন তাঁর সহযোদ্ধারা পশ্চাদপসরণ করতে চাইলে তিনি একজন তেজি যোদ্ধার মতোই বলেন, ‘যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ তিনি অবস্থান ধরে রাখবেন।’এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে অনিবার্য অবস্থা নেমে আসে। ঠিক তখনই পাকিস্তানিদের ছোড়া গোলা ওই এলএমজি পোস্টে পড়ে। গোলার স্প্লিন্টারের আঘাতে সঙ্গে সঙ্গে শহীদ হন অমিত সাহসী আবদুর রহমান। এরপর সেখানকার প্রতিরোধও ভেঙে পড়ে। আবদুর রহমান চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল জয়দেবপুরে। তখন তাঁর পদবি ছিল ল্যান্স নায়েক। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য শহীদ আবদুর রহমানকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২৪৫।আবদুর রহমানের শহীদ হওয়ার খবর তাঁর পরিবার জুন মাসের শেষে জানতে পারেন। ১৬ জুন এক সহযোদ্ধা (ওমর ওরফে বাবুল) তাঁর বাবার কাছে চিঠি লিখে এই খবর পাঠান। সেই চিঠি পরিবারের কাছে সংরক্ষিত। তিনি লিখেছেন, ‘...আ. রহমান ৯-৪-৭১ ইং তারিখে সিলেটে শহীদ হয়েছেন। ইন্না...রাজিউন। আল্লাহপাকের নিকট তাহার রুহের মাগফেরাতের জন্য দোয়া করবেন। মানুষ মরণশীল। বীরের মতো শহীদ হওয়াই মানুষের কাম্য।’আবদুর রহমান বিবাহিত ছিলেন। পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের টানপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. মোস্তফা মিয়া ওরফে কফিল উদ্দিন। মা গুলবারে নেছা। স্ত্রী আয়েশা বেগম। তাঁদের এক ছেলে। নাম স্বপন মিয়া। তিনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন। শহীদ আবদুর রহমানের ছবি পাওয়া যায়নি।সূত্র: প্রথম আলোর আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দুলাল ঘোষ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]