তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৭২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সৈয়দ মইনুদ্দিন আহমেদ, বীর প্রতীকমুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেন তিনি১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধ যখন তীব্রতর হচ্ছিল, তখন শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেড়েই যাচ্ছিল। প্রাথমিক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত ছিল না। পরে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য মুক্তিবাহিনীর পক্ষ থেকে স্থাপন করা হয় অস্থায়ী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র। প্রতিটি সেক্টরে ছিল একটি বা দুটি হাসপাতাল এবং সাব-সেক্টরে ফিল্ড মেডিকেল ইউনিট।এরই ধারাবাহিকতায় ৩ নম্বর সেক্টরে তখন দুটি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। একটি হোজামারাতে। এটি ছিল ৩০ শয্যার। আরেকটি আশ্রমবাড়িতে। সেটি ছিল ১০ শয্যার। চিকিৎসক হিসেবে যাঁরা নিয়োজিত ছিলেন, তাঁদের মধ্যে সৈয়দ মইনুদ্দিন আহমেদ অন্যতম।৩ নম্বর সেক্টরে চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় সৈয়দ মইনুদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমে তিনি তাঁবুতে হাসপাতালের ভিত্তি স্থাপন করেন। হাসপাতালের চিকিৎসা ছিল অনেক কার্যকর ও ভালো। অসাধ্য সাধনের মতো নানা কাজ করেন তিনি। আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের মনোবল ঠিক রাখতে তিনি ও তাঁর সহযোগীরা তখন যে অবদান রেখেছেন, তা সত্যিই স্মরণীয়।পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের প্রায় প্রতিদিনই তাঁর কাছে পাঠানো হতো। কেউ গুলিবিদ্ধ, কেউ শেলের স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত। আহত যতই হন না কেন, যাঁরা সৈয়দ মইনুদ্দিন আহমদের চিকিৎসাসেবা পেয়েছেন তাঁরা চাঙা হয়ে উঠতেন। বেশির ভাগই বেঁচে যেতেন এবং সুস্থ হতেন। ওষুধপত্র ও চিকিৎসা-সরঞ্জামের স্বল্পতা সত্ত্বেও কয়েকজন ছাড়া কেউ তখন মারা যাননি।সৈয়দ মইনুদ্দিন আহমেদ পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে চিকিৎসক হিসেবে চাকরি করতেন। কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে পাকিস্থান সেনাবাহিনীর ৫৩ পদাতিক ব্রিগেডের ৩১ পাঞ্জাব রেজিমেন্টের মেডিকেল অফিসার হিসেবে সংযুক্ত হন। তখন তাঁর পদবি ছিল লেফটেন্যান্ট। মার্চ মাসে ৩১ পাঞ্জাব রেজিমেন্ট সিলেটের খাদিমনগরে মোতায়েন ছিল।মুক্তিযুদ্ধ শুরু হলে সৈয়দ মইনুদ্দিন আহমেদ এবং ওই রেজিমেন্টের আরেকজন বাঙালি সেনাকর্মকর্তা পাঞ্জাব রেজিমেন্টের হাতে বন্দী ও পরে আহত হন। রেজিমেন্টের একজন পাঠান সেনাকর্মকর্তা তাঁদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার বদান্যতা এবং হাসপাতালের পরিচালক ডা. সামসুদ্দীন আহমদের তাৎক্ষণিক সুচিকিৎসায় তিনি বেঁচে যান। ৯ এপ্রিল হাসপাতাল থেকে তিনি বাড়ি যান। ওই দিনই পাকিস্তান সেনাবাহিনী ডা. সামসুদ্দীনকে হত্যা করে। সৈয়দ মইনুদ্দিন আহমেদ কিছুদিন পর ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিবাহিনীর সদর দপ্তর থেকে তাঁকে ৩ নম্বর সেক্টরের চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ‘এস’ ফোর্সের চিকিৎসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। অনেক যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেন। দুই-তিনবার অস্ত্র হাতে সম্মুখযুদ্ধেও অংশ নেন।মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে চান্দুরায় সৈয়দ মইনুদ্দিন আহমেদ আহত হন। ৫-৬ ডিসেম্বর চান্দুরায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে আকস্মিক এক যুদ্ধ সংঘটিত হয়। এ সময় তিনি এস ফোর্সের অধীন ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানির সঙ্গে ছিলেন। তিনি ও রেজিমেন্টের অধিনায়ক মেজর এ এস এম নাসিম (বীর বিক্রম, পরে লেফটেন্যান্ট জেনারেল ও সেনাপ্রধান) ক্রসফায়ারে আহত হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য সৈয়দ মইনুদ্দিন আহমেদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ১১।সৈয়দ মইনুদ্দিন আহমেদ স্বাধীনতার পর ক্যাপ্টেন পদে উন্নীত হয়ে ১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন। তাঁর পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার ফকিরাবাদ গ্রামে। বর্তমানে স্থায়ীভাবে বাস করেন আমেরিকায়। তাঁর বাবার নাম সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ, মা সৈয়দা মাহমুদা খাতুন। স্ত্রী কাইসার নাহার আহমেদ। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে।সূত্র: সৈয়দ মইনুদ্দিন আহমেদ বীর প্রতীকের সাক্ষাৎকার, মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩।গ্রন্থনা: রাশেদুর রহমান [email protected]