৪৭৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আলী আশরাফ, বীর বিক্রমঅকুতোভয় এক বীর যোদ্ধাকুমিল্লা জেলার সদর উপজেলার অন্তর্গত কংসতলা। ১৯৭১ সালে এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটি। এখানে অবস্থানরত পাকিস্তানি সেনারা ওই এলাকায় নিয়মিত টহল দিত। এ কারণে কুমিল্লার দক্ষিণে গেরিলা মুক্তিযোদ্ধাদের কার্যক্রম আগস্ট-সেপ্টেম্বর মাসে সীমিত হয়ে পড়ে।এই এলাকা ছিল মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের নির্ভয়পুর সাবসেক্টরের অধীন। সেপ্টেম্বর মাসের শেষে এই সাবসেক্টরের ৫০ জন মুক্তিযোদ্ধার একটি দল কংসতলায় আকস্মিক আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের এই দলে ছিলেন আলী আশরাফ। তাঁরা ছিলেন নিয়মিত মুক্তিবাহিনীর সদস্য।এই আক্রমণে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মেহবুবুর রহমান (বীর উত্তম, পরে লেফটেন্যান্ট কর্নেল, ১৯৮১ সালে নিহত)। আক্রমণ করার আগে তিনি তথ্যানুসন্ধান করেন। এরপর আলী আশরাফসহ মুক্তিযোদ্ধারা ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত একটায় ওই ঘাঁটিতে অনুপ্রবেশ করে আক্রমণ চালান। তিন ঘণ্টার যুদ্ধে পাকিস্তানি সেনারা চরম ক্ষতির মুখে পড়ে। ১৬ জন পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হয় এবং আটজন আহত হয়।এই যুদ্ধে পাকিস্তানি সেনারা খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। পরে তারা সেখানকার অবস্থান পরিত্যাগ করে কুমিল্লায় চলে যেতে বাধ্য হয়। সেদিন আলী আশরাফ ও তাঁর কয়েকজন সহযোদ্ধা যথেষ্ট সাহস ও শৌর্য প্রদর্শন করেন। মূলত তাঁদের বীরত্বেই পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষতি হয়।কয়েক দিন পর লেফটেন্যান্ট মেহবুবুর রহমানের নেতৃতে আলী আশরাফরা চৌদ্দগ্রাম উপজেলার পিপুলিয়া বাজারের কাছে লালমাই-সোনাগাজী সড়কে একটি সেতু বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেন। পাকিস্তানিরা ভারী যানবাহন চলাচলের জন্য ওই সড়ক পুনর্নির্মাণের চেষ্টা করছিল। এর পর পাকিস্তানিরা রাস্তা মেরামতের কাজ বন্ধ করে দেয়।মিয়াবাজারে ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটি। অক্টোবর মাসের মাঝামাঝি আলী আশরাফরা সেখানে আক্রমণ করেন। এতে পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর ১০ নভেম্বর পিপুলিয়া-হাজতখোলায় পাকিস্তান সেনাবাহিনীর একটি টহলদলকে তাঁরা অ্যামবুশ করেন। পাকিস্তান সেনাবাহিনীর এই টহলদলটি ছিল বেশ বড়। তারা পাল্টা আক্রমণ করে। মুখোমুখি যুদ্ধের একপর্যায়ে তাঁদের দলনেতা লেফটেন্যান্ট মেহবুবুর রহমান পাকিস্তানি সেনাদের ঘেরাওয়ে পড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন।দলনেতার জীবন বাঁচাতে আলী আশরাফ ও তাঁর কয়েকজন সহযোদ্ধা তখন নিজেদের জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েন পাকিস্তান সেনাবাহিনীর ওপর। তাঁদের ঝটিকা আক্রমণে পাকিস্তানি সেনারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এই সুযোগে লেফটেন্যান্ট মেহবুবুর রহমান নিরাপদ স্থানে যেতে সক্ষম হন। কিন্তু আলী আশরাফ পাকিস্তানিদের পাল্টা গুলিবর্ষণে মারাত্মক আহত হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে সঙ্গে নিভে যায় তাঁর জীবনপ্রদীপ। শহীদ হন তিনি।যুদ্ধ শেষে শহীদ আলী আশরাফের মরদেহ তাঁর সহযোদ্ধারা উদ্ধার করেন। পরে তাঁকে সমাহিত করেন বসন্তপুরে। তাঁর সমাধি সেখানে সংরক্ষিত।আলী আশরাফ চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালের ২৫ মার্চ তাঁর ইউনিট মোতায়েন ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি গাড়িচালক ছিলেন। ২৭ মার্চ মেজর শাফায়াত জামিলের (বীর বিক্রম, পরে কর্নেল) নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ২ নম্বর সেক্টরের নির্ভয়পুর সাবসেক্টরে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য শহীদ আলী আশরাফকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৮০।শহীদ আলী আশরাফের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বেরি গ্রামে। তিনি বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম নোয়াব মিয়া, মা হাজেরা খাতুন। স্ত্রী হাফিজা বেগম। তাঁদের এক ছেলে। তাঁর আরেক ভাই সিরাজুল ইসলামও মুক্তিযুদ্ধে শহীদ হন। তিনি মুক্তিযোদ্ধাদের ইনফরমার ছিলেন।সূত্র: দেলোয়ার হোসেন (শহীদ আলী আশরাফ বীর বিক্রমের ভাই) বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: রাশেদুর রহমান [email protected]