৪৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।তৌহিদউল্লাহবীর বিক্রমঅন্ধকারে হঠাৎ একসঙ্গে অনেক অস্ত্রের গর্জন। ঝাঁকে ঝাঁকে গুলি। আচমকা আক্রমণে মুক্তিযোদ্ধারা সবাই অপ্রস্তুত। তৌহিদউল্লাহ একেবারে শত্রুর নাগালের মধ্যে। পজিশন নেওয়ার আগেই কয়েকটি গুলি এসে বিদ্ধ হলো তাঁর পায়ে। নিমেষে তাঁর শরীর যন্ত্রণায় কুঁকড়ে গেল। চোখের সামনে সহযোদ্ধা আজিজ গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন। আহত হলেন আরও কয়েক সহযোদ্ধা। রক্তে ভেসে গেল জায়গাটা। রুদ্ধশ্বাস এক অবস্থা। ভাবনা-প্রস্তুতির সময় নেই। সহযোদ্ধা কেউ কেউ পাল্টা আক্রমণের চেষ্টা করলেন। তৌহিদউল্লাহও প্রাণপণে চেষ্টা করলেন; কিন্তু পারলেন না। বিশৃঙ্খল হয়ে পড়েছে তাঁদের গোটা দল। এমন অবস্থায় পশ্চাদপসরণ ছাড়া তাঁদের সামনে আর কোনো বিকল্প থাকল না।৭ বা ৮ নভেম্বর। ১৯৭১ সাল। ফেনী জেলার বিলোনিয়া এলাকা। বিলোনিয়ার অনেক স্থানে ছিল পাকিস্তানিদের মজবুত প্রতিরক্ষা। ৩১ অক্টোবর থেকে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। কয়েক দিন মুষলধারে বৃষ্টি হয়। এর মধ্যে যুদ্ধও চলছিল। সেদিনও টিপটিপ বৃষ্টি। সন্ধ্যার পর চিথলিয়ার কাছে মুহুরী নদীর পশ্চিমে ধানীকুণ্ডের দক্ষিণে তৌদিউল্লাহসহ ২০ জনের একটি দল রেকি করতে যান। তাঁর হাতে ছিল এলএমজি। তাঁদের উদ্দেশ্য ছিল শত্রুর অবস্থান ও শক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। দুর্ভাগ্যবশত তাঁরা শত্রুর অ্যামবুশে পড়ে যান। পরে তাঁদের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ইনাম-উজ-জামান খবর পেয়ে মুক্তিযোদ্ধাদের বড় একটি দল সেখানে পাঠান। তারা পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে পাকিস্তানিরা পিছু হটতে বাধ্য হয়। তৌহিদউল্লাহ মুক্তিবাহিনীর একজন সাহসী যোদ্ধা ছিলেন। তিনি ২ নম্বর সেক্টরের রাজনগর সাবসেক্টর এলাকার অন্তর্গত ফুলগাজী, মুন্সিরহাট, বন্ধুরহাটসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন। ২১ জুন পর্যন্ত বিলোনিয়া মুক্ত ছিল। সে সময় তিনি ফেনীর দক্ষিণে একটি ডিফেন্সে ছিলেন। ২১ জুন তিনটি হেলিকপ্টার এসে তাঁদের অবস্থানের ৫০০ গজ দূরে নামে। তাঁরা তখন ভেবেছিলেন, হেলিকপ্টারগুলো মুক্তিবাহিনীর। আসলে সেগুলো ছিল শত্রুর হেলিকপ্টার। যখন হেলিকপ্টার থেকে পাকিস্তানি সেনা নামতে থাকে, তখন তাঁদের ভুল ভাঙে। তৌহিদউল্লাহ তাঁর এলএমজি দিয়ে হেলিকপ্টার লক্ষ্য করে ব্রাশফায়ার করেন। কিন্তু তার আগেই হেলিকপ্টার অনেক ওপরে উঠে যায়। সেদিন সেখানে দুই পক্ষে ব্যাপক গোলাগুলি হয়। তৌহিদউল্লাহ ১৯৭১ সালে ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তখন এই রেজিমেন্টের অবস্থান ছিল পাকিস্তানের পেশোয়ারে। তিনি ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা প্রদর্শনের জন্য তৌহিদউল্লাহ বীর বিক্রম খেতাব পেয়েছেন। তৌহিদউল্লাহর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের কাঠকড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটি বাড়ির কক্ষে অস্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর বাবার নাম আবদুল মান্নান ভূঁইয়া। মায়ের নাম আয়েশা খাতুন। স্ত্রীর নাম পারভীন আক্তার। তাঁদের দুই মেয়ে। আলাপকালে তৌহিদউল্লাহ বললেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সব সময় তাঁর চোখের সামনে ভাসে। মনে পড়ে সহযোদ্ধাদের কথা। তাঁদের কেউ শহীদ হয়েছেন, কেউ আহত হয়েছেন। সূত্র: তৌহিদউল্লাহ বীর বিক্রমের সাক্ষাৎকার ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর দুই। গ্রন্থনা: তারা রহমান