৪৮৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল হক, বীর বিক্রমবীর যোদ্ধা সাহসী যোদ্ধাপাকিস্তান সেনাবাহিনী বারবার আক্রমণ করেও মুক্ত ভূখণ্ড দখল করতে ব্যর্থ হলো। তারা বারবার আক্রমণ করছে একটি কারণে, ১৪ আগস্ট পাকিস্তানের জাতীয় দিবস। এর আগেই মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকা দখল করে সেখানে পাকিস্তানি পতাকা উত্তোলন করতে হবে।১৪ আগস্ট পতাকা তোলার স্বপ্ন ভেঙে খানখান হওয়ায় পাকিস্তানি সেনারা মুক্ত এলাকা দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। এতে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থান কিছুটা নাজুক হয়ে পড়ে। তখন আবদুল হকসহ এক দল নতুন মুক্তিযোদ্ধা সেখানে এসে অবস্থান নেন।১৬ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী আবার আক্রমণ চালায়। আবদুল হকসহ নতুন মুক্তিযোদ্ধারা যে প্রতিরক্ষা অবস্থানে ছিলেন, সেখানেই পাকিস্তানি সেনারা আক্রমণ করে। এরপর সেখানে তুমুল যুদ্ধ হয়। আবদুল হক ও তাঁর সহযোদ্ধারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিরোধ করেন।পাকিস্তান সেনাবাহিনী ২১, ২৪ ও ২৬ সেপ্টেম্বর আবার সেখানে আক্রমণ করে। এর মধ্যে ২১ ও ২৪ সেপ্টেম্বরের আক্রমণ ছিল ভয়াবহ। বহুসংখ্যক গানবোট, স্টিমার ও লঞ্চ নিয়ে তারা সোনাভরি নদীর মোহনা হয়ে অগ্রসর হয়। ব্যাপক ফায়ার সাপোর্টের সাহায্য নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা অবস্থানে উঠে পড়ার চেষ্টা করে। আবদুল হক ও তাঁর সহযোদ্ধারা সাহসিকতার সঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেন।এ ঘটনা কুড়িগ্রাম জেলার রৌমারীতে। ১৯৭১ সালে রৌমারী থানা (বর্তমানে উপজেলা) মুক্ত ছিল। পাকিস্তান সেনাবাহিনী রৌমারী দখলের জন্য জুলাই মাসের শেষ থেকে একের পর এক আক্রমণ পরিচালনা করে। আগস্ট মাসের প্রথমার্ধে শুধু রৌমারীর একাংশ কোদালকাঠি দখল করতে সক্ষম হয়। এখানে অবস্থান নিয়ে তারা রৌমারী থানাসদর দখলের চেষ্টা করতে থাকে।এই যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ আছে ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমদের (বীব বিক্রম, পরে মেজর) ১৯৭৩ সালের বয়ানে। তিনি বলেন, ‘...১৬ সেপ্টেম্বর “সি” (চার্লি) কোম্পানি ও “এ” (আলফা) কোম্পানির একটি প্লাটুন লেফটেন্যান্ট কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে রৌমারীর চরের কোদালকাঠিতে প্রতিরক্ষা ব্যবস্থা নেয়। ২১ সেপ্টেম্বর শত্রুর দুই কোম্পানি সেনা মর্টারের সাহায্যে চরকোদাল আক্রমণ করে। আমাদের মুক্তিযোদ্ধারা অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে তাদের আক্রমণ ব্যর্থ করতে সক্ষম হয়। এ যুদ্ধে শত্রুপক্ষের প্রায় ৩৫ জন নিহত হয়। আমাদের পক্ষে পাঁচজন আহত হয়।‘২৪ সেপ্টেম্বর সকালবেলা শত্রুপক্ষ পুনরায় এক ব্যাটালিয়ন সেনা নিয়ে কোদালকাঠি আক্রমণ করে। আমাদের মুক্তিযোদ্ধারা এবারেও তাঁদের ব্যর্থ করে দেয়। যুদ্ধে শত্রুপক্ষের প্রায় ৭০ জন নিহত হয়। আমাদের ১৫ জন আহত হয়। কোদালকাঠি যুদ্ধে...ল্যান্স নায়েক আবদুল হক প্রমুখ অপূর্ব বীরত্ব প্রদর্শন করেন এবং সাহসিকতার জন্য বীর বিক্রম পদকপ্রাপ্ত হন।’আবদুল হক চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল যশোর সেনানিবাসে। তখন তাঁর পদবি ছিল ল্যান্স নায়েক। ৩০ মার্চ তাঁরা ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। বৃহত্তর সিলেটের ধলই, এমসি কলেজসহ আরও কয়েক স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে, বিশেষত কোদালকাঠি যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল হককে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৫৬।আবদুল হক স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১৯৮৭ সালে নায়েব সুবেদার হিসেবে অবসর নেন। ওই বছরই মারা যান তিনি। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার (ডাক ওসমানিয়া) মুছাপুর গ্রামে। বাবার নাম মোহাম্মদ সুকানী, মা সাহেরা খাতুন এবং স্ত্রী খতিজা বেগম। তাঁদের ছয় ছেলে ও এক মেয়ে।সূত্র: মো. শাহীন আলম (আবদুল হক বীর বিক্রমের ছেলে), লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]