৪৮৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ এনামুল হক, বীর প্রতীকঅকুতোভয় এক মুক্তিযোদ্ধাভারত থেকে সীমান্ত অতিক্রম করে এনামুল হকসহ (এনামুল হক গাজী) মুক্তিযোদ্ধারা দ্রুত রওনা হলেন বাংলাদেশের ভেতরে। খবর এসেছে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল এসেছে। তাঁরা সেনাবাহিনীর ওই দলকে আক্রমণ করবেন। একটু পরই তাঁরা মুখোমুখি হলেন পাকিস্তানি সেনাদের।কাছাকাছি গিয়ে মুক্তিযোদ্ধারা দ্রুত কয়েকটি দলে বিভক্ত হয়ে আক্রমণ শুরু করেন। পাকিস্তানি সেনারাও ছিল সতর্ক। তারা পাল্টা গুলিবর্ষণ করে। তুমুল যুদ্ধ চলতে থাকে। গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত।এনামুল হক ও তাঁর সহযোদ্ধারা বিপুল বিক্রমে পাকিস্তানি সেনাদের পাল্টা আক্রমণ মোকাবিলা করেন। একপর্যায়ে তিনি ও তাঁর কয়েকজন সহযোদ্ধা ঝোড়োগতিতে ঝাঁপিয়ে পড়েন পাকিস্তানি সেনাদলের একাংশের ওপর। তাঁদের সাহসিকতায় পাকিস্তানি সেনারা হতবিহ্বল হয়ে পেছনে সরে যায়।অসীম সাহসী এনামুল হক এ সময় আরও এগিয়ে যান। তখন হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। আহত হয়েও দমে যাননি। বীরত্বের সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখেন। তাঁর অদম্য মনোবলে সহযোদ্ধারা উৎসাহিত ও উজ্জীবিত হন। কিন্তু মারাত্মক আহত এনামুল হক একটু পর ঢলে পড়েন মৃত্যুর কোলে। নিভে যায় তাঁর জীবনপ্রদীপ। এ ঘটনা ১৭ নভেম্বর ১৯৭১ সালের। কাশীপুরে। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের অন্তর্গত কাশীপুর। ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে। কপোতাক্ষ নদ কাশীপুরের পাশ দিয়ে প্রবাহিত। সেখানে নদের ওপর একটি সেতু আছে। চৌগাছা থানার পশ্চিমে সীমান্ত এলাকায় যাওয়ার পথ এই সেতু দিয়ে। মুক্তিযুদ্ধ চলাকালে সামরিক কৌশলগত কারণে মুক্তিবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনী, উভয়ের কাছেই কাশীপুর ছিল সমান গুরুত্বপূর্ণ। কাশীপুরে পাকিস্তান সেনাবাহিনীর কোনো ঘাঁটি ছিল না। অদূরে ঝিকরগাছা থানায় (বর্তমানে উপজেলা) ছিল তাদের ঘাঁটি। সেখানে নিয়োজিত ছিল ৫৫ ফিল্ড রেজিমেন্ট এবং ২২ এফএফ রেজিমেন্ট।কাশীপুর অনেকটা মুক্ত এলাকার মতো ছিল। মুক্তিযোদ্ধাদের ক্ষুদ্র একটি দল কাশীপুরে গোপনে অবস্থান করত। পাকিস্তানি সেনারা ঝিকরগাছা থেকে সেখানে আসত। এলাকার ওপর নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য টহল দিয়ে চলে যেত। মুক্তিযোদ্ধাদের বড় দল সুযোগ বুঝে প্রায়ই সীমান্ত অতিক্রম করে পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করত। ১৯৭১ সালে কাশীপুরে অসংখ্য বার যুদ্ধ সংঘটিত হয়।এরই ধারাবাহিকতায় সেদিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। তাঁদের আক্রমণে পাকিস্তান সেনাবাহিনীর ওই দলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একপর্যায়ে তারা হতাহতদের নিয়ে পালিয়ে যায়।যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা শহীদ এনামুল হকের মরদেহ উদ্ধার করে সমাহিত করেন কাশীপুরেই। তাঁর সমাধি সংরক্ষিত। সেখানে আরও চারজন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি আছে। একটি শহীদ নূর মোহাম্মদ (বীরশ্রেষ্ঠ), একটি শহীদ মনিরুজ্জামান (বীর বিক্রম), একটি শহীদ আবদুস সাত্তার ও একটি শহীদ বাহাদুরের। প্রতিবছর হাজারো মানুষ এই সমাধি পরিদর্শন করে। এনামুল হক চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন পাকিস্তানে (তখন পশ্চিম পাকিস্তান)। ১৯৭১ সালে ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ৮ নম্বর সেক্টরের বয়রা সাবসেক্টরে যুদ্ধ করেন। বিভিন্ন স্থানের যুদ্ধে তিনি যথেষ্ট সাহস, দক্ষতা ও কৃতিত্ব প্রদর্শন করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য শহীদ এনামুল হককে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী, তাঁর বীরত্বভূষণ নম্বর ১৪৩। তাঁর প্রকৃত নাম এনামুল হক গাজী।শহীদ এনামুল হক গাজীর পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার আটজুরি ইউনিয়নের বাসাবাড়ি গ্রামে। অবিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আবদুল হাকিম গাজী, মা ফুলজান বিবি। শহীদ এনামুল হকের ছবি পাওয়া যায়নি।সূত্র: হাবিব গাজী (শহীদ এনামুল হক গাজী বীর প্রতীকের ভাতিজা) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]