৫০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।মমিনউল্লাহ পাটোয়ারীবীর প্রতীকদিনে-দুপুরে হঠাৎ বিকট শব্দ। একের পর এক বিস্ফোরণ। দাউদাউ আগুন আর কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী ক্রমেই বড় হয়ে ওপরে উঠতে থাকল। জ্বলন্ত আগুনের তাপে সেখানে টেকা দায়। ভয়াবহ এক অবস্থা। চারদিকে পাকিস্তানি সেনা আর তাঁদের সহযোগীদের হতবিহ্বল ছোটাছুটি। আগুনের শিখায় গুরুতরভাবে পুড়ে গেল তাঁদের কয়েকজনের শরীর। দু-তিনজন তখনই নিহত হলো।১৯৭১। ২৯ বা ৩০ অক্টোবর। দুপুর আনুমানিক ১২টা। চাঁদপুর নৌবন্দরসংলগ্ন স্থান। বার্মা ইস্টার্নের তেলের ডিপো। বন্দর ও সংলগ্ন তেলের ডিপো, চারদিকে শত্রুর জোরদার নিরাপত্তাব্যবস্থা। দিনে-দুপুরে সেখানে অপারেশন চালানো দুঃসাধ্য এক কাজ। সব উপেক্ষা করে সেখানে অপারেশন চালান নৌকমান্ডো মমিনউল্লাহ পাটোয়ারী ও ফজলুল কবীর। সঙ্গে তাঁদের সহযোগী নান্নু নামে স্থানীয় একজন। দিনের বেলায় চাঁদপুরের বার্মা ইস্টার্নের তেলের ডিপো ধ্বংসে তাঁরা দুজন দুঃসাহসিকতার পরিচয় দেন। জীবনের মায়া-মৃত্যুভয় তাঁদের ছিল না। মমিনউল্লাহ পাটোয়ারী তাঁর সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে সফলতার সঙ্গে বিস্ফোরক দিয়ে তেলের ডিপো উড়িয়ে দেন। বিস্ফোরণে তেলের ডিপো মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো। কয়েক ঘণ্টা ধরে হাজার হাজার গ্যালন জ্বালানি তেল পুড়ে নিঃশেষ হয়ে গেল।মমিনউল্লাহ পাটোয়ারী একজন সাহসী নৌকমান্ডো ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে আরও কয়েকটি সফল অপারেশন করেন। ১৬ আগস্ট চাঁদপুর নৌবন্দরে, ২৬ অক্টোবর চাঁদপুরে দুটি খাদ্যবাহী নৌকা দখল, ৩০ অক্টোবর চাঁদপুর ডাকাতিয়া নদীর লন্ডন ঘাটে আমেরিকান পতাকাবাহী জাহাজ এমডি লোরেন ধ্বংস, চাঁদপুর-লাকসাম রেলপথের একটি কালভার্ট ধ্বংস, ৫ নভেম্বর চীনা পতাকাবাহী জাহাজে আক্রমণ।মমিনউল্লাহ পাটোয়ারী ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ এলাকা দিয়ে ভারতে চলে যান। পলাশিতে তিনি প্রশিক্ষণ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য মমিনউল্লাহ পাটোয়ারী বীর প্রতীক খেতাব পেয়েছেন।মমিনউল্লাহ পাটোয়ারীর বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার মৈশাদী গ্রামে। বর্তমানে তিনি ঢাকার এলিফ্যান্ট রোডে বসবাস করেন। স্বাধীনতার পর তিনি পুলিশ বাহিনীতে চাকরি করেন। ১৯৯২ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০৮ সালে সচিব হিসেবে অবসর নিয়েছেন। তাঁর বাবার নাম মেহেরউল্লাহ পাটোয়ারী, মায়ের নাম শামছুন নাহার। স্ত্রী নাজনীন মমতাজ। তাঁদের দুই ছেলে।আলাপকালে মমিনউল্লাহ পাটোয়ারী বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও মর্যাদার সঙ্গে বাঁচার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের দেশের অনেক মানুষ এখনো দরিদ্রসীমার নিচে বসবাস করছে। তিনি আরও জানালেন, তাঁর চাকরিজীবনের শেষ উপার্জন পেনশনের টাকা দিয়ে একটা ফাউন্ডেশন গঠন করেছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তাঁর ইউনিয়নে ভিক্ষাবৃত্তি বন্ধ ও নিরক্ষতা দূর করার জন্য কাজ করছেন।সূত্র: মমিনউল্লাহ পাটোয়ারী বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১০। গ্রন্থনা: তারা রহমান[email protected]