তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।শহীদ সিকান্দার আহমেদবীর প্রতীকফেনী জেলার প্রত্যন্ত গ্রাম পূর্ব অলকা। এই গ্রামে একটি পুকুরপাড়ে গাছপালার নিচে কয়েকটি কবর। একটু দূরে আরেকটি কবর। সেটি চিহ্নিত। কিন্তু বেশ অবহেলা ও অযত্নের ছাপ। এই কবরে যিনি শায়িত তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সিকান্দার আহমেদ বীর প্রতীকের কবর সেটি। ১৯৭১। নভেম্বরের শেষ দিক। চারদিকে মুক্তিবাহিনীর জোরালো আক্রমণ। পাকিস্তানিরা কোণঠাসা। তারা পিছু হটছে। মুক্তিযোদ্ধারা মুক্ত করছেন একেকটি এলাকা। ফেনী জেলার বিলোনিয়া মুক্ত করার পর মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বান্দুয়া-পাঠাননগর এলাকায়। তাঁদের সঙ্গে আছে মিত্রবাহিনী। ২২-২৩ নভেম্বর থেকে সেখানে চলছে যুদ্ধ। দিনরাত গোলাগুলি। কখনো থেমে থেমে, কখনো টানা এক-দেড় ঘণ্টা। একটু পর পর গোলার কানফাটানো শব্দ। পাকিস্তানিদের গোলা এসে পড়ছে মুক্তিবাহিনীর অবস্থানের আশপাশে বা দূরে। মুক্তিযোদ্ধা কয়েকজন গোলার আঘাতে আহত হয়েছেন। ৫ ডিসেম্বর সিকান্দার আহমেদ ও তাঁর সহযোদ্ধারা নিজ নিজ অবস্থানে অনড় থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। বিকট শব্দে সিকান্দার আহমেদের অবস্থান থেকে একটু দূরে বিস্ফোরিত হলো পাকিস্তানি আর্টিলারি গোলা। গোলার টুকরো এসে আঘাত করল সিকান্দার আহমেদের শরীরে। মারাত্মকভাবে আহত হলেন তিনি। রক্তে ভেসে গেল জায়গাটা। সহযোদ্ধারা চেষ্টা করলেন তাঁকে বাঁচাতে। কিন্তু পারলেন না। কিছুক্ষণের মধ্যেই সিকান্দার আহমেদ ঢলে পড়লেন মৃত্যুর কোলে। সেদিন আহত হন মুক্তিবাহিনীর আরও কয়েকজন। সিকান্দার আহমেদের বাড়ি ছিল বিলোনিয়া এলাকাতেই। সহযোদ্ধারা তাঁর লাশ বাড়িতে নিয়ে সমাহিত করেন। বাড়ির সামনে পুকুরপাড়ে তাঁর কবর।সিকান্দার আহমেদ পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পাকিস্তানের লাহোরে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তিনি ২ নম্বর সেক্টরের রাজনগর সাব-সেক্টর এলাকায় যুদ্ধ করেন। বিলোনিয়া, সালধর বাজার, মুন্সিরহাট, সুবার বাজারসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য স্বাধীনতার পর সিকান্দার আহমেদকে মরণোত্তর বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।সিকান্দার আহমেদের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার পূর্ব অলকা গ্রামে। তাঁর বাবার নাম আলী আহমেদ। মায়ের নাম জেবুন নেছা। সিকান্দার আহমেদ ১৯৭০ সালে রুচিরা আক্তার নামে একজনকে বিয়ে করেছিলেন। স্বাধীনতার পর তাঁর আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে।সিকান্দার আহমেদের একমাত্র ভাইয়ের নাম আবদুস সোবহান। তিনি একটি টিনের ঘরে স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে বসবাস করেন। তাঁর ঘরে শহীদ সিকান্দার আহমেদের সনদ ও মেডেল যত্নে রাখা আছে। তিনি বললেন, স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী থেকে কয়েকবার লোকজন এসে সিকান্দার আহমেদের কবর দেখে গেছেন। কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের কথা তাঁরা প্রতিবারই বলেছেন; কিন্তু আজও তা করা হয়নি। গ্রামের বেশির ভাগ, বিশেষ করে যুবা-তরুণেরা জানেন না, তাঁদের গ্রামে খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা আছেন। শহীদ সিকান্দার আহমেদের নামে স্থানীয় কোনো কিছুর নামকরণ করা হলে নতুন প্রজন্ম অন্তত তাঁর নামটা জানত। শহীদ সিকান্দার আহমেদ, বীর উত্তমের কোনো ছবি পাওয়া যায়নি।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২ ও প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য।গ্রন্থনা: তারা রহমান[email protected]