৫১৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. হোসেন, বীর প্রতীকসাহসী এক যোদ্ধা১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর একদল মুক্তিযোদ্ধা প্রতিরক্ষা অবস্থান নেন ব্রাহ্মণবাড়িয়া জেলার গঙ্গাসাগর ও তালশহরে। চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর সেনা সমন্বয়ে গড়া মুক্তিযোদ্ধাদের এই দল। এ অবস্থানে যাতে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ না করতে পারে, সে জন্য মুক্তিযোদ্ধাদের দুটি উপদল অগ্রবর্তী দল হিসেবে অবস্থান নেয় দরুইন গ্রামে। মো. হোসেন (মোহাম্মদ হোসেন) ছিলেন একটি উপদলের নেতৃত্বে। অপর উপদলের নেতৃত্বে ছিলেন মোস্তফা কামাল (বীরশ্রেষ্ঠ, দরুইন যুদ্ধে শহীদ)।১৮ এপ্রিল সকালে পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় উপস্থিত হয়। তারা দূর থেকে গোলাগুলি শুরু করে। সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পাকিস্তান সেনাবাহিনী প্রথমে দক্ষিণ দিকে অবস্থান নিয়ে আক্রমণের ব্যাপক মহড়া প্রদর্শন করে। এতে মুক্তিযোদ্ধারা মনে করেন যে মোগড়াবাজার ও গঙ্গাসাগরেই পাকিস্তানিরা আক্রমণ করবে। এ জন্য তাঁরা মূল শক্তি সে দিকেই বেশি নিয়োজিত করে আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নেন।পাকিস্তানিরা প্রকৃত আক্রমণ শুরু করে পশ্চিম দিক অর্থাৎ দরুইনের দিক দিয়ে। এতে মুক্তিযোদ্ধারা বিভ্রান্ত হয়ে পড়েন। তাঁদের এই বিভ্রান্তি ও বৃষ্টির সুযোগ নিয়ে পাকিস্তানিরা দ্রুত দরুইন গ্রামের খুব কাছে পৌঁছে যায়। মো. হোসেন ও মোস্তফা কামাল সহযোদ্ধাদের নিয়ে বিপুল বিক্রমে পাকিস্তানিদের অপ্রত্যাশিত ওই আক্রমণ প্রতিহত করেন। দুই পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়।দরুইন গ্রামের দিকে আগত পাকিস্তান সেনাবাহিনীর এই দলটি ছিল বেশ বড় ও বেপরোয়া। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত। সংখ্যানুপাতে মুক্তিযোদ্ধাদের চেয়ে তারা ছিল অনেক বেশি। পাকিস্তানিদের কমান্ডো স্টাইলের প্রচণ্ড আক্রমণে মুক্তিযোদ্ধাদের পক্ষে নিজ অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ে।মো. হোসেন ও মোস্তফা কামাল এতে মনোবল হারাননি। সহযোদ্ধাদের নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই অব্যাহত রাখেন। কিন্তু একপর্যায়ে পাকিস্তানি সেনাদের একাংশ তাঁদের পেছনে অবস্থান নেয়। পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলার চেষ্টা করে। ফলে তাঁরা প্রচণ্ড ঝুঁকির মুখে অর্থাৎ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। এ অবস্থায় তাঁদের পশ্চাদপসরণ করা ছাড়া আর উপায় থাকে না।কাভারিং ফায়ারের ছত্রছায়ায় মো. হোসেন সহযোদ্ধাদের নিয়ে নিরাপদেই পশ্চাদপসরণ করেন। অপর উপদলের মুক্তিযোদ্ধারাও পশ্চাদপসরণ করেন। কিন্তু ওই দলের দলনেতা মোস্তফা কামাল কাভারিং ফায়ার দেওয়ার সময় পাকিস্তানিদের পাল্টা আক্রমণে শহীদ হন। সেদিন যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়। মুক্তিযোদ্ধাদের পক্ষে চারজন শহীদ ও কয়েকজন আহত হন।মো. হোসেন চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন কুমিল্লা উইংয়ের (বর্তমানে ব্যাটালিয়ন) অধীনে। তখন তাঁর পদবি ছিল হাবিলদার। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার পর ২ নম্বর সেক্টরের অধীনে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য মো. হোসেনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৬৯। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ হোসেন। গেজেটে তাঁর নাম ভুলক্রমে সেনা তালিকায় রয়েছে।মো. হোসেন ১৯৮৩ সালে বিডিআর (বর্তমানে বিজিবি) থেকে সুবেদার হিসেবে অবসর নেন। ২০০৭ সালে মারা যান তািন। তাঁর পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আমড়াতলী গ্রামে। চাকরিরত অবস্থায় ১৯৬৯ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে বিয়ে করেন। তখন থেকে এখানেই স্থায়ীভাবে বাস করতেন। তাঁর বাবার নাম মো. তাহের খান। মা গোলাপচান বেগম। স্ত্রী শামসুননাহার বেগম। তাঁদের চার মেয়ে ও তিন ছেলে। তাঁর স্ত্রী বেঁচে আছেন, তবে অসুস্থ।সূত্র: প্রথম আলোর আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দুলাল ঘোষ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: রাশেদুর রহমান [email protected]