৫২৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এম এ মান্নান, বীর বিক্রমসাহসী এক গেরিলা যোদ্ধা১৫ ডিসেম্বর ভোর পাঁচটা। সূর্যের আলো তখনো উঁকি দেয়নি। এমন সময় ঠাস ঠাস, দ্রিম দ্রিম শব্দে কেঁপে ওঠে গোটা ভাটিয়াপাড়া এলাকা। মুক্তিযোদ্ধারা আক্রমণ চালান পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে। গোপালগঞ্জ জেলার উত্তরে কাশিয়ানী উপজেলার দক্ষিণ-পশ্চিমে মধুমতী নদীর তীরে ভাটিয়াপাড়া। সেখানে আছে ওয়্যারলেস স্টেশন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী সেখানে ঘাঁটি স্থাপন করে। ট্রানজিট ক্যাম্প হিসেবেও ঘাঁটিটি ব্যবহূত হয়। বিভিন্ন এলাকা থেকে ট্রেন-লঞ্চে পাকিস্তানি সেনারা ভাটিয়াপাড়ায় আসত এবং দু-এক দিন অবস্থান করত। এ ছাড়া ওয়্যারলেস স্টেশনের মাধ্যমে তারা বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করত।পাকিস্তানিদের এ ঘাঁটিটি ছিল বেশ সুরক্ষিত। চারদিকে মাটির গভীরে ছিল বাংকার। এর প্রথম স্তরে রেলের স্লিপারের ওপরে ঢেউটিনের ছাদ। ওপরে বালুর বস্তা। এরপর আবার পুরু টিন ও মাটির স্তর। এভাবে মাটির নিচে আনুমানিক ৫৭টি বাংকার তৈরি করে পাকিস্তানিরা। চারপাশে ছিল মাইন পোঁতা। মজুদ ছিল বিপুল অস্ত্রশস্ত্র ও রসদ।আগেও মুক্তিযোদ্ধারা দু-তিনবার ওই ঘাঁটিটি আক্রমণ করেন। দুই ইঞ্চি মর্টার দিয়ে তাঁরা অনেক রকেট ছোড়েন। কিন্তু ক্যাম্পের কোনো ক্ষতি হয়নি। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর পাকিস্তানিদের এ ক্যাম্পটি দখল করতে মরিয়া হয়ে ওঠেন মুক্তিযোদ্ধারা। এম এ মান্নান সহযোদ্ধাদের নিয়ে ১৫ ডিসেম্বর এ ঘাঁটিতে আক্রমণ করেন। তাঁরা প্রথমে ওই ক্যাম্প অবরোধ করেন। এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। তখন মুক্তিযোদ্ধারা ভাটিয়াপাড়ায় অবস্থানরত পাকিস্তানিদের আত্মসমর্পণের আহ্বান জানান। কিন্তু তারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়। এরপর মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ চালান। পাকিস্তানিরাও পাল্টা আক্রমণ করে।তারা ব্যাপক গুলিবর্ষণ করে। এতে কয়েকজন মুক্তিযোদ্ধা হতাহত হন। এম এ মান্নানসহ মুক্তিযোদ্ধারা অবরোধ ছেড়ে যাননি। কয়েক দিন ধরে এখানে যুদ্ধ হয়। পরে বয়রা সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদার (বীর বিক্রম, পরে কর্নেল) নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা সেখানে উপস্থিত হন। অবশেষে ১৮ ডিসেম্বর একজন মেজরের নেতৃত্বে প্রায় অর্ধশত পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে।এম এ মান্নান (জন্ম ১৯৪০) ১৯৭১ সালে ক্ষুদ্র ব্যবসা করতেন। রাজনীতিতেও জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ফরিদপুর জেলায় সর্বপ্রথম তাঁর নেতৃত্বে আলফাডাঙ্গার গোপালপুরে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল মুক্তি সেনার একটি দল গড়ে ওঠে। বেশির ভাগ সময় তিনি সহযোদ্ধাদের নিয়ে দেশের ভেতরে ছিলেন। আলফাডাঙ্গা, কাশিয়ানীসহ বিভিন্ন স্থানে সাহসিকতার সঙ্গে গেরিলাযুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য এম এ মান্নানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ১৬৩। তাঁর প্রকৃত নাম মো. আবদুল মান্নান। এম এ মান্নান স্বাধীনতার পর কয়েক মেয়াদে গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের আগস্ট মাসে তিনি মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে। বাবার নাম আবদুল লতিফ, মা আছিরননেসা। তাঁর দুই স্ত্রী; নূরুন নাহার বেগম ও জাহানারা বেগম। তাঁদের তিন ছেলে ও তিন মেয়ে।এম এ মান্নানের বড় ছেলে (প্রথম স্ত্রীর একমাত্র সন্তান) এম এ শওকত, দুই ভাই এম এ সোবহান ও এম এ মতিনও মুক্তিযোদ্ধা ছিলেন। ছেলে শওকত ভারতে প্রশিক্ষণ শেষে ৩৬ জনের একটি দলের নেতৃত্ব দিয়ে দেশে আসার পথে যশোরের আড়পাড়ায় পাকিস্তান সেনাবাহিনীর অ্যাম্বুশে পড়েন। তখন যুদ্ধে তিনি শহীদ হন। স্বাধীনতার পর শহীদ শওকতের স্মরণে ১৯৭২ সালে চান্দড়া গ্রামে স্থাপন করা হয় ‘শহীদ শওকত স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়’। সূত্র: প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: রাশেদুর রহমানৎashedtৎ@pৎothom-alo.info