৫২৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. নাজিম উদ্দীন, বীর বিক্রমবোমায় তাঁর ডান পা উড়ে যায়ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অন্তর্গত মন্ডুমালা। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী এখানে ঘাঁটি করে। এটি ছিল বেশ সুরক্ষিত। ১৯৭১ সালের ১৬ আগস্ট প্রায় ৫০ মুক্তিযোদ্ধা এই ঘাঁটিতে আক্রমণ করেন। তখন ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দেন মো. নাজিম উদ্দীন।বেশির ভাগ মুক্তিযোদ্ধা ছিলেন স্বল্প প্রশিক্ষিত। সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা তাঁদের ছিল না। মো. নাজিম উদ্দীনের নেতৃত্বে তাঁরা ঘাঁটি আক্রমণ করেন। আকস্মিক আক্রমণে পাকিস্তানি সেনারা কিছুটা হকচকিত হয়। তবে এ ধরনের আক্রমণের জন্য তারা প্রস্তুতই ছিল। সঙ্গে সঙ্গে তারা আক্রমণ প্রতিরোধ করে। পাকিস্তানিদের ভারী অস্ত্রের সঙ্গে মুক্তিযোদ্ধারা পেরে ওঠেননি। প্রচণ্ড পাল্টা আক্রমণের মুখে তাঁদের পিছু হটে যেতে হয়।এতে মনোবল হারাননি মো. নাজিম উদ্দীন। সহযোদ্ধাদের পুনরায় সংগঠিত করে পরদিন ১৭ আগস্ট ভোরে আবারও ওই ঘাঁটি আক্রমণ করেন। সহযোদ্ধাদের নিয়ে তিনি ঘাঁটির ২০০-২৫০ গজের মধ্যে চলে যান। পাকিস্তানি সেনারা তাঁদের লক্ষ্য করে ব্যাপক গোলাগুলি করে।মো. নাজিম উদ্দীন সহযোদ্ধাদের বলেন, ‘মৃত্যু আসলে আসুক, তবু আমরা সামনে যাব।’ তাঁর সাহসিকতায় উজ্জীবিত হন সহযোদ্ধারা। এরপর তাঁর নেতৃত্বে তাঁরা বিপুল বিক্রমে যুদ্ধ করেন এবং আরও কিছুদূর এগিয়ে যান। এমন সময় হঠাৎ একটি বোমা আঘাত হানে মো. নাজিম উদ্দীনের ডান পায়ে। তাঁর ডান পায়ের নিচের অংশ সঙ্গে সঙ্গে উড়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।গুরুতর আহত হওয়ার পরও মো. নাজিম উদ্দীনের আরও কিছুক্ষণ জ্ঞান ছিল। প্রচণ্ড গোলাগুলির মধ্যে তিনি একাই ক্রল করে পাশের পাটখেতে যান। সেখানে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েকজন সহযোদ্ধা অচেতন অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে শিবিরে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কলকাতায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মহারাষ্ট্রের একটি হাসপাতালে তাঁকে পাঠানো হয়।দুই দিনের যুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ এবং মো. নাজিম উদ্দীনসহ অনেকে আহত হন। মো নাজিম উদ্দীন ইপিআরে চাকরি করতেন। ১৯৭১ সালে দিনাজপুর সেক্টর হেডকোয়ার্টারে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২৮ মার্চ বিদ্রোহ করে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধকালে প্রথমে দশমাইল, পরে চম্পাতলীতে যুদ্ধ করেন। ভারতে যাওয়ার পর কিছুদিন একটি ক্যাম্পের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। মন্ডুমালা যুদ্ধের আগেও তিনি আরও কয়েকটি গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন।মুক্তিযুদ্ধে বিশেষত, মন্ডুমালা যুদ্ধে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. নাজিম উদ্দীনকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৯৯।ভারতে চিকিৎসা নিয়েও মো. নাজিম উদ্দীন পুরোপুরি সুস্থ হননি। শারীরিক অসুস্থতার কারণে ১৯৭৩ সালে বিডিআর (বর্তমানে বিজিবি) থেকে নায়েব সুবেদার হিসেবে অবসর নেন। ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে মারা যান। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বেকি গ্রামে। তবে তিনি বাস করতেন ঠাকুরগাঁও পৌরসভার অন্তর্গত প্রধান পাড়ায়। এটি তাঁর উত্তরাধিকারীদের বর্তমান ও স্থায়ী ঠিকানা। তাঁর বাবার নাম রহিম উদ্দীন, মা মেহেরজান বিবি, স্ত্রী বিলাতুন নেছা। তাঁদের পাঁচ মেয়ে দুই ছেলে।মো. নাজিম উদ্দীনের স্ত্রী বিলাতুন নেছা এখনো বেঁচে আছেন। বর্তমানে অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, ‘স্বামী অবসর নেওয়ার পর ছেলেমেয়েদের খেয়ে না খেয়ে মানুষ করেছি। এক ছেলে ছোট একটি মুদি দোকান চালায়, অপর ছেলে কুলির কাজ করে। তাদেরই সংসার চলে না। জানি না, এভাবে আর কত দিন চলবে?’সূত্র: মুক্ত আসরের আ ফ ম মাসউদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৭। গ্রন্থনা: রাশেদুর রহমানৎashedtৎ@pৎothom-alo.info