তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।সাহাবউদ্দিন আহমেদবীর উত্তমআকাশে ভটভট শব্দ। মুক্তিবাহিনীর একটি হেলিকপ্টার আকাশে চক্কর দিয়ে বারবার খুব নিচে নেমে আসছে। পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করছে। নিচে তীব্র গোলাগুলি, আর্তনাদ আর চিৎকার। চারদিকে কুণ্ডলী পাকানো ধোঁয়া। পাকিস্তানি সেনাদের ছোটাছুটি। পাকিস্তানিরা চেষ্টা করছে হেলিকপ্টারটি ধ্বংস করার। হেলিকপ্টারে আছেন সাহাবউদ্দিন আহমেদ, বদরুল আলম ও একজন গানার।এ ঘটনা ১৯৭১ সালের। ১১ ডিসেম্বরে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। সেদিন খুব সকালে সেখানে হেলিকপ্টারে করে ছত্রীসেনা নামায় মিত্রবাহিনী। পাকিস্তানিরা তাঁদের অ্যামবুশ করে। এতে ছত্রীসেনারা নিশ্চিত বিপর্যয়ের মুখে পড়েন। তখন মিত্রবাহিনী মুক্তিবাহিনীর নবগঠিত বিমানবাহিনীর সাহায্য কামনা করে।খবর পাওয়া মাত্র মুক্তিবাহিনীর বিমানবাহিনীর একটি ইউনিট অস্ত্রসজ্জিত হেলিকপ্টার নিয়ে রায়পুরায় রওনা হয়। সাহাবউদ্দিন আহমেদদের পরিকল্পনা ছিল, তাঁরা দূর থেকে আক্রমণ চালিয়ে চলে যাবেন। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁদের ঝুঁকি নিয়ে বেশি নিচে নেমে আক্রমণ চালাতে হয়। বেশি নিচে নামার কারণে পাকিস্তান সেনারা হেলিকপ্টারে পাল্টা আক্রমণের চেষ্টা করে। সাহাবউদ্দিন আহমেদদের আক্রমণ এত জোরালো ও নিখুঁত ছিল যে সব বাধা উপেক্ষা করে তাঁরা পাকিস্তানিদের ওপর সফল অপারেশন চালান। তাঁদের আক্রমণে পাকিস্তান সেনাবাহিনীর ২০ জন নিহত ও ২৪-২৫ জন আহত হয়। বাকিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই অপারেশন শেষ করে সাহাবউদ্দিন আহমেদরা হেলিকপ্টার নিয়ে নিরাপদে ফিরে যান। সাহাবউদ্দিন আহমেদ ১০-১১টি অপারেশনে অংশ নিয়েছেন। তিনি আর দুটি অপারেশনে এ রকম বিরূপ অবস্থার মুখে পড়েছিলেন। যেকোনো সময় তাঁর হেলিকপ্টার শত্রুর গুলিতে ধ্বংস হয়ে যেতে পারত। সেটা ৬ ডিসেম্বর মৌলভীবাজারে এবং ৭ ডিসেম্বর সিলেটের শমসেরপুরে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে তাঁর হেলিকপ্টার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সাহাবউদ্দিন আহমেদ ১৯৭১ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ) কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ৭ এপ্রিল ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে নানা সাংগঠনিক কাজ করতে থাকেন। ২৮ সেপ্টেম্বর মুক্তিবাহিনীর বিমানবাহিনী গঠিত হলে তিনি তাতে যোগ দেন। তিনি প্রথমে জঙ্গি বিমান চালনার প্রশিক্ষণ নেন। পরে লোক-সংকটের কারণে তাঁকে হেলিকপ্টারে স্থানান্তর করা হয়। তাঁর হেলিকপ্টার চালনার পূর্ব অভিজ্ঞতা ছিল না। কয়েক দিনের প্রশিক্ষণে হেলিকপ্টার চালনায় তিনি দক্ষ হয়ে ওঠেন।মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা প্রদর্শনের জন্য সাহাবউদ্দিন আহমেদ ‘বীর উত্তম’ খেতাব পেয়েছেন। সাহাবউদ্দিন আহমেদের বাড়ি ফরিদপুর জেলা শহরের চরকমলাপুর। বর্তমানে বসবাস করেন ঢাকার গুলশানে। ২০০৭ সালে বাংলাদেশ বিমানের চাকরি থেকে অবসর নেন। তাঁর বাবার নাম গিয়াসউদ্দিন আহমেদ। মা লাইলী রশিদ। স্ত্রী রোকেয়া নার্গিস। তাঁদের এক মেয়ে, এক ছেলে। আলাপকালে সাহাবউদ্দিন আহমেদ বললেন, নতুন প্রজন্ম বুঝতে পেরেছে স্বাধীনতার মর্যাদা। যুদ্ধাপরাধীদের বিচার না করা হলে বাংলার জনগণ ও শহীদদের অপমান করা হবে।সূত্র: সাহাবউদ্দিন আহমেদ বীর উত্তমের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা এবং স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]