৫৩০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।দেলোয়ার হোসেন, বীর প্রতীকসাহসী এক যোদ্ধামুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে বৃহত্তর সিলেট জেলা মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে অভিযান শুরু করেন। এক দল (অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এক ব্যাটালিয়ন শক্তি) অগ্রসর হয় ভারতের কৈলাশশহর থেকে মৌলভীবাজার জেলার শমসেরনগর অক্ষ ধরে। এই দলে ছিলেন দেলোয়ার হোসেন। তাঁদের সার্বিক নেতৃত্বে (অধিনায়ক) ছিলেন মেজর এ জে এম আমিনুল হক (বীর উত্তম, পরে ব্রিগেডিয়ার জেনারেল)।এ অক্ষপথে বিভিন্ন স্থানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত ঘাঁটি ও প্রতিরক্ষা। ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা আলীনগর চা-বাগানে (মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত) আক্রমণ করেন। পাকিস্তানি সেনারাও পাল্টা আক্রমণ করে। দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা তুমুল যুদ্ধ হয়। এতে পাকিস্তানিদের চরম ক্ষয়ক্ষতি হয়। এরপর তারা পিছু হটে ভানুগাছে আশ্রয় নেয়। দেলোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের অনুসরণ করে উপস্থিত হন ভানুগাছে। এখানে আগে থেকেই ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত প্রতিরক্ষা। স্থানটি ছিল ভৌগোলিক ও সামরিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। সিলেট দখলের জন্য ভানুগাছ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে উচ্ছেদ করা ছিল অত্যন্ত প্রয়োজনীয়।৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা ভানুগাছে আক্রমণ করেন। সারা দিন ধরে এখানে যুদ্ধ হয়। পাকিস্তানি সেনারা মরিয়া হয়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের চেষ্টা করে। দেলোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা এতে বিচলিত হননি। সাহসিকতার সঙ্গে তাঁরা যুদ্ধ করেন। তাঁদের বীরত্বে বিপর্যস্ত পাকিস্তানিরা পরদিন পালিয়ে যায়।ভানুগাছে দেলোয়ার হোসেন বিক্রমের সঙ্গে যুদ্ধ করেন। তাঁর বীরত্বে পাকিস্তানিদের বেশ ক্ষতি হয়। যুদ্ধ চলাবস্থায় সন্ধ্যায় (৬ ডিসেম্বর) তিনি আহত হন। পাকিস্তানিদের ছোড়া একটি গুলি তাঁর গালে লাগে। এতে তাঁর চোয়াল ক্ষতিগ্রস্ত ও কয়েকটি দাঁত পড়ে যায়। তার পরও তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে যাননি। অবশ্য একটু পর তাঁর অবস্থার অবনতি হয়ে পড়ে। তখন তাঁর সহযোদ্ধারা তাঁকে দ্রুত ফিল্ড চিকিৎসা কেন্দ্রে পাঠান।দেলোয়ার হোসেন চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম সেক্টরের অধীন ১১ উইংয়ের (বর্তমানে ব্যাটালিয়ন) হেডকোয়ার্টার কোম্পানিতে। এর অবস্থান ছিল হালিশহরে। তখন তাঁর পদবি ছিল নায়েক। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। হালিশহর, পাহাড়তলি, কালুরঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিরোধ যুদ্ধ করেন।কালুরঘাট যুদ্ধে তিনি আহত হন। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। এ সময়ও তিনি আহত অবস্থায় অনেকক্ষণ যুদ্ধ চালিয়ে যান। কালুরঘাটের পতন হলে গ্রাম-চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর ভারতে যান। এরপর ১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। পরে নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। নকশী বিওপি, উলিপুর, দক্ষিণগুল চা-বাগান, সোনারূপা চা-বাগানসহ আরও কয়েকটি স্থানে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য দেলোয়ার হোসেনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২৩৪।দেলোয়ার হোসেন স্বাধীনতার পর বিডিআরে (বর্তমানে বিজিবি) কর্মরত ছিলেন। ১৯৭৩ সালে নায়েক পদ থেকেই অবসর নেন। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হুগলি (পাটোয়ারী বাড়ি) গ্রামে। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম মো. ওয়াজেদ আলী পাটোয়ারী, মা সায়েরা খাতুন। স্ত্রী জাহানারা বেগম। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে।দেলোয়ার হোসেন জানালেন, তাঁর আর্থিক অবস্থা ভালো নয়। এ কারণে নানা সমস্যায় আছেন। সামান্য পেনসন ও ভাতায় তাঁর দিন চলে না। সূত্র: দেলোয়ার হোসেন বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]