৫৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ধারাবাহিকের।ওয়াকার হাসানবীর প্রতীক২৬ নভেম্বর। ১৯৭১। সিলেট জেলার কানাইঘাট এলাকা। শীতের ভোর। আনুমানিক সাড়ে চারটা বা পাঁচটা। চারদিকে সুমসাম নীরবতা। এমন সময় প্রচণ্ড গোলাগুলি। পাকিস্তান সেনাবাহিনীর ৩১ পাঞ্জাব রেজিমেন্ট অতর্কিতে আক্রমণ চালিয়েছে মুক্তিবাহিনীর প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের ডেলটা কোম্পানির একাংশের ওপর। তাদের আক্রমণে মুক্তিবাহিনীর ডেলটা কোম্পানির ১১ নম্বর প্লাটুন (এটি গৌরীপুরের সর্বদক্ষিণে ছিল) প্রায় বিধ্বস্ত হয়ে গেল। এই প্লাটুনের নেতৃত্বে ছিলেন সুবেদার মুসা। তাঁর বাঁ দিকে কয়েক শ মিটার দূরে অবস্থানে ছিলেন লেফটেন্যান্ট ওয়াকার হাসান। তিনি ওয়্যারলেসে খবর পেয়ে ২৩-২৪ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে ঝোড়োগতিতে ১১ নম্বর প্লাটুনের অবস্থানে এসে পাকিস্তানিদের ওপর পাল্টা আক্রমণ চালালেন। তিনি তাঁর সহযোদ্ধাদের নিয়ে একেবারে পাকিস্তানিদের নাকের ডগার মধ্যে ঢুকে পড়েন।এ রকম অবস্থায় সম্মুখযুদ্ধ বা হাতাহাতি ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। শুরু হয় ভয়াবহ যুদ্ধ। কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ চলে। ওয়াকার হাসান ও তাঁর সহযোদ্ধাদের দুঃসাহসিকতা ও বীরত্বে পাকিস্তানিরা শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে পড়ে। যুদ্ধে পাকিস্তানি সেনারা যখন ব্যাপক হারে নিহত বা আহত হচ্ছিল, তখন তারা পালাতে থাকে। পালানোর সময় নিহত হয় ৩১ পাঞ্জাব রেজিমেন্টের মেজর সারওয়ার। সেদিনের এই যুদ্ধে ওয়াকার হাসান অসাধারণ নৈপুণ্য ও বীরত্ব প্রদর্শন করেন। পাঞ্জাব রেজিমেন্টের প্রায় ৮৮ জন সৈন্য যুদ্ধে নিহত এবং ২৬ জন বন্দী হয়।কানাইঘাটে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। ২৪-২৫ নভেম্বর সেখানে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকটি কোম্পানির সমন্বয়ে গড়া মুক্তিবাহিনীর একটি বড় দল। মুক্তিবাহিনীর ডেলটা কোম্পানির ১২ নম্বর প্লাটুনের কমান্ডার ছিলেন ওয়াকার হাসান। কানাইঘাটের চারপাশে বেশ কয়েকটি গ্রাম—গৌরীপুর, বড় চাতাল, ডালিয়ার চর প্রভৃতি। উত্তর-পূর্বে আনন্দ বিল নামে একটি ছোট বিল। মাঝ দিয়ে বহমান সুরমা নদী। ২৪-২৫ নভেম্বরেও পাকিস্তানিরা গৌরীপুরে অতর্কিতে মুক্তিবাহিনীর আলফা কোম্পানির ওপর আক্রমণ চালিয়েছিল। তখন সেখানে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়।ওয়াকার হাসান ১৯৭১ সালে রাজশাহী প্রকৌশল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকা থেকে পালিয়ে ভারতে যান। সেখানে একটি শিবিরে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি প্রথম বাংলাদেশ কমিশন্ড অফিসার্স ওয়ারফোর্সে যোগ দেন। প্রশিক্ষণ শেষে তাঁকে জেড ফোর্সের প্রথম বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। তিনি বৃহত্তর সিলেটের শ্রীমঙ্গল, পাট্রাখোলা, হোসনাবাদ, চারগ্রাম, এমসি কলেজসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন।কানাইঘাটের যুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ওয়াকার হাসানকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।ওয়াকার হাসানের পৈতৃক নিবাস ঢাকার শ্যামলীর ৯ নম্বর রিং রোডে। এটাই তাঁর স্থায়ী ঠিকানা। তাঁর বাবার নাম এ এইচ এম হাবিবুল ইসলাম। মা শামসুন নাহার। স্ত্রী মাহমুদা আক্তার। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।ওয়াকার হাসান বললেন, ‘গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সুন্দর দেশের জন্য আমরা লড়াই করেছিলাম। তা আজও অর্জিত হয়নি। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। কিন্তু তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা তাঁরা পাননি।’সূত্র: ওয়াকার হাসান বীর প্রতীকের সাক্ষাৎকার এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]