৫৫১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবু তাহের, বীর প্রতীকসাহসী যোদ্ধামুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালের ভারতের সোনামুড়া থেকে নির্ভয়পুর হয়ে একদল (দুই কোম্পানি) মুক্তিযোদ্ধা অগ্রসর হন বাংলাদেশ অভিমুখে। মুক্তিযোদ্ধাদের একটি উপদলের (প্লাটুন) দলনেতা ছিলেন আবু তাহের। তাঁদের সার্বিক নেতৃত্বে ছিলেন মেজর আইন উদ্দিন (বীর প্রতীক, পরে মেজর জেনারেল)। তাঁদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব কুমিল্লা শহর দখল করা।কুমিল্লা শহর ছিল ২ নম্বর সেক্টরের অন্যতম কেন্দ্রবিন্দু। যোগাযোগের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানঘাঁটি, ময়নামতি সেনানিবাস এবং এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে মুক্তিযুদ্ধকালে কৌশলগত দিক দিয়ে কুমিল্লার তাৎপর্য ছিল অপরিসীম। মুক্তি ও মিত্রবাহিনী সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর দাউদকান্দি ও চাঁদপুরমুখী যেকোনো অভিযান পরিচালনার জন্য কুমিল্লাই ছিল একমাত্র পথ। লালমাই পাহাড় এ অঞ্চলের সব গুরুত্বপূর্ণ যুদ্ধে যথেষ্ট প্রভাব ফেলে। আবু তাহেররা ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ৩ ডিসেম্বর কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের চিওড়া পৌঁছান। চিওড়া বাজারের উত্তর দিকে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি প্রতিরক্ষা। পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের উপস্থিতি টের পেয়ে কোনো রকম প্রতিরোধ দূরের কথা, পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা ৫ ডিসেম্বর প্রায় নির্বিঘ্নেই কুমিল্লা শহরের পূর্ব পাশে বালুতুফা পৌঁছান। পথে তাঁদের কোথাও তেমন যুদ্ধে জড়াতে হয়নি।বালুতুফার অদূরেই ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত এক প্রতিরক্ষা। পাকা বাংকারে পাকিস্তানি সেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল। বাংকারগুলো ছিল ট্যাংকের গোলা প্রতিরোধে সক্ষম। সেখানে ছিল পাকিস্তানিদের তিন সারির প্রতিরক্ষা লাইন। সব মিলে দুর্ভেদ্য এক প্রতিরক্ষা। আবু তাহেররা মিত্রবাহিনীর সহযোগিতায় সেখানে আক্রমণ চালান। বিপুল বিক্রমে তাঁরা যুদ্ধ করেন। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীকে উচ্ছেদে তাঁরা ব্যর্থ হন।যুদ্ধে মুক্তিযোদ্ধাদের এবং মিত্রবাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তানি সেনাবাহিনী সেখানে মাটি কামড়ে অবস্থান ধরে রাখে। পাকিস্তানিদের তুলনায় মুক্তিযোদ্ধাদের শক্তি ছিল অনেক কম। এত কম শক্তি নিয়ে সম্মুখযুদ্ধ করে তাদের সেখান থেকে উচ্ছেদ করা ছিল বেশ দুরূহ।এ অবস্থায় আবু তাহের অধিনায়ক সিদ্ধান্ত নেন পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধ না করে তাদের পেছন দিয়ে কুমিল্লার দিকে অগ্রসর হওয়ার। ৬ ডিসেম্বর আবু তাহেরসহ মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের প্রায় বোকা বানিয়ে এবং কোনো যুদ্ধ না করেই কুমিল্লা শহরে ঢুকে পড়েন। বালুতুফায় অবস্থানরত পাকিস্তানি সেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। মুক্তিযোদ্ধাদের অগ্রগামী দল কুমিল্লা বিমানবন্দরের দিকে অগ্রসর হয়।এ দলে আবু তাহেরও ছিলেন। মিত্রবাহিনীর একটি দলের সঙ্গে যৌথভাবে তাঁরা কুমিল্লা বিমানবন্দরে অবস্থানরত পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। তখন সেখানে ভয়াবহ যুদ্ধ হয়। তুমুল যুদ্ধের পর পাকিস্তানি সেনারা কুমিল্লা সেনানিবাসের দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে আবু তাহের যথেষ্ট বীরত্ব প্রদর্শন করেন।আবু তাহের চাকরি করতেন পাকিস্তানি সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল কুমিল্লার ময়নামতি সেনানিবাসে। তখন তাঁর পদবি ছিল হাবিলদার। ২৫ মার্চ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোতায়েন ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মেজর শাফায়াত জামিলের (বীর বিক্রম, পরে লেফটেন্যান্ট কর্নেল) নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। তেলিয়াপাড়া, বুড়িচং, চান্দিনা, দাউদকান্দিসহ বিভিন্ন স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে, বিশেষত কুমিল্লা বিমানবন্দর যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবু তাহেরকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৯৪।আবু তাহের স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী থেকে সুবেদার হিসেবে অবসর নেন। এরপর কিছুদিন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান তাবানী বেভারেজে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে চাকরি করেন। ২০০৮ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার বড় হলদিয়া গ্রামে। বাবার নাম গোলাম আহমেদ সিকদার, মা আমেনা বেগম। স্ত্রী ফাতেমা বেগম। তাঁদের এক ছেলে, দুই মেয়ে।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক, আরিফুর রহমান (আবু তাহের বীর প্রতীকের ছেলে) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: রাশেদুর রহমানৎashedtৎ@pৎothom-alo.info