৫৫২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এম হামিদুল্লাহ খান, বীর প্রতীকদক্ষ এক অধিনায়কমুক্তিযুদ্ধকালে কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর এলাকা নিয়ে ছিল মুক্তিবাহিনীর মানকারচর সাব-সেক্টর। এ সাব-সেক্টরের অধিনায়ক ছিলেন এম হামিদুল্লাহ খান। মানকারচর ছিল ১১ নম্বর সেক্টরের অধীন। তবে কয়েক মাস (জুন থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত) এটি জেড ফোর্সের নিয়ন্ত্রণে ছিল।রৌমারীতে পাকিস্তান সেনাবাহিনী কখনোই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এম হামিদুল্লাহ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সুসংহতভাবে এ এলাকায় অবস্থান নিয়েছিলেন। এ এলাকায় বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে চিলমারীর যুদ্ধ অন্যতম। এ যুদ্ধ সংঘটিত হয় অক্টোবর মাসের মাঝামাঝি। এর ঘটনা শোনা যাক তাঁর বয়ানে।‘নরম্যান্ডি ল্যান্ডিংয়ের বিশালতার সঙ্গে চিলমারী ল্যান্ডিংয়ের তুলনা করাটা বালখিল্য বিবেচিত হতে পারে। তবু অনেক সমরবিদের মতে, চিলমারী ল্যান্ডিংয়ের অপারেশাল হ্যাজার্ড বেশি ঝুঁকিপূর্ণ এবং সামরিক বিবেচনায় একটি অকল্পনীয় অভিযান ছিল।অক্টোবরের প্রথম সপ্তাহে চিলমারী আক্রমণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত হয় আক্রমণে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ৩৫ ভাগ নেওয়া হবে ভারতে প্রশিক্ষণ নেওয়াদের মধ্য থেকে। ৪০ ভাগ সেক্টরের নিজস্ব ব্যবস্থাপনায় যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের মধ্যে থেকে। বাকি ২৫ ভাগ স্থানীয় মুক্তিযোদ্ধা, যাঁরা নিজ উদ্যোগে অস্ত্র সংগ্রহ করে প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের সঙ্গে থাকবে নিয়মিত মুক্তিবাহিনীর একটি প্লাটুন।নির্ধারিত দিন ভোর চারটায় ২৬ মিমি সংকেত পিস্তলের মাধ্যমে আমি আকাশের দিকে গুলি করে যুদ্ধ শুরুর যুগপৎ সংকেত দিই। মুহূর্তেই প্রলয় কাণ্ড ঘটে। গোলাগুলিতে সমগ্র চিলমারীর আকাশ রক্তিম হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। চারদিকে নারী-পুরুষের ক্রন্দন রোল পড়ে। ট্রেঞ্চে এবং বাংকারে শত্রুবাহিনী এবং তাদের দোসরদের বিরুদ্ধে একযোগে গোলাগুলি চলে।এ সময় আমি রিইনফোর্সমেন্ট এবং গাইডসহ এক স্থান থেকে আরেক স্থান পর্যবেক্ষণের কাজে বেরিয়ে পড়ি। কাভারের আড়াল থেকে যুদ্ধ করার চেয়ে এ রকম মুভমেন্টে বিপদের আশঙ্কা বেশি। আমার জীবনে এমন উত্তেজনাকর, উন্মাদনাপূর্ণ, বিশৃঙ্খলা এবং অনিশ্চিত পরিস্থিতি এর আগে কখনো আসেনি। এ অবস্থায় সম্পূর্ণ স্থিরচিত্ত থেকে নির্লিপ্তভাবে সহযোদ্ধাদের মনের সাহস বাড়িয়ে তুলতে অগ্রসর হতে হবে এটাই স্মরণে রেখেছি।সকাল ছয়টার আগেই পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী ইপিসিএএফ ও রাজাকাররা অস্ত্রসহ আত্মসমর্পণ শুরু করে। পাকিস্তানিদের একমাত্র ওয়াপদা ঘাঁটি ছাড়া সব ঘাঁটির পতন হয় ছয়টার মধ্যেই। চিলমারীর বেশির ভাগ এলাকা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে।’এম হামিদুল্লাহ খান চাকরি করতেন পাকিস্তান বিমানবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন ঢাকায়। তখন তাঁর পদবি ছিল স্কোয়াড্রন লিডার। মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে ঢাকা থেকে পালিয়ে ভারতে গিয়ে যুদ্ধে যোগ দেন। পরে তাঁকে মানকারচর সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১৫ নভেম্বরের পর থেকে ১১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্থলযুদ্ধের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এম হামিদুল্লাহ খান অত্যন্ত বিচক্ষণতা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবিলা করেন। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা অ্যাম্বুশ, রেইড, ডিমোলিশন, আকস্মিক আক্রমণসহ নানা ধরনের অপারেশন করে পাকিস্তান সেনাবাহিনীকে বিপর্যস্ত করতে সক্ষম হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য এম হামিদুল্লাহ খানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২৮০।এম হামিদুল্লাহ খান স্বাধীনতার পর বাংলাদেশ বিমানবাহিনী থেকে উইং কমান্ডার হিসেবে অবসর নেন। পরে রাজনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালের ৩০ ডিসেম্বর মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল গ্রামে। তবে বাস করতেন ঢাকায় (বাসা ১৫/১, সড়ক ৩, ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা)। তাঁর বাবার নাম দবির উদ্দীন খান, মা জসিমুন নেছা। স্ত্রী রাবেয়া সুলতানা খান। তাঁদের তিন ছেলে। এক ছেলে কয়েক বছর আগে মারা গেছে।সূত্র: এম হামিদুল্লাহ খান বীর প্রতীকের সাক্ষাৎকার (০১ জুলাই ২০০৫), লেফটেন্যান্ট কর্নেল এস আই এম নূরুন্নবী খান বীর বিক্রম, মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]