৫৫৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোফাজ্জল হোসেন, বীর প্রতীকদুঃসাহসী এক নৌ-মুক্তিযোদ্ধা১৯৭১ সালের ৮ আগস্ট ভারতের হরিণা থেকে মোফাজ্জল হোসেনসহ এক দল নৌ-মুক্তিযোদ্ধা রওনা হন চট্টগ্রামের উদ্দেশে। দীর্ঘ যাত্রাপথে ঘটে অনেক ঘটনা। চট্টগ্রাম শহরের অবস্থা তখন গুমোট ও থমথমে। গেরিলা মুক্তিযোদ্ধাদের অতর্কিত হামলায় চট্টগ্রাম শহরে অবস্থানরত পাকিস্তান সেনাবাহিনী দিশেহারা। একের পর এক গুপ্ত হামলা ঠেকাতে পাকিস্তানিরা শহরের ভেতরে ও বাইরে বিভিন্ন সড়কে বসিয়েছে তল্লাশিকেন্দ্র। সেনারা রাস্তায় চলাচলরত বাঙালির যাঁকেই সন্দেহ হয়, তাঁকে আটকিয়ে তল্লাশি করে। সন্দেহ হলেই গুলি।অনেক চড়াই-উতরাই পেরিয়ে মোফাজ্জল হোসেনসহ নৌ-মুক্তিযোদ্ধারা ১১ আগস্ট চট্টগ্রাম শহরের কাছে নির্দিষ্ট স্থানে পৌঁছেন। তাঁরা আসেন সমুদ্রবন্দরে দুঃসাহসী এক অপারেশন করতে। ১৩ আগস্ট রেডিওর আকাশবাণী কেন্দ্রে পরিবেশিত হয় একটি গান— ‘আমি তোমায় শুনিয়েছিলাম যত গান’। এ গান শোনার পর দলনেতার নির্দেশে তাঁরা সবাই প্রস্তুত হন। পাকিস্তানিদের সতর্ক চোখ এড়িয়ে গোলাবারুদসহ শহর অতিক্রম করে পরদিন কর্নফুলী নদীর তীরে পৌঁছান। এরপর নৌ-মুক্তিযোদ্ধাদের দলনেতা অপেক্ষায় থাকেন আকাশবাণী বেতারকেন্দ্রে আরেকটি গান শোনার জন্য। গানটি সেদিনই বাজার কথা ছিল, কিন্তু তা বাজেনি। ১৫ আগস্ট সকালে গানটি বাজে। ‘আমার পুতুল আজকে যাবে শ্বশুরবাড়ি’। দলনেতা সহযোদ্ধাদের জানান ওই রাতেই হবে অপারেশন।এরপর মোফাজ্জল হোসেনসহ নৌ-মুক্তিযোদ্ধারা চরম উৎকণ্ঠায় সময় কাটান। তাঁদের স্নায়ুচাপ বেড়ে যায়। কারণ, ওই রাতই হয়তো তাঁদের জীবনে শেষ রাত। আগামীকালের সকাল হয়তো কারও জীবনে আর আসবে না। এভাবে ১৫ তারিখের সূর্য বিদায় নেয়। অন্ধকার নেমে আসে নৌ-মুক্তিযোদ্ধাদের গোপন শিবিরে। তাঁরা দ্রুত প্রস্তুত হন।বর্ষণমুখর রাত। গাঢ় অন্ধকার। মোফাজ্জল হোসেনসহ মুক্তিযোদ্ধারা বিভক্ত হয়ে রওনা হন। রাত আনুমানিক একটায় কর্ণফুলী নদীর পানিতে নেমে সাঁতার কেটে দ্রুত এগিয়ে যান লক্ষ্যের দিকে। জাহাজসহ নানা জলযানে মাইন লাগিয়ে আবার ফিরে আসেন। রাত আনুমানিক দুইটা ১৫ মিনিট। হঠাৎ কানফাটা আওয়াজে কেঁপে ওঠে গোটা নগর। একের পর এক বিস্ফোরণ। বন্দরে থাকা পাকিস্তানিরা ছোটাছুটি শুরু করে। কী ঘটেছে তারা কেউ জানে না।মুক্তিযুদ্ধকালে মুক্তিবাহিনীর নৌ-মুক্তিযোদ্ধারা কেন্দ্রীয় পরিকল্পনায় ১৫ আগস্ট চট্টগ্রাম, খুলনাসহ আরও কয়েকটি নৌবন্দরে একযোগে কয়েকটি সফল অপারেশন পরিচালনা করেন। এতে পাকিস্তান সরকারের ভিত কেঁপে ওঠে। বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে হইচই পড়ে। এর সাংকেতিক নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’।মোফাজ্জল হোসেন চাকরি করতেন পাকিস্তান নৌবাহিনীতে। কর্মরত ছিলেন পাকিস্তানে (তখন পশ্চিম পাকিস্তান)। ১৯৭১ সালের জানুয়ারি মাস থেকে ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ভারতে যাওয়ার কিছুদিন পর তিনি মুক্তিবাহিনীর নৌ-দলে অন্তর্ভুক্ত হন।জ্যাকপট অপারেশন করার পর নৌ-মুক্তিযোদ্ধারা বাংলাদেশ থেকে ভারতে ফিরে যান। কিছুদিন পর তাঁরা কয়েকটি দলে বিভক্ত হয়ে আবার বাংলাদেশে রওনা হন। এবার আগের মতো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না। কোনো নির্দিষ্ট এলাকা বা সময় বেঁধে দেওয়া হয়নি।মোফাজ্জল হোসেনসহ ১২ জনের একটি দলও রওনা হয়। অক্টোবর মাসের শেষে তাঁরা ভারতের মেঘালয় থেকে লঞ্চযোগে চিলমারী বন্দরে অপারেশনে রওনা হন। কিন্তু প্রবল স্রোতের কারণে তাঁদের লঞ্চ এগোতে ব্যর্থ হয়ে ফিরে যায়। পরে তাঁরা অন্য স্থানে অপারেশন করেন।মুক্তিযুদ্ধে, বিশেষত নৌ-অভিযানে কৃতিত্বের জন্য মোফাজ্জল হোসেনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২২৬।মোফাজ্জল হোসেন স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট হিসেবে ১৯৮৭ সালে অবসর নেন। ২০০৬ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে। তবে স্থায়ীভাবে বাস করতেন ঢাকায় (ঠিকানা: ৭৭৮ মানিকদী বাজার, ঢাকা সেনানিবাস)। তাঁর বাবার নাম তোফাজ্জল হোসেন, মা জোবেদা বেগম। স্ত্রী কোহিনুর বেগম। তাঁর এক মেয়ে, এক ছেলে।সূত্র: কোহিনুর বেগম এবং মুক্তিযুদ্ধে নৌ-অভিযান, কমান্ডো মো. খলিলুর রহমান। গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]