তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৫৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল আউয়াল সরকার, বীর প্রতীকসাহসী নৌমুক্তিযোদ্ধাসকালে খুলনার জলসীমায় নির্বিঘ্নেই পৌঁছে তিনটি গানবোট। এর দুটি ছিল মুক্তিবাহিনীর। অপরটি ভারতীয় নৌবাহিনীর। মুক্তিবাহিনীর একটি গানবোটে ছিলেন আবদুল আউয়াল সরকার। গানবোটগুলো পথে কোথাও বাধা পায়নি। সেগুলো দ্রুত এগিয়ে যায়।বেলা আনুমানিক ১১টা। এমন সময় আকাশে গর্জন। আকাশে দেখা যায় তিনটি জঙ্গি বিমান। সেগুলো অনেক উঁচু দিয়ে এগিয়ে আসে গানবোট বহরের দিকে। কাছাকাছি এসে উড়ে যায়। পরে বিমানগুলো ঘুরে এসে বোমাবর্ষণ করে মুক্তিবাহিনীর গানবোটে। এতে ঘটে আকস্মিক এক বিপর্যয়। এ ঘটনা ১০ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে।৭ ডিসেম্বর মুক্তিবাহিনীর দুটি গানবোট ‘পদ্মা’ ও ‘পলাশ’ ভারত থেকে নৌপথে যাত্রা শুরু করে বাংলাদেশ অভিমুখে। পলাশ গানবোটে ছিলেন আবদুল আউয়াল সরকার। অভিযান শুরু হয় হলদিয়া নৌঘাঁটি থেকে। পথে মিত্রবাহিনীর দুটি রণতরিও পদ্মা-পলাশের সঙ্গে যোগ দেয়। একটির নাম আইএনএস ‘প্যানভেল’ (গানবোট) ও অপরটি ‘চিত্রাঙ্গদা’ (প্যাট্রল ক্রাফ্ট)।৯ ডিসেম্বর মধ্যরাতে রণতরিগুলো বাংলাদেশের আকরাম পয়েন্টে পৌঁছে। সেখানে রাত যাপনের পর ১০ ডিসেম্বর সকালে মংলায় পৌঁছে। সকাল নয়টায় মংলা থেকে শুরু হয় চূড়ান্ত অভিযান। সামনে থাকে প্যানভেল, মাঝে পলাশ, শেষে পদ্মা। চিত্রাঙ্গদা মংলায় থেকে যায়।রণতরিগুলো যখন খুলনার পাকিস্তানি নৌঘাঁটির কাছাকাছি, তখন আকাশে দেখা যায় ওই তিন জঙ্গি বিমান। শত্রুবিমান মনে করে পদ্মা ও পলাশের নৌমুক্তিযোদ্ধারা বিমানবিধ্বংসী অস্ত্র দিয়ে গোলাগুলি করতে উদ্যত হন। কিন্তু প্যানভেল গানবোট থেকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয় ওগুলো ভারতীয় বিমান।এরপর বিমানগুলো কিছুটা নিচে নেমে দক্ষিণ-পশ্চিমে সাগরের দিকে চলে যায়। ১০-১১ মিনিট পর হঠাৎ ঘুরে এসে বোমাবর্ষণ করে পদ্মার ওপর। পরক্ষণেই পলাশে। যদিও গানবোটগুলো মুক্তি না মিত্রবাহিনীর তা শনাক্তের জন্য ছাদে ১৫ ফুট লম্বা এবং ১০ ফুট চওড়া হলুদ কাপড় বিছানো ছিল। তার পরও এই দুর্ঘটনা ঘটে।ভারতীয় নৌবাহিনীর প্যানভেল গানবোটে বিমানগুলো বোমাবর্ষণ করেনি। সেটি তখন বেশ এগিয়ে ছিল।বোমার আঘাতে মুক্তিবাহিনীর গানবোটে আগুন ধরে যায়। দুই গানবোটে আবদুল আউয়াল সরকারসহ ৫৬ জন নৌযোদ্ধা ছিলেন। বিপদ আন্দাজ করে কেউ কেউ আগেই পানিতে ঝাঁপ দেন। তাঁরা অক্ষত থাকেন। কিন্তু আউয়ালসহ অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত গানবোটেই ছিলেন। যাঁরা গানবোটে ছিলেন তাঁদের কয়েকজন শহীদ এবং বাকি প্রায় সবাই আহত হন।ঘটনাচক্রে আবদুল আউয়াল সরকার তেমন আহত হননি। তিনি গুরুতর আহত দুই-তিনজন সহযোদ্ধাকে নিয়ে পানিতে ঝাঁপ দেন। আহত অন্য নৌমুক্তিযোদ্ধারাও যে যাঁর মতো পানিতে ঝাঁপ দেন। অনেকে সাঁতার কেটে নদীর পাড়ে যান। সেখানে তাঁদের জন্য অপেক্ষা করছিল আরেক বিপদ।নদীতিরে ছিল পাকিস্তানি সেনা বা তাদের সহযোগী রাজাকার। আবদুল আউয়াল সরকার, রুহুল আমিনসহ (বীর শ্রেষ্ঠ) কয়েকজনকে রাজাকাররা আটক করে। রুহুল আমিনকে রাজাকাররা তখনই হত্যা এবং বাকিদের নির্যাতনের পর পাকিস্তানিদের কাছে হস্তান্তর করে। পাকিস্তানিরা তাঁকেসহ অন্যদের জেলে পাঠায়। স্বাধীনতার পর তিনি মুক্তি পান। আবদুল আউয়াল সরকার পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পাকিস্তানের (তখন পশ্চিম পাকিস্তান) করাচিতে। ১৯৭১ সালের ফেব্রুয়ারি থেকে ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান।প্রথমে তিনি ২ নম্বর সেক্টরে স্থল মুক্তিযোদ্ধাদের সক্রিয়ভাবে নানা সহায়তা করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় রেকি করতে এসে তিনি আটক হন। কৌশলে মুক্তি পেয়ে আবার ভারতে যান। পরে তিনি মুক্তিবাহিনীর নৌদলে অন্তর্ভুক্ত হন।মুক্তিযুদ্ধে, বিশেষত অপারেশন হটপ্যান্টস অভিযানের জন্য আবদুল আউয়াল সরকারকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২৭৫।আবদুল আউয়াল সরকার স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট হিসেবে অবসর নেন। ১৯৯৩ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর (সাবেক সদর) উপজেলার শাদগাঁও গ্রামে। তবে স্থায়ীভাবে বাস করতেন ঢাকায় (ঠিকানা ৩৩/১২ পল্লবী, মিরপুর)। তাঁর বাবার নাম আফতাব উদ্দিন সরকার, মা কেলেস্তারা বিবি। স্ত্রী হালিমা খাতুন সিদ্দিক। তাঁদের ছয় মেয়ে, দুই ছেলে।সূত্র: মো. মোশতাক আহমেদ (আবদুল আউয়াল সরকার বীর প্রতীকের ছেলে) এবং মুক্তিযুদ্ধে নৌ-অভিযান, কমান্ডো মো. খলিলুর রহমান। গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]