৫৫৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সালাহউদ্দিন আহমেদ, বীর উত্তমঅনন্য সাহসী এক নৌমুক্তিযোদ্ধাবাংলাদেশের মুক্তিযুদ্ধকালে একাত্তরের মধ্য আগস্টে মুক্তিবাহিনীর নৌমুক্তিযোদ্ধাদের চকিত উদ্ভাস অবাক করেছিল বিশ্ববাসীকে। বিপুলভাবে প্রাণিত করেছিল দেশের মানুষকে। নৌমুক্তিযোদ্ধাদের কীর্তিকথা যে পূর্ণভাবে ফুটে উঠেছে তেমন বলা যায় না। নৌমুক্তিযোদ্ধারা পরেও অসংখ্য অপারেশন করেন। এর মধ্যে অন্যতম পাকিস্তানি শিপিং কোম্পানির জাহাজ ‘এমভি সামি’ (MV Sami) আক্রমণ। এ অপারেশনে অংশ নেন সালাহউদ্দিন আহমেদসহ তিনজন নৌমুক্তিযোদ্ধা। ৪ নভেম্বর সকালে চাঁদপুরে মেঘনা নদীর পাশে ছদ্মবেশে রেকি করছিলেন সালাহউদ্দিন আহমেদ। অক্টোবরের শেষে তিনি ও তাঁর সহযোদ্ধারা চাঁদপুর বন্দর এলাকায় কয়েকটি অপারেশন করেন। ফলে তখন জাহাজ চাঁদপুর বন্দরে না ভিড়ে দূরে বিভিন্ন স্থানে নোঙর করত। সে দিন সালাহউদ্দিন আহমেদ খবর পান এখলাসপুরের কাছে এমভি সামিসহ দুটি জাহাজ নোঙর করে আছে। খবর পেয়ে তিনি গোপন শিবিরে ফিরে যান। দুটি লিমপেট মাইন, একটি স্টেনগানসহ সহযোদ্ধা শাহজাহান কবির (বীর প্রতীক) ও সেলিমউল্লাহ খানকে নিয়ে একটি নৌকাযোগে এখলাসপুরে রওনা হন। গিয়ে তাঁরা জানতে পারেন জাহাজ দুটি সেখানে ভেড়েনি। অদূরে জহিরাবাদ এলাকায় নোঙর করেছে। তবে জাহাজ দুটি সেখানে বেশিক্ষণ অপেক্ষা করবে না।এ খবর পেয়ে সালাহউদ্দিন সহযোদ্ধাদের সঙ্গে আলাপ করে তখনই অর্থাৎ দিনের বেলায়ই অপারেশন করার সিদ্ধান্ত নেন। তাঁরা তাৎক্ষণিক মেঘনা নদীর তীরে থাকা একটি ছইযুক্ত পাল তোলা বড় নৌকায় জোরপূর্বক উঠে পড়েন। মাঝিদের দিকে স্টেনগান তাক করে সাবধান করে দেন, তাঁরা যেন টুঁ শব্দ বা কোনো ছলচাতুরি না করে।এরপর তাঁদের নির্দেশে মাঝিরা জাহাজের দিকে রওনা দেয়। ভাটিপথে পাল তোলা নৌকা দ্রুত এগিয়ে যেতে থাকে। এর মধ্যে একটি জাহাজ গন্তব্যে রওনা দেয়। অপরটি অর্থাৎ এমভি সামিও গন্তব্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। কিন্তু হঠাৎ ইঞ্জিনের সমস্যার কারণে সেটি তখনই যাত্রা শুরু করতে পারেনি।নৌমুক্তিযোদ্ধারা কাছাকাছি গিয়ে দেখেন জাহাজের ডেকে তিন-চারজন পাকিস্তানি সেনা অস্ত্র হাতে পাহারায় নিযুক্ত। বাকিরা গল্পগুজব করছে। তখন আনুমানিক দুপুর একটা। দুঃসাহসী সালাহউদ্দিন আহমেদ আর দেরি না করে শাহজাহান কবিরকে নিয়ে নৌকার পেছন দিয়ে পানিতে নেমে পড়েন। তাঁদের বুকে গামছা দিয়ে বাঁধা লিমপেট মাইন। অপর সহযোদ্ধা সেলিম অস্ত্র হাতে তাঁদের নিরাপত্তার জন্য নৌকায় থাকেন।সালাহউদ্দিন ও শাহজাহান প্রহরারত পাকিস্তানিদের সতর্ক চোখ ফাঁকি দিয়ে জাহাজের কাছে যান। সফলতার সঙ্গেই জাহাজের গায়ে মাইন লাগান। ফেরার সময় পাকিস্তানিরা তাঁদের দেখে ফেলে এবং পরিচয় জানতে চায়। প্রথমে তাঁদের জবাব ও অভিনয়ে পাকিস্তানিরা তেমন সন্দেহ করেনি। কিন্তু ফিনসের সাহায্যে দ্রুত সাঁতার কাটতে দেখে তাদের সন্দেহ ঘনীভূত হয়।এর পরের ঘটনা সে আরেক কাহিনি। কিছুক্ষণের মধ্যেই মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনা, তাদের সহযোগী এবং নাবিক-লস্কররা ছোটাছুটি শুরু করে। জাহাজের সাইরেন বাজতে থাকে। মেঘনা নদীতে তখন অনেক জেলে মাছ ধরছিল। তাঁরা দ্রুত নৌকার পাল তুলে ভাটির দিকে পালিয়ে যায়। নৌকাশূন্য হয়ে পড়ে মেঘনা নদী। ক্ষতিগ্রস্ত এমভি সামি অতল পানির নিচে হারিয়ে যায়। সালাহউদ্দিন আহমেদ চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে সেপাই হিসেবে কর্মরত ছিলেন চট্টগ্রাম সেক্টরের অধীন হালিশহরে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। কয়েকটি প্রতিরোধযুদ্ধে অংশ নিয়ে নিজ গ্রামে যান। এপ্রিল মাসের শেষে ভারতে যান। ভারতের হাতিমারা যুবক্যাম্পে তিনি কিছুদিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তাঁকে মুক্তিবাহিনীর নৌকমান্ডো দলে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখযোগ্য অপারেশন জ্যাকপটসহ এমভি লোরেম, সোবহান, গফুর, লিলি আক্রমণ প্রভৃতি।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সালাহউদ্দিন আহমেদকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৪৭।সালাহউদ্দিন আহমেদ স্বাধীনতার পর বিডিআরে (বর্তমানে বিজিবি) ডিএডি (উপসহকারী পরিচালক) হিসেবে কর্মরত থাকা অবস্থায় ১৯৯৫ সালে মারা যান। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার দাসাদী গ্রামে। উত্তরাধিকারীদের বর্তমান ঠিকানা ৩১ মনেশ্বর রোড, হাজারীবাগ, ঢাকা। তাঁর বাবার নাম সাইদউদ্দিন আহমেদ, মা আলপুমান নেছা। স্ত্রী সালমা আহমেদ। তাঁদের দুই মেয়ে, দুই ছেলে।সূত্র: সালমা আহমেদ, চাঁদপুরে নৌমুক্তিযুদ্ধ, মো. শাহজাহান কবির বীর প্রতীক।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]