কাজটা শুরু হয়েছিল ২০১১ সালে, তবে গত বছর টানা এই কাজ চলেছে। ২০১১ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ের কথা। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে প্রথম আলো কী করতে পারে, কী করবে—এ রকম এক আলোচনায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সম্পাদক মতিউর রহমানকে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তাব দেন। তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেওয়ার পর তাঁরা ধারাবাহিক এ প্রতিবেদনের নাম ঠিক করেন ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’। সংগ্রহ ও গ্রন্থনার দায়িত্ব পড়ে আমার ওপর।প্রথম প্রতিবেদন প্রকাশের তারিখ নির্ধারিত হয় ২৬ মার্চ। প্রতিদিন একজন খেতাব পাওয়া মুক্তিযোদ্ধার বীরত্ব সম্পর্কে প্রতিবেদন ছাপা হবে। প্রথমে একদম অখ্যাত, অর্থাৎ যাঁরা লোকচক্ষুর অন্তরালে, যাঁদের নাম আগে কেউ শোনেনি, তাঁদের বীরত্ব ও খেতাব পাওয়ার কথা আগে প্রকাশিত হবে। আনিস ভাই প্রতিবেদনের ধরন সম্পর্কে আমাকে একটি ধারণা দিলেন। পরেও তিনি নানা পরামর্শ আমাকে দিয়েছেন।আমি দ্রুত খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের তালিকা (সরকারি গেজেট) সংগ্রহ করলাম। এ কাজে আমাকে সহায়তা করেন প্রথম আলোর গবেষণা ও আর্কাইভ উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক (সাবেক সামরিক কর্মকর্তা)। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব নিয়ে একটি বইও লিখেছেন। এ বইটি ছিল আমার প্রাথমিক সূত্র।সরকারি গেজেট দুটি। একটি ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর, দ্বিতীয়টি ২০০৪ সালের ১১ মার্চ প্রকাশিত। প্রথম গেজেটে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের শুধু নাম আছে। কয়েকজন ছাড়া কারও ঠিকানা নেই। দ্বিতীয়টিতে যাঁদের খুঁজে পাওয়া গেছে, তাঁদের ঠিকানা আছে। বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি।গেজেটে সেনাবাহিনী, ইপিআর (এখন বিজিবি), নৌবাহিনী, বিমানবাহিনী, মুজাহিদ, পুলিশ ও গণবাহিনীর যোদ্ধাদের নাম আলাদা থাকলেও অনেক অসংগতি ছিল। সেনাবাহিনীর তালিকায় ইপিআর সদস্যের, ইপিআরের তালিকায় সেনাসদস্যের, এমনকি গণবাহিনীর অনেক মুক্তিযোদ্ধার নামও সেনাবাহিনীর তালিকায় রয়েছে।প্রথম দিকে আমার মনে হয়েছিল, এ প্রতিবেদন গ্রন্থনার কাজ তেমন কঠিন হবে না। সব জেলায় এবং অনেক উপজেলায় আছেন প্রথম আলোর প্রতিনিধি। তাঁদের মাধ্যমে খেতাবধারী মুক্তিযোদ্ধাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও ছবি পাওয়া যাবে। আমি জেলাওয়ারি তালিকা করে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলি। সবাইকে নাম-ঠিকানা দিই।এর মধ্যে হাতের কাছে যাঁদের সম্পর্কে তথ্য ছিল তাঁদের নিয়ে ২৬ মার্চ থেকে প্রতিবেদন প্রকাশ শুরু হয়। ছোট প্রতিবেদন। কিন্তু তাতে সংক্ষেপে একসঙ্গে অনেক তথ্য। খেতাব পাওয়া মুক্তিযোদ্ধার বীরত্বের ঘটনা, ১৯৭১ সালে তাঁর অবস্থান, কীভাবে তিনি যুদ্ধে যোগ দিলেন, স্বাধীনতার পর কী করলেন, পারিবারিকসহ বেঁচে আছেন, না মারা গেছেন ইত্যাদি তথ্য।আমি মনে মনে ভাবি, কয়েক দিন পর থেকে প্রতিনিধিরা তথ্য পাঠাবেন। তাঁর ভিত্তিতে প্রতিদিন একটি করে প্রতিবেদন প্রকাশিত হবে। এভাবে নিয়মিত কাজটি চলতে থাকবে। কিন্তু আমার এ ধারণা ছিল ভুল। প্রতিনিধিরা জানালেন নানা সমস্যার কথা।১. মুক্তিযোদ্ধা অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা কেউ কেউ বীরত্ব ও আত্মত্যাগের গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে স্বীকৃতির অপেক্ষা না করেই সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন।২. শহীদ ও মৃত মুক্তিযোদ্ধার পরিবারের কাছে তাঁরা কোথায় শহীদ হয়েছেন বা যুদ্ধ করেছেন, সে সম্পর্কে তথ্য নেই।৩. জীবিত যাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে, তাঁদের অনেকে কোথায় যুদ্ধ করেছেন, সে কথা বলতে পারলেও বয়স ও স্মৃতিবিভ্রাটের কারণে যুদ্ধের ঘটনা বর্ণনা, সহযোদ্ধা বা দলনেতার নাম বলতে পারছেন না।স্বাধীনতার ৪০ বছর পর মুক্তিযুদ্ধের ঘটনা এবং বীর মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত তথ্যাবলি সংগ্রহ দুরূহ হয়ে পড়ে। কাজটি এগিয়ে নেওয়া ক্রমশ বেশ কষ্টসাধ্য হয়ে পড়ল। সমস্যাগুলো নিয়ে আমি সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকের সঙ্গে কয়েকবার আলাপ করি। তাঁরা বললেন, এ কাজ যেভাবে হোক শেষ করতে হবে।প্রতিনিধিদের মাধ্যমে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত তথ্য ও তাঁরা কোথায় যুদ্ধ করেছেন বা শহীদ হয়েছেন এ তথ্য পাওয়া যেত। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ছাড়া আর কিছু পাওয়া যেত না। তাঁদের বীরত্বের তথ্য নানাভাবে সংগ্রহ করতে হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক বই এবং জীবিত মুক্তিযোদ্ধা যাঁদের স্মৃতি এখনো ভালো তাঁদের মাধ্যমে।এ কাজটি ছিল অত্যন্ত দুরূহ। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে ২০ অক্টোবর পর্যন্ত ৫৪৬ জন মুক্তিযোদ্ধার তথ্য প্রকাশিত হয়েছে। দুরূহ এ কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে প্রথম আলোর প্রতিনিধিসহ কয়েকজনের সহযোগিতায়। তাঁর মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়। তাঁরা হলেন কর্নেল (অব.) এস আই এম নূরুন্নবী খান বীর বিক্রম, মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক, আবদুল হান্নান, জাহিদ রহমান, আবু সাইদ প্রমুখ। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার ব্যাপারে যে সহযোগিতা করেছেন তা অতুলনীয়। তাঁদের সহযোগিতা ছাড়া এ কাজ করা সম্ভব হতো না।