৫৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছেএই ধারাবাহিকের।শাহজাহান সিদ্দিকীবীর বিক্রম ফেরিঘাটে প্রহরায় পাকিস্তানি সেনা আর তাদের সহযোগীরা। পাশেই তাদের ক্যাম্প। নৌ কমান্ডো শাহজাহান সিদ্দিকী ও তাঁর সহযোদ্ধারা পাকিস্তানিদের চোখ ফাঁকি দিয়ে লিমপেট মাইন লাগালেন দুটি ফেরি আর পন্টুনে। তারপর সাঁতার কেটে রওনা হলেন স্রোতের উজানে, নদীর উত্তর দিকে পূর্ব পাড়ে। নৌ কমান্ডোরা ছইওয়ালা নৌকার কাছে যখন পৌঁছালেন, তখন রাত আনুমানিক দুইটা ৪০ মিনিট। এর একটু পর শুরু হলো একের পর এক বিস্ফোরণ। শেষ রাতের নিস্তব্ধতা খানখান করে ফেরিঘাট ও আশপাশের তিন-চার কিলোমিটার এলাকা প্রকম্পিত। নদীর জল ও দুই পাড় কাঁপিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হলো নয়টি লিমপেট মাইন। ফেরিঘাটে প্রহরারত পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের মধ্যে হুড়োহুড়ি আর ছোটাছুটি। এরপর একটানা গোলাগুলি। ১৯৭১ সালের এ ঘটনা, ১৬ আগস্ট শেষ রাতে; তখন অবশ্য ঘড়ির সময় অনুসারে ১৭ আগস্ট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ঘটনাস্থল কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি ফেরিঘাট, মেঘনা নদী। এখন সেখানে নির্মিত হয়েছে সেতু।এই অভিযানে অংশ নেন আটজন নৌকমান্ডো। তাঁদের দলনেতা শাহজাহান সিদ্দিকী। তাঁরা ভারত থেকে এসে আশ্রয় নিয়েছিলেন দাউদকান্দির বন্ধরামপুর গ্রামে। প্রত্যেক কমান্ডোর সঙ্গে একটি করে স্টেনগান, লিমপেট মাইন, ছুরি ও জোড়া ফিনস।নির্ধারিত দিন রেডিওর গানের মাধ্যমে সিগন্যাল পেয়ে শাহজাহান সিদ্দিকী অপারেশনের প্রস্তুতি শুরু করলেন। ১৬ আগস্ট সন্ধ্যায় নৌকমান্ডোরা খেয়েদেয়ে একটি ছইওয়ালা নৌকায় করে রওনা হলেন দাউদকান্দির ফেরিঘাটের উদ্দেশে। দূরত্ব প্রায় আট-নয় কিলোমিটার। চারদিক অন্ধকার। ধানখেতের মধ্য দিয়ে চলছে তাঁদের নৌকা; ধানখেতে পাতা নড়ার শব্দ, মাঝেমধ্যে ঝিঁঝি পোকার ক্ষীণ আওয়াজ; আর কোনো শব্দ নেই। ফেরিঘাট থেকে দেড়-দুই কিলোমিটার দূরত্বে এসে ছইওয়ালা নৌকা রেখে তাঁরা উঠলেন খোলা নৌকায়। ওখান থেকে ফেরিঘাটে পৌঁছাতে তাঁদের সময় লাগে ২০-২৫ মিনিট।১৯৭১ সালে শাহজাহান সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রথমে নিজ এলাকায় যান। পরে ভারতে পাড়ি জমান। মে মাস থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হয়। তিনি পরে আরও কয়েকটি স্থানে সফলতার সঙ্গে অপারেশন করেন। মুক্তিযুদ্ধে সফলতার সঙ্গে দুঃসাহসিক অপারেশন করার জন্য শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম খেতাব পেয়েছেন।শাহজাহান সিদ্দিকীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে। তিনি এখন ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে বসবাস করেন। স্বাধীনতার পর সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে বাংলাদেশ সরকারের সচিব হিসেবে অবসর নেন। বর্তমানে তিনি ডেসকোর চেয়ারম্যান।আলাপকালে শাহজাহান সিদ্দিকী বললেন, দেশ স্বাধীন হয়েছে বলেই আমার মতো অনেকে মন্ত্রী-সচিব হতে পেরেছেন। এটাই স্বাধীনতার সুফল। দেরিতে হলেও যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে। বিচার দ্রুত শেষ করা হলে আমি সবচেয়ে খুশি হতাম।সূত্র: শাহজাহান সিদ্দিকী বীর বিক্রমের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস, সেক্টর ১০। গ্রন্থনা: তারা রহমান[email protected]