তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৬৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল ওয়াহেদ চৌধুরী, বীর উত্তম-বীর বিক্রমদুঃসাহসী যোদ্ধা১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ামাত্র বিদেশ থেকে আবদুল ওয়াহেদ চৌধুরীসহ আটজন বাঙালি নাবিকের যুদ্ধে যোগদান ছিল উল্লেখযোগ্য এক ঘটনা। ফ্রান্সের তুলঁ নৌঘাঁটিতে তাঁরা পাকিস্তানের সদ্য কেনা সাবমেরিনে (ম্যানগ্রো) সাবমেরিনার হিসেবে কর্মরত ছিলেন। ৫৭ জনের মধ্যে ১৩ জন বাঙালি। ১ এপ্রিল তাঁদের ওই সাবমেরিন চালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল।এর মধ্যে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। ২৬ মার্চেই ওয়াহেদ চৌধুরী ও অন্যরা বাংলাদেশের ঘটনা জানতে পারেন। সেদিনই তাঁরা গোপনে পরস্পর কথা বলে একে অপরের মনোভাব জানার চেষ্টা করেন। শেষ পর্যন্ত নয়জন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।এদিকে তাঁদের পাসপোর্ট সাবমেরিনের লকারে ছিল। ওয়াহেদ চৌধুরী সাবমেরিনার বদিউল আলমকে (বীর উত্তম) সঙ্গে নিয়ে কৌশলে তা সংগ্রহ করেন। ২৯ মার্চ তাঁরা সুরক্ষিত তুলঁ নৌঘাঁটি থেকে পালিয়ে জেনেভায় যান। অনেক ঘটনার পর ৮ এপ্রিল নয়জনের মধ্যে আটজন (একজন বিদেশে থেকে যান) ভারতে পৌঁছান।ওয়াহেদ চৌধুরীসহ আটজন বাঙালি নাবিকের অদম্য মনোভাব, মনোবল, একাগ্রতা ও দেশের প্রতি ভালোবাসা দেখে মুক্তিবাহিনীর নৌ উইং অর্থাৎ নৌ কমান্ডো বাহিনী গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নৌবাহিনী গঠিত হয়। তাঁরা আটজন প্রথমে প্রশিক্ষক হিসেবে কাজ করে বাংলাদেশের ভেতরে নৌ অভিযান পরিচালনার জন্য আরও সহযোদ্ধা (সুইসাইডাল স্কোয়াড) তৈরি করেন।প্রশিক্ষণ ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। বিপজ্জনক, স্পর্শকাতর মাইন ও বিস্ফোরকের সঠিক ব্যবহার রপ্ত করতে নৌ মুক্তিযোদ্ধাদের অন্তত তিন বছর সময়ের প্রয়োজন ছিল। তাঁরা দুই মাসের মধ্যে অন্তর্ভুক্তদের নৌ অভিযানের জন্য পারদর্শী করে তোলেন। এ জন্য তাঁরা দৈনিক প্রায় ১৮ ঘণ্টা প্রশিক্ষণ দেন।মধ্য আগস্টে নৌ মুক্তিযোদ্ধাদের চকিত উদ্ভাস বিপুলভাবে প্রাণিত করেছিল এ দেশের মানুষকে। তাঁরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ১৫ আগস্ট একযোগে দেশের বিভিন্ন স্থানে অপারেশন করেন। এ জন্য ৮ আগস্ট ভারতের হরিনা থেকে ওয়াহেদ চৌধুরীর নেতৃত্বে একদল নৌ মুক্তিযোদ্ধা রওনা হন চট্টগ্রামের উদ্দেশে।দীর্ঘ যাত্রাপথে ঘটে অনেক ঘটনা। অনেক চড়াই-উতড়াই পেরিয়ে ওয়াহেদ চৌধুরী সহযোদ্ধাদের নিয়ে ১১ আগস্ট চট্টগ্রাম শহরের কাছে পৌঁছান। ১৩ আগস্ট আকাশবাণী বেতারকেন্দ্রে পরিবেশিত হয় একটি গান। ‘আমি তোমায় শুনিয়েছিলাম যত গান’। এই গান ছিল সংকেত। এটা শুধু দলনেতাই জানতেন। এরপর তাঁর নির্দেশে সবাই প্রস্তুত হন। গোলাবারুদসহ শহর অতিক্রম করে পরদিন তাঁরা কর্ণফুলী নদীর তীরে পৌঁছান।১৪ আগস্ট ওয়াহেদ চৌধুরী অপেক্ষায় থাকেন আরেকটি গান শোনার জন্য। গানটি সেদিনই বাজার কথা ছিল। কিন্তু বাজেনি। পরদিন ১৫ আগস্ট সকালে গানটি বাজে। ‘আমার পুতুল আজকে যাবে শ্বশুরবাড়ী’। তিনি সহযোদ্ধাদের জানান, ওই রাতেই হবে অপারেশন।এরপর ওয়াহেদ চৌধুরীসহ নৌ মুক্তিযোদ্ধারা চরম উৎকণ্ঠায় সময় কাটান। তাঁদের স্নায়ুচাপ বেড়ে যায়। কারণ ওই রাতই হয়তো তাঁদের জীবনের শেষ রাত। আগামীকালের সকাল হয়তো কারও জীবনে আর আসবে না। এভাবে ১৫ তারিখের সূর্য বিদায় নেয়। অন্ধকার নেমে আসে। গোপন শিবিরে নৌ মুক্তিযোদ্ধারা প্রস্তুত হন।বর্ষণমুখর গাঢ় অন্ধকার রাতে ওয়াহেদ চৌধুরী সহযোদ্ধাদের নিয়ে রওনা হন। রাত আনুমানিক একটায় তাঁর সহযোদ্ধারা পানিতে নেমে সাঁতার কেটে দ্রুত এগিয়ে যান লক্ষ্যের দিকে। তিনিসহ কয়েকজন তীরে থাকেন নিরাপত্তায়। রাত আনুমানিক দুইটা ১৫ মিনিট। কানফাটা আওয়াজে কেঁপে ওঠে গোটা নগর। একের পর এক ঘটে বিস্ফোরণ। চট্টগ্রাম বন্দরে থাকা পাকিস্তানিরা ছোটাছুটি শুরু করে। কী ঘটেছে তারা কেউ জানে না।এ অপারেশনের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’। অভিযান সফল হওয়ার পর আবদুল ওয়াহেদ চৌধুরী সহযোদ্ধাদের নিয়ে ভারতে ফিরে যান। এরপর অবশ্য তিনি আর কোনো অপারেশনে অংশ নিতে পারেননি।মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য আবদুল ওয়াহেদ চৌধুরী দুটি খেতাব পেয়েছেন। বীর উত্তম ও বীর বিক্রম। ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৫৫ ও ১৩৩।আবদুল ওয়াহেদ চৌধুরী স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। কমোডর হিসেবে ১৯৯৯৭ সালে অবসর নেন। তাঁর পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে। তবে স্থায়ীভাবে বাস করেন ঢাকায়। তাঁর বাবার নাম সামসুল হুদা চৌধুরী, মা বুল-এ-আনার বেগম। স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী। তাঁর এক মেয়ে, এক ছেলে।সূত্র: মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং মুক্তিযুদ্ধে নৌ অভিযান, কমান্ডো মো. খলিলুর রহমান। গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]