৫৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সামসুল হক, বীর প্রতীকউড়ে গেল বিদ্যুৎকেন্দ্রবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুচ্চমকের মতো এক ঝলক আলো দেখা গেল। তারপর প্রচণ্ড এক বিস্ফোরণ। একটু পর আরও কয়েকটি। কেঁপে উঠল গোটা এলাকা। বিস্ফোরণস্থলে কালো ধোঁয়া আর আগুন। বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেল। ঢাকা শহরের একাংশ অন্ধকার।এ ঘটনা ১৯৭১ সালের। ৪ নভেম্বর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে। বিস্ফোরণের শব্দ, আগুন আর কালো ধোঁয়া দেখে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা একেবারে হতবাক। জীবনের দায়ে সেখানে থাকা বাঙালিরাও হকচকিত। ছোটাছুটি করে পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গুলি করতে থাকল। লক্ষ্যহীন সেই গুলি বর্ষণ। কাকে গুলি করছে, সেটা তারা নিজেরাও জানে না। এসব ঘটল কয়েক মিনিটের মধ্যে।বিদ্যুৎকেন্দ্রের চারদিকে পাকিস্তানি সেনাদের সতর্ক প্রহরা। মূল ফটকে সার্বক্ষণিক বেশ কয়েকজন পাকিস্তানি সেনা, রাজাকার আর কেন্দ্রের নিজস্ব প্রহরী। ভেতরে ঢোকার সময় সব বাঙালিকেই করা হয় তল্লাশি। এর মধ্যেই সামসুল হক ফিটার শুরু করলেন তাঁর গোপন মিশন—ভেতরে বিস্ফোরক উপাদান অর্থাৎ পিকে, ফিউজ ওয়্যার ও ডেটোনেটর নেওয়ার কাজ। তাঁর ভাইয়ের সহায়তায় সেগুলো তিনি ভেতরে নিলেন কয়েক দিন ধরে।একদিন রাতে সামসুল হক ফিটার ও তাঁর ভাই বিস্ফোরকগুলো স্থাপন করলেন। কিন্তু তাঁদের দুর্ভাগ্য, কোনো কারণে তা বিস্ফোরিত হলো না। কিছুদিন পর তিনি আবার একই কায়দায় নতুন বিস্ফোরক উপাদান কেন্দ্রের ভেতর নিলেন। রাতে তিনি বিস্ফোরক স্থাপন করলেন। এবার তিনি সফল। বিস্ফোরণের পরপরই সামসুল হক ফিটার তাঁর ভাইকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে পাশের একটি গ্রামে আশ্রয় নেন। পরে ভারতে চলে যান।সামসুল হক ছিলেন বিদ্যুৎকেন্দ্রের বয়লার ফিটার। ফিটার পদে চাকরি করতে করতে তাঁর নাম হয়ে যায় সামসুল হক ফিটার। তাঁর ভাই নূরুল হকও সেখানে চাকরি করতেন। তিনি বিদ্যুৎকেন্দ্রের একজন প্রকৌশলীর গাড়ী চালক ছিলেন। মার্চ মাসে তিনি ও তাঁর ভাই ছুটি নিয়ে বাড়িতে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁরা ভারতের মেলাঘরে চলে যান। পরে সেখানে বিস্ফোরক বিষয়ে প্রশিক্ষণ নিতে থাকেন। এ সময় পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ সরকারি ও আধা সরকারি চাকরিজীবী, যাঁরা কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। সামসুল হক ফিটার এ সুযোগ কাজে লাগিয়ে ভাই নূরুল হককে সঙ্গে নিয়ে চাকরিতে যোগ দেন। তাঁরা দুজনই মুক্তিবাহিনীর ২নং সেক্টরের গেরিলা বাহিনীর গোপন সদস্য ছিলেন। নূরুল হকও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। তারা দুভাই পরে গেরিলা কায়দায় বিভিন্ন স্থানে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা প্রদর্শনের জন্য সামসুল হক ফিটার বীর প্রতীক খেতাব পেয়েছেন।সামসুল হক ফিটারের বাড়ি ফেনীর দাগনভূঁঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে। বর্তমানে তিনি এখানেই বসবাস করছেন। ১৯৮১ সালে চাকরি থেকে অবসর নিয়ে মধ্যপ্রাচ্যে যান। ২০০০ সাল পর্যন্ত তিনি সেখানে চাকরি করেন। তাঁর বাবার নাম আবদুল লতিফ, মা সুফিয়া খাতুন। স্ত্রী আনোয়ারা বেগম। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে।আলাপকালে সামসুল হক ফিটার বললেন, মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য কাজ করেছি। এ জন্য গৌরববোধ করি।সূত্র: সামসুল হক বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের।গ্রন্থনা: তারা রহমান[email protected]