৫৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।একঝাঁক গুলি এসে লাগল তাঁর শরীরেঅন্ধকারে শত্রু পাকিস্তানিদের অবস্থান লক্ষ্য করে আবদুস সোবহান ও তাঁর আরও কয়েকজন সহযোদ্ধা নিক্ষেপ করলেন বেশ কটি হ্যান্ড গ্রেনেড। অন্য সহযোদ্ধারা একযোগে গুলি। হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ও গুলির শব্দে হকচকিত শত্রু। তারপর শত্রুর দিক থেকেও বৃষ্টির মতো পাল্টা গুলি।পাকিস্তানিদের আক্রমণে আবদুস সোবহান ও অন্য মুক্তিযোদ্ধারা বেশ বেকায়দায়ই পড়লেন। স্থানীয় সোর্সের ভুলের কারণে তাঁরা ঢুকে পড়েছেন একেবারে পাকিস্তানিদের নাকের ডগায়। পাল্টা গুলিতে তাঁরা অনেকে হতাহত হলেন। ব্রাশফায়ারের একঝাঁক গুলি এসে লাগল আবদুস সোবহানের পেট, ঊরু ও হাতের আঙুলে। হাতের একটি আঙুল ও বাঁ পায়ের ঊরুর মাংসপেশি উড়ে গেল। গুরুতর আহত হলেন আবদুস সোবহান। সহযোদ্ধা আরও অনেকে আহত হলেন। রক্তে ভেসে যেতে থাকল জায়গাটা। দেখলেন, গুলিবিদ্ধ তিন সহযোদ্ধা ছটফট করতে করতে মারা গেলেন। তখনো তিনি জ্ঞান হারাননি। ভাবলেন, তাঁর জীবন বুঝি এখানেই শেষ। তিনি যেখানে ছিলেন, সেখানে ছিল হাঁটুপানি। তিনি ক্রমে দুর্বল হয়ে পড়ছেন, এমন সময় এক সহযোদ্ধা তাঁর কাছে এলেন। ওই সহযোদ্ধা তাঁকে টেনে দূরে নিয়ে গেলেন। সেখান থেকে উদ্ধার পার্টি তাঁকে নিয়ে রওনা হলো সীমান্তের দিকে। এই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এর পরের ঘটনা সে আরেক কাহিনি।এ ঘটনা ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধকালের। ৩০-৩১ অক্টোবর মধ্যরাতে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কমলগঞ্জ সীমান্তের ধলই বিওপিতে। এখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর দুর্ভেদ্য একটি ঘাঁটি। ধলই বিওপির চারপাশে ছোট ছোট পাহাড়ি টিলা। চা বাগান। মাঝেমধ্যে ঘন বাঁশবন। নালা-খানাখন্দ। বিওপি-সংলগ্ন চারদিক কাঁটাতারে ঘেরা। ভূমিতে মাইন। শত্রুর অবস্থান বিভিন্ন স্থানে গোপন বাংকারে। এই বাংকারগুলো এতই মজবুত ছিল যে সেগুলো মিডিয়াম কামানের গোলায় ক্ষতিগ্রস্ত হবে না।কয়েক দিন আগে (২৮ অক্টোবর) মুক্তিযোদ্ধাদের একটি বড় দল সেখানে আক্রমণ করেছিল। সে আক্রমণ ব্যর্থতায় পর্যবসিত হয়। সেদিন তাঁদের বেশ কয়েকজন সহযোদ্ধা শহীদ ও আহত হন। ধলই বিওপিতে কয়েক দিন যুদ্ধ চলে এবং শেষ পর্যন্ত ৩ নভেম্বর ধলই এলাকা মুক্ত হয়।আবদুস সোবহান ১৯৭১ সালে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তাঁদের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁরা আক্রান্ত হন। তখন সেনানিবাস থেকে বেরিয়ে তাঁরা চৌগাছায় সমবেত হয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ধলই বিওপি ছাড়াও আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেছেন।মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের জন্য আবদুস সোবহান বীর প্রতীক খেতাব পেয়েছেন। আবদুস সোবহানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলোহনিয়া গ্রামে। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম কালু মিয়া। মা ফজরন নেছা। স্ত্রী আনোয়ারা বেগম। তাঁদের তিন ছেলে, এক মেয়ে। মেজো ছেলে ২০০৯ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।আলাপকালে আবদুস সোবহান বললেন, মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো চোখের সামনে ভাসে। অনেক ঘটনা মনে পড়ে। তাঁর প্রত্যাশা, দ্রব্যমূল্য সহনশীল এবং আইনশৃঙ্খলা ভালো থাকুক। সূত্র: আবদুস সোবহান বীর প্রতীকের সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি এম মনিরুল ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]