তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সৈয়দ খান, বীর প্রতীকএকসঙ্গে গর্জে উঠল সব অস্ত্রকুড়িগ্রাম জেলার তিস্তা নদী, তার ওপরে রেল সেতু। ১৯৭১ সালের ২৮ মার্চ থেকে ওই সেতুর ওপর ওত পেতে বসে আছেন সৈয়দ খানসহ একদল বাঙালি প্রতিরোধযোদ্ধা। তাঁরা বসে আছেন শত্রু পাকিস্তানি সেনাদের অপেক্ষায়। বিস্ময়কর হলো, সৈয়দ খান বাঙালি নন, অবাঙালি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ এক ব্যতিক্রমী ঘটনা। তারপর সেখানে আরও কয়েকটি দিন কেটে গেল। ১ এপ্রিল। আনুমানিক বেলা ১১টা—এমন সময় দূরে দেখা গেল একদল পাকিস্তানি সেনা। আসছে রংপুরের দিক থেকে। তারা কেউ বুঝতেই পারেনি, সেতুতে কেউ ওত পেতে আছে। তারা প্রতিরোধ যোদ্ধাদের গুলির আওতার মধ্যে আসামাত্র একসঙ্গে গর্জে উঠল সব অস্ত্র। পাকিস্তানি সেনাদের সামনে ছিল তাদের এক মেজর এবং এক বাঙালি পুলিশ কর্মকর্তা। তারা প্রতিরোধের কোনো সুযোগই পেল না। মেজর ও বাঙালি পুলিশ কর্মকর্তাসহ চার-পাঁচজন সঙ্গে সঙ্গে নিহত হলো। অনেকে আহত। তারপর শুরু হলো ভয়াবহ যুদ্ধ। সৈয়দ খানসহ অন্য বাঙালি যোদ্ধারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানিদের সেখান থেকে তাড়িয়ে দিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ দেশে বসবাসকারী অবাঙালিরা (বিহারী) ছিল পাকিস্তানিদের পক্ষে। তারা বেশির ভাগ পাকিস্তানিদের সক্রিয় সহযোগী হিসেবে কাজ করে। ব্যতিক্রমও ঘটেছে। কিছু অবাঙালি (তাদের সংখ্যা হাতেগোনা) বাঙালিদের পক্ষে ছিল। সৈয়দ খান তাঁদের মধ্যে একজন। তিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে লড়াই করেছেন। তিনি ইপিআরে ছিলেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন কুড়িগ্রামের চিলমারীতে। কুড়িগ্রাম তখন রংপুর জেলার একটি মহকুমা। চিলমারী বিওপির বাঙালি ইপিআর সদস্যদের সঙ্গে তিনিও মুক্তিযুদ্ধে যোগ দেন। সৈয়দ খান পরে মুক্তিবাহিনীর একজন যোদ্ধা হিসেবে ৬ নং সেক্টরের সাহেবগঞ্জ সাব সেক্টরের বিভিন্ন স্থানে পাকিস্তানিদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। দুটি যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। প্রথম গেজেটে অবশ্য তাঁর নাম ভুল করে সাইয়েদ আলী লেখা হয়। ২০০৪ সালের গেজেটে তা সংশোধন করা হয়েছে। সৈয়দ খান এখন বসবাস করেন রাজশাহী জেলা শহরে ভাগনে মো. মর্তুজার বাড়িতে। ২০০৮ সালে তাঁকে সরকারি উদ্যোগে রাজশাহীর পবা উপজেলার আলীগঞ্জ আদর্শ পল্লিতে আড়াই কাঠার জমির উপর এক কক্ষের একটি বাড়ি করে দেওয়া হয়। কিন্তু বাড়িটি ব্যবহার উপযোগী না হওয়ায় তিনি সেখানে থাকেন না। তাঁর বাবার নাম আহমেদ সরদার। মা মজিদন নেছা। স্বাধীনতার পর তিনি তাঁর স্ত্রী, সন্তানসন্ততিদের খুঁজে পাননি। তাঁরা দিনাজপুর জেলার পীরগঞ্জে ছিলেন। তাঁর ধারণা তারা মুক্তিযুদ্ধের সময় নিহত হয়েছেন। পরে তিনি আবার বিয়ে করেন। স্ত্রীর নাম খাইরুন নেছা। তাঁর দুই ছেলে, দুই মেয়ে। তারা এখন বাংলাদেশে বসবাস করেন না। ভারতের বিহার রাজ্যে সৈয়দ খানের পৈতৃক ভিটায় বসবাস করেন।সূত্র: প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি আবুল কালাম মুহম্মদ আজাদের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬।গ্রন্থনা: তারা রহমান[email protected]